তবু গতবারের চেয়ে পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ দফার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলে খুলনা বিভাগে বিএনপির চেয়ে আওয়ামী লীগ এগিয়ে রয়েছে। তবে গতবারের তুলনায় এবার আওয়ামী লীগ পিছিয়ে আছে।
এবার এই বিভাগের ৫৯টি উপজেলার মধ্যে ৩৬টিতে আওয়ামী লীগ-সমর্থিত, বিএনপি-সমর্থিত ১৮ ও জামায়াত-সমর্থিত পাঁচজন চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
২০০৯ সালের নির্বাচনে ৫৯টির মধ্যে ৫০টিতে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থীরা বিজয়ী হয়েছিলেন। আর বিএনপি-সমর্থিত তিনজন চেয়ারম্যান পদে বিজয়ী হন।
এবারের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের ফলাফল ভালো না হলেও তাঁদের সমর্থকদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার অভিযোগ রয়েছে। নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন চারজন। এর মধ্যে খুলনায় একজন, বাগেরহাটে দুজন ও যশোরে একজন নিহত হন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, ‘প্রথম দুই দফায় মোটামুটি ফেয়ার নির্বাচন হওয়ায় বিএনপির প্রার্থীরা জয়ী হচ্ছিলেন।
পরে বিএনপির বিজয় ঠেকাতে আওয়ামী লীগ ভোট ডাকাতি, ব্যালট পেপার ছিনতাই ও সন্ত্রাসী তৎপরতা চালিয়ে নিজেদের প্রার্থীদের বিজয়ী করেছে। আমরা বারবার বলছিলাম, দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা নিরপেক্ষ হবে না। অবশেষে আমাদের আশঙ্কাই সত্য প্রমাণিত হলো।’
আওয়ামী লীগের জেলা সভাপতি শেখ হারুনুর রশিদ বলেন, ‘দলীয় কোন্দল ও অতিরিক্ত আশাবাদী হওয়ার কারণে আমরা হেরেছি। শেষ সময়ে এসে আমাদের কঠোর হতে হয়েছে। তা না হলে নিজেদের সম্মান ধরে রাখা যেত না।’
সহিংসতা: গত ২৩ মার্চ চতুর্থ ধাপের নির্বাচনে খুলনার রূপসা উপজেলায় ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় গুলিবিদ্ধ হন জেলা আওয়ামী লীগের সদস্য ও কৃষক লীগের সাধারণ সম্পাদক ফ ম সালাম শিকদারসহ অন্তত সাতজন। আর ব্যালট ছিনতাইয়ে বাধা দেওয়ার সময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত দুই পুলিশ সদস্যও গুলিবিদ্ধ হন।
উপজেলার সামন্তসেনা দারুল সুন্নাহ মাদ্রাসা কেন্দ্রে বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত অপর ছয়জন হলেন উপজেলার নৈহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি সেলিম পাটোয়ারী, ইকবাল জোদ্দার, আলম জোদ্দার, আকরাম শেখ, নার্গিস জোদ্দার ও চন্দন। সেলিম, সালাম ও ইকবালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ২৯ মার্চ ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় সেলিম পাটোয়ারী মারা যান।
১৬ মার্চ বাগেরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় ছাত্রশিবিরের কর্মী মাঞ্জারুল ইসলাম নিহত হন। জেলার পাঁচটি উপজেলায় বিক্ষিপ্ত ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ।
২৮ ফেব্রুয়ারি যশোরের চৌগাছা উপজেলার দেবীপুর গ্রামে নির্বাচনী সহিংসতায় আহত হন আওয়ামী লীগের কর্মী ফজলুর রহমান (৫০)। ফজলু চিকিৎসাধীন অবস্থায় ১ মার্চ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
বাগেরহাটের ফকিরহাটে ২৮ ফেব্রুয়ারি নির্বাচন চলাকালে সংঘর্ষে আহত এক ব্যক্তি পরে মারা যান।