তবু তাঁরা 'বিশেষজ্ঞ চিকিৎসক'
ছিলেন যন্ত্রের কারিগর বা রিকশাচালক। তা ছেড়ে খোলেন ওষুধের দোকান। তাঁরাই এখন ‘বিশেষজ্ঞ ডাক্তার’ হিসেবে লোকজনকে চিকিৎসা দিচ্ছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এমন দুজনের খোঁজ মিলেছে।
উপজেলার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছি বাজারে চেম্বার রয়েছে আবদুল হালিমের। তিনি শিশুরোগসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেন। বাড়ি নিমগাছি গ্রামে।
এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পাঁচ-ছয় বছর আগে শ্যালো মেশিনের মেকানিক হিসেবে এলাকায় আবদুল হালিমের নামডাক ছিল। বছর দেড়েক আগে হঠাৎ করেই তিনি নিমগাছি বাজারে ওষুধের দোকান দেন। ধীরে ধীরে লোকজনকে চিকিৎসা দিতে শুরু করেন। একপর্যায়ে বিভিন্ন এলাকায় মাইকযোগে তাঁর চেম্বারে চিকিৎসা নেওয়ার জন্য প্রচার শুরু করেন হালিম। রোগীরাও ভিড় করতে থাকেন তাঁর চেম্বারে। বর্তমানে পুরোদস্তুর চিকিৎসক তিনি।
জানতে চাইলে আবদুল হালিম বলেন, সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে কয়েক বছর প্রশিক্ষণ নিয়ে এখন ডাক্তারি করছেন। এটা দোষের কেন হবে তা তিনি বুঝতে পারছেন না। চিকিৎসকের কোনো সনদ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ওই প্রশিক্ষণের একটি প্রত্যয়নপত্র আছে।
সোনাখাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল বলেন, তিনি কথিত ওই চিকিৎসকের বিষয়ে বিভিন্ন দপ্তরে জানিয়েছেন। এমন ব্যক্তিদের থামানো না গেলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে বলে মন্তব্য করেন তিনি।
উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড এলাকার গালিব মেডিসিন কর্নারে চেম্বার খুলে বসেছেন রফিকুল ইসলাম। বাড়ি উপজেলার ধানগড়া ইউনিয়নের বুলাকিপুর গ্রামে। চিকিৎসাশাস্ত্রের কোনো ডিগ্রি তাঁর নেই। ওষুধের দোকানে তাঁর সাইনবোর্ডে নামের সঙ্গে তা লেখেনওনি। তবে নামের সঙ্গে এমএ ডিগ্রিধারী লাগিয়েছেন তিনি।
গালিব মেডিসিন কর্নারে লাগানো সাইনবোর্ডে লেখা আছে, রফিকুল ইসলাম পুরোনো আমাশয়, গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, বাত-ব্যথা, প্যারালাইসিস, সন্তান ধারণে অক্ষমতাসহ নারীদের বিভিন্ন সমস্যা, যৌনরোগ, চর্মরোগ, অর্শ্ব, পাইলস, অ্যালার্জি, অ্যাজমা, রক্তচাপ, হৃদ্রোগ, কিডনিতে পাথর, মোটা স্বাস্থ্য চিকন ও চিকন স্বাস্থ্য মোটা করা এবং জন্ডিসসহ বিভিন্ন জটিল রোগের সুচিকিৎসা দেন।
তবে এলাকার কয়েকজন বলেন, রফিকুল ইসলাম দীর্ঘদিন রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন। বছরখানেক আগে হঠাৎ ধানগড়া বাজারে ওষুধের দোকান দেন। পরে সেখানে চেম্বার খুলে লোকজনকে চিকিৎসা দেওয়া শুরু করেন রফিকুল। রাতারাতি হয়ে যান ‘বিশেষজ্ঞ চিকিৎসক’।
এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন, এটি প্রশিক্ষণ নিয়ে করা যায়। তাই কিছুদিন প্রশিক্ষণ নিয়ে তিনি চিকিৎসা দিচ্ছেন। কোথায় প্রশিক্ষণ নিয়েছেন জানতে চাইলে রফিকুল প্রতিষ্ঠানের নাম বলেননি। শুধু বলেন, তিনি ঢাকার একটি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়েছেন।
ধানগড়া ইউপির চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম বলেন, কথিত ওই চিকিৎসকের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন।
এলাকাবাসী বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় এমনটি ঘটছে। এতে একদিকে লোকজন প্রতারণার শিকার হচ্ছে, অন্যদিকে ডিগ্রিধারী চিকিৎসকেরা বিড়ম্বনায় পড়েছেন। নাম প্রকাশ না করার শর্তে উপজেলার তিনজন চিকিৎসক বলেন, কথিত ওই চিকিৎসকেরা পুরো চিকিৎসাব্যবস্থাকেই প্রশ্নের সম্মুখীন করেছেন। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
জানতে চাইলে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হক গত শনিবার প্রথম আলোকে বলেন, বিভিন্ন জনের কাছ থেকে এমন কিছু অভিযোগ এসেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রতন চন্দ্র রায় ছুটিতে আছেন। তিনি কর্মস্থলে যোগ দিলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।