তবু ছড়ায় বিকল্প রাস্তা হচ্ছেই

শেষ পর্যন্ত পরিবেশবাদীদের উৎকণ্ঠা উপেক্ষা করে নগরের কেন্দ্রস্থল ভিআইপি সড়ক লাগোয়া চশমাছড়ায় বিকল্প রাস্তা করছে সিলেট সিটি করপোরেশন। গত ২৯ নভেম্বর রাস্তাটির সর্বশেষ ধাপের কাজ শুরু হয়েছে। আগামী জুনে ৩০০ মিটার দৈর্ঘ্যের এ নতুন রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা। প্রায় পাঁচ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, আরিফুল হক চৌধুরী মেয়র থাকাকালে ছড়া বা খাল অবৈধ দখলমুক্ত করার অভিযানের সময় চশমাছড়াটিও দখলমুক্ত হয়েছিল। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ছড়াটির সম্মুখভাগে বক্স ড্রেন নির্মাণ শুরু করলে এ নিয়ে পরিবেশবাদী সংগঠন ও বিশেষজ্ঞরা আপত্তি তোলেন।
তখন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল বলেছিলেন, রাজধানী ঢাকা ‘তিলোত্তমা নগরী’ গড়ার পরিকল্পনায় এভাবে ছড়া-খালে বক্স কালভার্ট নির্মাণ করে শেষে উল্টো ফল হয়েছিল। বছর দশেক পরে সেগুলো আবার ভাঙতে হয়। এ উদাহরণ টেনে তিনি ছড়ায় এমন প্রকল্পকে ‘সর্বনাশা’ বলে অভিহিত করেন।
একইভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান মুশতাক আহমদ ছড়ায় বিকল্প রাস্তা নির্মাণ পরিবেশসম্মত নয় বলে মতামত দিয়েছিলেন। পরিবেশবাদী সংগঠক ও বিশেষজ্ঞদের এ মতামত নিয়ে প্রথম আলোয় একাধিক সচিত্র প্রতিবেদন ছাপা হয়।
জানতে চাইলে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, বিকল্প রাস্তা নির্মাণ জনস্বার্থেই হচ্ছে। ওই ছড়া আগে প্রস্থে ছিল সাত-আট ফুট। বক্স ড্রেন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে ছড়ার প্রস্থ ২০ ফুটে গিয়ে দাঁড়িয়েছে। এতে করে ছড়ার জলপ্রবাহ কোনোভাবে রুদ্ধ হবে না।