বন্যায় পাকা আউশ ধানের পাশাপাশি আমনের বীজতলাও নষ্ট হয়ে গেছে আবু জাফরের (৪৫)। এরপরও দমে যাননি তিনি। বসে থাকলে সামনের দিনগুলোয় না খেয়ে থাকতে হবে। তাই নতুন করে বীজতলা তৈরির কাজ করছেন।
আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর এলাকার চাষি আবু জাফরের মতো অনেক চাষি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। উপজেলার নয়টি ইউনিয়নের চাষিরা এখন আমন ও আগাম সবজির আবাদ করছেন। চলছে জমি তৈরির কাজ।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, আনোয়ারা উপজেলার বরুমচড়া, বারখাইন, জুঁইদণ্ডী, হাইলধর, পরৈকোড়াসহ নয় ইউনিয়নের ৬০টির বেশি গ্রামের ফসল বন্যায় নষ্ট হয়ে গেছে। এসব গ্রামে পাকা আউশ ধানের পাশাপাশি নষ্ট হয়েছে আমনের বীজতলা। তবে এখন গ্রামগুলোয় পুরোদমে শুরু হয়েছে চাষের কাজ। রবিশস্যের আগাম চাষাবাদও শুরু হয়েছে। সব মিলিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছেন চাষিরা।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলায় ৬০০ হেক্টর আউশ খেত পানিতে ডুবে গেছে। এর মধ্যে ২১০ হেক্টরের ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে। এর পাশাপাশি নষ্ট হয়েছে ২০০ হেক্টর আমনের বীজতলা।
সম্প্রতি উপজেলার জঁুইদণ্ডী ইউনিয়নের শঙ্খ নদের পাড়ে বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা গেছে, চাষিরা বাঁধের ধারে জমিতে বেগুনের চারা লাগাচ্ছেন। পাশেই একটি জমিতে বীজতলা তৈরি হচ্ছিল। আগাম বেগুন উৎপাদন করতে পারলে ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারবেন বলে জানান চাষিরা।
চাষি আবদুর রহিম (৪২) বলেন, ‘শুধু বেড়িবাঁধেই নয়, বেড়িবাঁধের পাশের জমিগুলোতেও আমরা সবজির আবাদ করেছি। সবজি বিক্রি হলে লোকসান কিছুটা হলেও কমবে।’
আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা একরাম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘নতুন করে আবাদ শুরু করেছেন চাষিরা। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে চেষ্টা চালাচ্ছেন তাঁরা। আমরাও নানান পরামর্শ দিয়ে তাঁদের উৎসাহিত করছি।’
আনোয়ারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, আনোয়ারায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষকদের সহায়তার জন্য কৃষি মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।