তবু ওরা হার মানেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারা দুবেলা পেট ভরে খাবার পায়নি। পড়াশোনা করেছে মাটিতে বসে হারিকেনের আলোয়। খরচ জোগাতে কেউ করেছে দিনমজুরি, কেউ প্রাইভেট পড়িয়েছে। তবু হার মানেনি ওরা। ছিনিয়ে এনেছে সাফল্য। এবারের মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে৷

সবুজ চন্দ্র
সবুজ চন্দ্র

দিনমজুরি করত সবুজ চন্দ্র
সবুজ চন্দ্র দেবশর্মা টিফিনের বদলে নলকূপের পানি পান করত। অনাহারে–অর্ধাহারে কেটেছে বহুদিন। এ অবস্থায় সে কৃষিজমিতে দিনমজুরি করেছে। তবে রাত জেগে বিদ্যালয়ের পড়া তৈরিতে আলসেমি করেনি। হারিকেন জ্বালাতে কেরোসিন কেনার টাকা জুটত না। তাই বেশির ভাগ দিনই ভোরে উঠে ঘরের আঙিনায় খোলা জায়গায় বসে পড়ত।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বোলদিয়ারা দেশীয়াপাড়া গ্রামে সবুজদের খড়ের ঘর। পড়ার টেবিল নেইা। তবে পড়াশোনায় সে বরাবরই ভালো। সমাপনী ও জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছে। বন্দিয়ারা উচ্চবিদ্যালয় থেকে সে এবার বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। বাবা নিখিল চন্দ্র দেবশর্মাও দিনমজুরি করতেন। কিন্তু মানসিক ভারসাম্য হারানোর পর তাঁকে আর কেউ কাজ দেন না। মা নির্মলা বালাও দিনমজুরি করেন।

সবুজ বলে, ‘দিনমজুরির টাকা থেকে বাঁচিয়ে আমার নয় শ টাকা জমা হয়েছে। কলেজে ভর্তি ও বই কেনার বাকি টাকা কোথায় পাব, কে দেবেন এত টাকা?’

মিতু খাতুন
মিতু খাতুন

খাবার জুটত না মিতুর
মিতু খাতুনের বাড়ি নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামে। ১১ বছর আগে মিতুর দিনমজুর বাবা আনারুল ইসলাম ক্যানসারে ভুগে মারা যান। তখন সে ছিল গ্রামের ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী। এ পরিস্থিতে তার মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ নেন। বাঁচার তাগিদে মিতুর দাদি নামেন ভিক্ষা করতে। কষ্টেসৃষ্টে চলে ছয় সদস্যের সংসার। এর মধ্যেও একের পর এক সাফল্য ছিনিয়ে আনে মিতু। সমাপনী ও জেএসসিতে জিপিএ-৫ পায়। এবার সে কারিগরি বোর্ডের অধীনে লালপুর পাইলট গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। মিতু স্বপ্ন দেখে প্রকৌশলী হওয়ার।

মিতুর মা লিপি বেগম বলেন, ‘স্বামীর মৃত্যুর পর বাধ্য হয়ে ঝিয়ের কাজ শুরু করি। অভাবের কারণে মেয়েটি বহুদিন সকালে শুধু পানি পান করে স্কুলে গেছে।’

শেখ শক্তিবান
শেখ শক্তিবান

‘শক্তিবানে’র অফুরন্ত শক্তি
শেখ শক্তিবানের মুদিদোকানি বাবা শেখ জয়নাল ২০১১ সালে মারা যান। এরপর তার মা পারভিন আক্তার ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে আয়ার চাকরি নেন। শহরের দক্ষিণ টেপাখোলা মহল্লায় লালের মোড় থেকে বায়তুল আমান সড়কের পূর্ব পাশে পৌরসভার জায়গায় জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মা ও ছেলের বাস। দুই বছর আগে বাড়িতে বিদ্যুৎ ছিল না। তখন রাতে সড়কবাতির আলোয় সে পড়া তৈরি করত। এত প্রতিবন্ধকতার মধ্যেও সে এবার স্থানীয় কমলাপুর উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে। শক্তিবান বলে, সে পরীক্ষার আগে নিয়মিত রাত দুটো পর্যন্ত পড়ত। আবার ভোর ছয়টায় উঠে পড়তে বসত।

তাসমিন আক্তার
তাসমিন আক্তার

প্রাইভেট পড়াত তাসমিন
এ বছর রাজবাড়ীর গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয় থেকে তাসমিন আক্তার বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। প্রাথমিক সমাপনী ও জেএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল সে। বাড়ি গোয়ালন্দ উপজেলার রিয়াজ উদ্দিন পাড়ায়। বাবা ইয়াকুব শেখ দিনমজুর করেন। মা আম্বিয়া বেগম গৃহিণী। তাসমিন বলে, স্কুল ছুটির পর সে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাইভেট পড়াত। রাত জেগে নিজের পড়া তৈরি করত। চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে সে। তবে পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ জোগাড় করতে পারবে কি না, এই ভাবনা তাকে তাড়া করে।

{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন ফরিদপুর অফিস, নাটোর, গোয়ালন্দ (রাজবাড়ী) ও পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি}