তবু এটি শিশুবান্ধব ইউনিয়ন!
চারদিকে খড়ের বেড়া, ওপরে টিনের চাল। ঘরটিতে নেই কোনো জানালা। শুধু এক পাশে ছোট একটি দরজা। অস্থায়ী এই ঘরটি একটি আঁতুড়ঘর। সাধারণ বসতঘর থেকে একটু আলাদাভাবে তৈরি এই ঘরে জন্ম হওয়া নবজাতক ও মাকে রাখা হয় নয় দিন। ঘরের ভেতরে রয়েছে একটি খড়ের বিছানা। দরজার সামনে আছে এক বাটি গোবর। সম্প্রতি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের নয়াহাটিপাড়ায় গেলে এ দৃশ্য চোখে পড়ে।এ রকম অস্বাস্থ্যকর ও অনিরাপদ স্থানে শিশুর জন্ম হওয়া ও পরবর্তী নয় দিন ধরে রাখার মতো ঘটনা ঘটছে। অথচ জেলা প্রশাসন এই ইউনিয়নকেই সম্প্রতি শিশুবান্ধব ইউনিয়ন বলে ঘোষণা দিয়েছে।সরেজমিনে দেখা গেছে, এ রকম একটি আঁতুড়ঘরেই জন্ম হয়েছে মনির সরকারের। শুধু মনিরই নয়, তার মতো দরিদ্র পরিবারের অনেক নবজাতকেরই জন্ম হয় এমন আঁতুড়ঘরে।স্বাস্থ্যকর্মীরা জানান, এই ইউনিয়নের ১২টি গ্রামের প্রায় ৯৯ ভাগ হিন্দু পরিবারের শিশুর জন্ম হয় এই আঁতুড়ঘরে। এ ঘরে শিশুকে রাখা হয় অনিরাপদ ও অস্বাস্থ্যকর পরিবেশে। এ পরিস্থিতির মধ্যেই ৪ মার্চ ছাতিয়াইন বাজারের পুরাতন ইউনিয়ন মাঠে আয়োজিত মা সমাবেশে হবিগঞ্জের জেলা প্রশাসক মণীন্দ্র কিশোর মজুমদার ছাতিয়াইনকে শিশুবান্ধব ইউনিয়ন বলে ঘোষণা দিয়েছেন। সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন জাহান প্রমুখ।শিশু মনির সরকার এক্তিয়ারপুর গ্রামের রাম প্রসাদ সরকারের ছেলে। মনিরের বয়স এখন ২৩ দিন। মনিরের মা শুভা রানী সরকার প্রথম আলোকে বলেন, সমাজের নিয়ম অনুযায়ী গর্ভবতী মায়েদের বাচ্চা প্রসব হয় আঁতুড়ঘরে। মা ও শিশুকে নয় দিন থাকতে হয় এই ঘরেই। এই দিনগুলোতে ঘরের ভেতরে ধোঁয়া দিয়ে গোবর ও সরিষা ছিটিয়ে রাখা হয়। এ রকম আরেকটি আঁতুড়ঘরে জন্ম নেয় একই বাড়ির শিশু রিয়া রানী সরকারও। মনিরের দাদি বানু রানী সরকার জানান, নবজাতকের জন্ম আঁতুড়ঘরে না হলে ওই পরিবারকে অনেক সমালোচনার মধ্যে পড়তে হয়। শিশুর জন্মের সময় প্রায় প্রতিটি পরিবারেই অস্থায়ী আঁতুড়ঘর তৈরি করা হয়।ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজাতা রানী রায় বলেন, ‘আমাদের পরিবারের শিশুদের জন্ম আঁতুড়ঘরে হয়নি। এ কারণে আমাদের অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে।’ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আলী মুনছুর বলেন, হিন্দু সমাজের রীতি অনুযায়ী গ্রামের ৯৯ ভাগ শিশুর জন্ম হয় আঁতুড়ঘরে। তাদের পরামর্শ দিয়েও কোনো লাভ হয়নি।উপজেলায় মা ও শিশুদের স্বাস্থ্য নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা সীমান্তিকের মা-মণি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সাদিয়া আনসারি বলেন, আঁতুড়ঘরে নবজাতকের জন্ম হলে শিশু ও মায়ের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয় না। ইউনিয়নে এখনো প্রায় ১৫টির মতো অস্থায়ী আঁতুড়ঘর রয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশীষ দেবনাথ বলেন, আঁতুড়ঘর হচ্ছে নবজাতক প্রসবের ঘর। আর এই ঘরটি হতে হবে একটি স্বাস্থ্যকেন্দ্রে। যদি আলাদাভাবে অস্বাস্থ্যকর পরিবেশে আঁতুড়ঘর নির্মাণ করা হয়, তবে এটি কুসংস্কার। আর নবজাতকের ঘরে ধোঁয়া ও গোবর ছিটিয়ে দেওয়া হলে শিশুর শ্বাসকষ্ট ও সংক্রামক রোগ হতে পারে।এ অবস্থায় ইউনিয়নকে শিশুবান্ধব ইউনিয়ন ঘোষণা করার বিষয়ে জেলা প্রশাসক মণীন্দ্র কিশোর মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না। এ ব্যাপারে খোঁজ নিয়ে স্বাস্থ্যসচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’