বাগেরহাটের রামপালে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রাথমিক কাজ শেষ হওয়ার পথে। ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য মাটি ভরাট করার কাজ প্রায় শেষ। ৫৯ শর্তে পরিবেশ অধিদপ্তর থেকে প্রকল্পটির জন্য পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) অনুমোদন দেওয়া হয়েছে।
অক্টোবরের প্রথম সপ্তাহে এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং উপস্থিত থাকবেন বলে আশা করছেন রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকারী বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ।
তবে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি প্রকল্পটিকে সুন্দরবনের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখছে। তারা বলছে, এই প্রকল্প নির্মিত হলে সুন্দরবনের প্রকৃতি ও পরিবেশের ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়বে। দুই দেশের মধ্যে সুন্দরবন ও বেঙ্গল টাইগার রক্ষায় যে চুক্তি হয়েছে, এটা তারও লঙ্ঘন। একই সঙ্গে ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য রক্ষারও পরিপন্থী এটি। এ ব্যাপারে বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক ড. আতিক রহমান প্রথম আলোকে বলেন, সুন্দরবন বিশ্বের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এর প্রতিবেশব্যবস্থা খুবই নাজুক। ফলে এই বনের আশপাশে এ ধরনের বড় পরিসরের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগে দেশের পরিবেশবিদ ও পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ করা উচিত ছিল। এ প্রকল্পের সব ধরনের তথ্য সবার জন্য উন্মুক্ত করা উচিত। এখনো সময় আছে, সরকার এই প্রকল্পের একটি সত্যিকার অর্থে পরিবেশগত মূল্যায়ন করে সঠিক পদক্ষেপ নিতে পারে।
আগের তিন শর্ত লঙ্ঘন: পরিবেশবাদীদের অভিযোগ, রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য ২০১১ সালের ২৯ মে পরিবেশ অধিদপ্তর থেকে অবস্থানগত ছাড়পত্র দেওয়া হয়েছিল। ১৩ শর্তে দেওয়া ওই ছাড়পত্রের কোনো একটি লঙ্ঘিত হলে তা বাতিল হবে, দেওয়া হবে না ইআইএর অনুমোদন ও পরিবেশ ছাড়পত্র। কিন্তু রামপাল বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ তিনটি শর্ত লঙ্ঘন করেছে।
অবস্থানগত ছাড়পত্রের ১৩টি শর্তের মধ্যে ‘চ’ শর্তে বলা ছিল, ইআইএ অনুমোদন না হওয়া পর্যন্ত প্রকল্প এলাকার জলাভূমি ভরাট করা যাবে না। ‘ছ’ নম্বর শর্তে উল্লেখ ছিল, প্রকল্প এলাকায় জলাভূমি ভরাট করতে হলে ইআইএ করে এবং পরিবেশ ছাড়পত্র নিয়ে তারপর ভরাট করতে হবে। ‘ড’ শর্তে ছিল, ওপরের কোনো একটি শর্ত ভঙ্গ করলে অবস্থানগত ছাড়পত্র বাতিল বলে বিবেচিত হবে। তবে ইআইএ অনুমোদনের আগেই বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ প্রকল্প এলাকার ৭০ শতাংশ ভূমি ভরাট করে। এ ক্ষেত্রে ইআইএ করা হয়নি, পরিবেশ ছাড়পত্রও নেওয়া হয়নি।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক গোলাম রব্বানীর কাছে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বাগেরহাটের জেলা প্রশাসন কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা সূত্রে জানা গেছে, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের স্থান হিসেবে সরকার সাপমারী-কাটাখালী ও কৈগর্দাশকাঠি মৌজায় মোট এক হাজার ৮৩৪ একর কৃষি জমি অধিগ্রহণ করে। এর মধ্যে সাপমারী-কাটাখালী মৌজার এক হাজার ৪০০ একর জমির সবটুকু এবং কৈগর্দাশকাঠি মৌজার ৪৩৪ একর কৃষিজমি। এর মধ্যে মইদাড়া নদীসহ মোট ১০টি খাল ওই জমির ভেতর দিয়েই প্রবাহিত হয়ে গেছে। খাস খতিয়ানভুক্ত জমির মোট পরিমাণ প্রায় ৮৪ একর। বাকি সবটুকু জমিই ব্যক্তিমালিকানাধীন।
নতুন ৫৯ শর্ত: বিদ্যুৎকেন্দ্রটি চালু করার আগে পরিবেশ ছাড়পত্র নিতে হবে বলে পরিবেশ অধিদপ্তরের শর্তে উল্লেখ করা আছে। দীর্ঘ দুই বছর নয় মাস ধরে সাত দফা সংশোধন ও পরিমার্জনের পর গত ৫ আগস্ট ৫৯টি শর্তে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রকে পরিবেশ ছাড়পত্র দেওয়া হয়।
নির্মাণকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও ভারতের সরকারি সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে।
ভিত্তিপ্রস্তর স্থাপনের আগে প্রকল্প এলাকার ৪২০ একর এলাকা ভরাট, তিনটি হেলিপ্যাড নির্মাণ, পশুর নদের সঙ্গে সংযোগ সড়ক নির্মাণ ও বিশ্রামকক্ষ নির্মাণের কাজ ৭৫ শতাংশ শেষ করা হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহের আগে বাকি কাজও শেষ হবে বলে আশা করছে বিদ্যুৎ বিভাগ। এই প্রকল্পের মাটি ভরাটের কাজটি করছে বাংলাদেশ সেনাবাহিনী। এ কাজের বাজেট ধরা হয়েছে ১৪৫ কোটি টাকা।
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রথম প্রকল্প পরিচালক এবং বর্তমানে পরামর্শক খন্দকার আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, মাটি ভরাটসহ লক্ষ্যমাত্রা অনুযায়ী ৮০ শতাংশ কাজই শেষ হয়েছে।
২০১১ সালে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের ইআইএর ব্যাপারে মতামত চাওয়া হলে পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিখিত মতামত দেওয়া হয়। পরে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব কনজারভেশন অব নেচার (আইইউসিএন) থেকেও মতামত দেওয়া হয়। প্রতিটি সংস্থাই তাদের মতামতে কমবেশি ইআইএর তথ্যকে অপ্রতুল ও প্রকল্প হলে সুন্দরবনের ক্ষতি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে।
এ ব্যাপারে আইইউসিএন বাংলাদেশের এদেশীয় পরিচালক ইশতিয়াক উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আইইউসিএন থেকে ইআইএর যে কপি দেওয়া হয়েছিল, তা মূল্যায়ন করে দেখা গেছে, সেখানে সুন্দরবন-সংক্রান্ত তথ্য অপ্রতুল ছিল। ওই প্রকল্প রামপালে নির্মিত হলে সুন্দরবনের ওপর এর নেতিবাচক প্রভাব পড়তে পারে উল্লেখ করে তিনি বলেন, সরকারের উচিত হবে প্রকল্পটি সুন্দরবনের কমপক্ষে ২০ কিলোমিটার দূরে নির্মাণ করা।
৫৯ শর্তের আদ্যোপান্ত: ইআইএর ৫৯টি শর্তে মধ্যে এক নম্বর শর্তে বলা হয়েছে, এই অনুমোদন শুধু এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন খুলনা কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য প্রযোজ্য হবে। বিদ্যুৎকেন্দ্রটির সম্প্রসারণের জন্য আবারও নতুন করে ইআইএ করতে হবে। কয়লা এবং প্রযুক্তি ইআইএ অনুযায়ী করতে হবে। কোনো পরিবর্তন করতে হলে তা পরিবেশ অধিদপ্তর থেকে অনুমোদন করিয়ে নিতে হবে।
ইআইএ অনুমোদনের পর ভূমি উন্নয়ন ও অবকাঠামো নির্মাণকাজ শুরু করতে হবে। এই অনুমোদনের পর প্রকল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানি করা যাবে। বিদ্যুৎকেন্দ্র থেকে এমন কোনো পদার্থ নির্গত করা যাবে না, যাতে আশপাশের এলাকার কোনো ক্ষতি হয়। প্রকল্প নির্মাণকালে সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত কোনো ঐতিহ্যবাহী নিদর্শন, প্রতিবেশগতভাবে গুরুত্বপূর্ণ, পরিবেশগত, ধর্মীয় ও প্রত্নতাত্ত্বিকভাবে সংবেদনশীল এলাকা থাকলে তা সংরক্ষণ করতে হবে।
৫৮ নম্বর শর্তে বলা হয়েছে, ২৭৫ মিটার উচ্চতার চিমনি, বর্জ্য পরিশোধন যন্ত্র, বর্জ্য পানি পরিশোধন যন্ত্র, ছাই রাখার পুকুর খনন, পানির লবণাক্ততা দূর করার যন্ত্র, পানি ও তেল আলাদা করার যন্ত্রসহ একটি সর্বাধুনিক কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য যত ধরনের যন্ত্র প্রয়োজন, তার সব কটিই ওই কেন্দ্রে স্থাপনের শর্ত জুড়ে দেওয়া হয়েছে।
বন্য প্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খান প্রথম আলোকে বলেন, যত শর্তই দেওয়া হোক না কেন, বা তা পূরণ হোক না কেন, সুন্দরবনের ১৪ কিলোমিটারের মধ্যে কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমতি দেওয়া ঠিক হবে না। সুন্দরবনের ভারতীয় অংশের ২৫ কিলোমিটারের মধ্যে বিদ্যুৎকেন্দ্র তো দূরে থাক, কোনো ধরনের শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করতে দেওয়া হয় না।