
সুঠাম দেহের অধিকারী শ্যামল চাকমার কোমরের নিচ থেকে দুই পা অবশ। প্রায় রাতে ঘুমাতে পারেন না যন্ত্রণায়। চলাচলে হুইলচেয়ারই ভরসা। বেশিক্ষণ বসতেও পারেন না। দাঁতে দাঁত চেপে সহ্য করেন ব্যথা-বেদনা। তবু ঘুরে দাঁড়াতে হবে, এমন সংকল্প নিয়ে শিখছেন কম্পিউটার।
২০০৪ সালের ২৪ এপ্রিল সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন শ্যামল। দশম শ্রেণিতে পড়তেন তখন। সন্ত্রাসীরা বিবদমান পক্ষের লোক মনে করে ভুল করে গুলি করে তাঁকে। সহিংস রাজনীতির মাশুল গুনছেন ৩২ বছর বয়সী এই তরুণ। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদর থেকে ১১ কিলোমিটার উত্তরে বাঘাইছড়িমুখ এলাকায় কনসার্ন সার্ভিসেস ফর ডিজঅ্যাবলড (সিএসডি) নামে প্রতিবন্ধী পুনর্বাসনকেন্দ্রে স্থান হয়েছে তাঁর। এখানে আরও ১৭ জন প্রতিবন্ধীর সঙ্গে নতুনভাবে বাঁচার সংগ্রাম করছেন তিনি। সম্প্রতি সিএসডি কার্যালয়ে গেলে শ্যামলের কাছ থেকে জানা হয় তাঁর কাহিনি। রাঙামাটির নানিয়ারচর উপজেলার পেরাছড়া গ্রামে জন্ম তাঁর। বাবা ধীরেন্দ্র চাকমা ১৯৯৩ সালের ১৭ নভেম্বর নানিয়ারচর বাজারে গিয়ে আর ফেরেনি। পরে জানতে পারেন, ওই দিন নানিয়ারচরে সাম্প্রদায়িক সংঘাতে তাঁর বাবা মারা যান। তবে বাবার লাশও পাননি তাঁরা। খুব ছোটবেলায় জীবনে এমন ধাক্কা খেয়েছেন। স্বপ্ন দেখতেন লেখাপড়া করে পরিবারের হাল ধরার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না তাঁর। ২০০৪ সালের ২৪ এপ্রিল তখন তিনি দশম শ্রেণির ছাত্র। সাপ্তাহিক হাটবারে সানাবাজারে যাওয়ার জন্য অন্যদের সঙ্গে ঘর থেকে বের হয়েছেন। জঙ্গল পরিবেষ্টিত পাহাড়ি উঁচু–নিচু রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ কয়েকটি গুলি এসে লাগে তাঁর কোমরে। জঙ্গলের পাশেই লুটিয়ে পড়েন শ্যামল। এ সময় সঙ্গে থাকা লোকজন তাঁকে ফেলে পালিয়ে যান। এরপর জঙ্গল থেকে সশস্ত্র লোকজন এসে তাঁকে দেখে অবাক হয়। তাদের বলতে শোনেন, ‘ভুল লোককে গুলি করেছি।’ তখন ওই সশস্ত্র ব্যক্তিরাই তাঁকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়। শ্যামল চাকমা জানান, ঢাকা-চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ছয় বছর চিকিৎসাধীন ছিলেন তিনি। চিকিৎসাধীন থাকা অবস্থায় ধীরে ধীরে তাঁর দুই পা অবশ হয়ে আসে ও শুকিয়ে সরু হয়ে যায়। চিকিৎসার খরচ মেটাতে গিয়ে গ্রামের জমিজমা বিক্রি করে বৃদ্ধা মাও নিঃস্ব হয়েছেন।
২০১৪ সালে সিএসডির পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পেয়েছেন তিনি। এখানে এখন কম্পিউটার শিখছেন। কোমরে ও দুই পায়ে ব্যথার কারণে বেশিক্ষণ বসে ও শুয়েও থাকতে পারেন না। কিন্তু এই শারীরিক কষ্টের চেয়েও আরও বড় একটা যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাঁকে। চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, ‘মায়ের মুখ দেখি না গত দুই বছর।
সর্বশেষ ২০১৩ সালের জানুয়ারি মাসে মায়ের সঙ্গে দেখা হয়েছিল। বাড়িতেও যেতে পারি না। নদীর পথ পেরিয়ে বড় পাহাড় ডিঙিয়ে তারপর বাড়িতে যেতে হবে। যা এখন আমার পক্ষে সম্ভব নয়। মা ইন্দ্রমালা চাকমার বয়স এখন ৭৫ বছর। মায়ের পক্ষেও এখন আমাকে এসে দেখে যাওয়া সম্ভব নয়। জানি না বেঁচে থাকতে আর মায়ের সঙ্গে দেখা হবে কি-না। ভ্রাতৃঘাতী সংঘাত আমার জীবন তছনছ করে দিয়েছে। তবু এখানে কম্পিউটার শিখছি। শেখা শেষ হলে এখানেই প্রশিক্ষক হিসেবে থেকে যাব।’
কেন্দ্রের তত্ত্বাবধায়ক অমল চাকমা বলেন, শ্যামল চাকমার কষ্ট চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। যন্ত্রণায় ঘুমাতে পারেন না, বসতে পারেন না। আবার দাঁড়াতেও পারে না। অন্যান্য প্রতিবন্ধীরা বেড়াতে বের হলেও শ্যামল চাকমা তাঁদের সঙ্গে যেতে পারেন না।
সিএসডির সাধারণ সম্পাদক বিশ্বজিত গুপ্ত বলেন, ‘শ্যামল চাকমা এখানে কম্পিউটার শিখছেন। ১৭ জন আবাসিক প্রতিবন্ধীর সঙ্গে এখানে থাকেন তিনি। ইচ্ছা করলেও মায়ের সঙ্গে দেখা করতে পারছেন না। আমরা তাঁকে বলেছি কম্পিউটার শিখে প্রশিক্ষক হিসেবে এখানে যোগ দিতে।’