তবু এগিয়ে যেতে হবে...

এসএসসি পরীক্ষার সময় তার ওপর হামলা হয়েছিল। ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। এরপরও পরীক্ষা দেওয়া বন্ধ করেনি সে। হাসপাতাল থেকে কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়েছে। এ রকম প্রতিকূল পরিবেশের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়েছে, পাস করেছে সে। পেয়েছে জিপিএ ৪ দশমিক ৫৬।
এই অকুতোভয় ছাত্রীর নাম মাহমুদা আক্তার। সে লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে। হারাটি দ্বিমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় সে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নানা অজুহাতে মাহমুদার বাবা-মাকে অপমান ও লাঞ্ছিত করত তাঁদের স্বজনেরা। বড় ভাই না থাকায় সে এসব অন্যায় আচরণের প্রতিবাদ করত। প্রতিবাদী হওয়ায় লেখাপড়া না করিয়ে বাল্যবিবাহ দিয়ে তাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য তার মা-বাবাকে চাপ দিয়েছে তার চাচারা। গত ১৫ মার্চ বড়দের মধ্যে ঝগড়া চলাকালে কথা বলায় চাচা ও চাচাতো ভাইয়েরা বাবা-মায়ের সামনেই তাকে বেধড়ক মারধর করেন। আহত হওয়ায় ১৫ মার্চ থেকে গত ২ এপ্রিল পর্যন্ত লালমনিরহাট সদর হাসপাতালে তাকে চিকিৎসাধীন থাকতে হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা আক্তারকে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে চারটি পরীক্ষায় অংশ নিতে হয়েছে। পরীক্ষাগুলো হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা ও শারীরিক শিক্ষা। এ ছাড়া পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, কৃষি শিক্ষা ও শারীরিক শিক্ষা বিষয়ের ব্যবহারিক পরীক্ষাও মাহমুদা আক্তার হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় দিয়েছে।
মাহমুদার বাবা মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওরা পরীক্ষার সময় এভাবে মেয়েটাকে মেরেছে। মেয়েটা হাসপাতালে থেকে পরীক্ষা দিল বলেই জিপিএ-৫ পাইল না। সবাই বলত, মাহমুদা জিপিএ-৫ পাবেই। আমি ওদের বিরুদ্ধে মামলা করেছি। ওরা আদালত থেকে জামিন নিয়ে আমাদের হুমকি-ধমকি দিচ্ছে।’
মাহমুদা আক্তার বলে, ‘ওরা আমাকে পরীক্ষার সময় মারল, তারপরও আমি পরীক্ষা দিলাম। আমি যে জিপিএ-৫ পাব না, তা কখনো ভাবি নাই। যা হোক আমি এইচএসসি পরীক্ষায় আরও ভালো করতে চাই। আমি প্রকৌশলী হতে চাই, যদি তা না পারি, তাহলে আইন বিষয়ে উচ্চশিক্ষা নিয়ে বিচার প্রশাসনে যোগ দিতে চাই, যাতে আমার মতো নির্যাতিত নারী ও শিশুদের ন্যায়বিচার পেতে সাহায্য করতে পারি।