তবু থাকছে না বিদ্যুৎ নাকাল ভোলাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ৩০ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ থাকার কথা দ্বিগুণেরও বেশি। অথচ মাস খানেক ধরে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঝড়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের ক্ষতি, ভোলা-বরিশাল ও ভোলা-পটুয়াখালীর ৩৩ কেভি লাইন দুটি বিকল ও বোরহানউদ্দিন উপজেলায় স্থাপিত ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষা-নিরীক্ষা চলায় এ সমস্যা দেখা দিয়েছে।
সরেজমিন দেখা গেছে, তজুমদ্দিনসহ ভোলার চারটি উপজেলা শহরে এক মাস ধরে বিদ্যুৎ সমস্যা চলছে। ভোলা শহরেও এক সপ্তাহের বেশি সময় ধরে একই সমস্যা চলছে। চরফ্যাশন উপজেলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরউদ্দিন চাষি বলেন, এক মাস ধরে দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না। রাতে ১০-১১টার দিকে এসে ঘণ্টা খানেক থেকে আবার চলে যাচ্ছে। এতে ইলেকট্রনিকস সামগ্রী চালানো যাচ্ছে না। ইলেকট্রনিকস সামগ্রীর ব্যবসায় ধস নেমেছে। মুঠোফোন, ল্যাপটপে ঠিকমতো চার্জও দেওয়া যাচ্ছে না।
লালমোহন উপজেলার গজারিয়া বাজারের আনোয়ার পঞ্চায়েত বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহের নামে যাচ্ছেতাই করে যাচ্ছে। এলাকায় দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। অথচ মাস শেষে বিল ঠিকই নিচ্ছে। লালমোহন পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম বলেন, এক মাসে দৈনিক দুই-এক ঘণ্টা বিদ্যুৎ পাওয়া গেছে। তবে এক সপ্তাহ ধরে শহরবাসী কোনো বিদ্যুৎই পাচ্ছে না। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। লাইনে পানিও থাকছে না।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য উপজেলার আবাসিক চিকিৎসা কর্মকর্তারা বলেন, বিদ্যুৎ না থাকায় রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেখানে কোনো জেনারেটরের ব্যবস্থা নেই। আইপিএসও চার্জ করা যাচ্ছে না। ঠিকমতো পানিও পাওয়া যাচ্ছে না।
লালমোহন মঙ্গল শিকদার এলাকার কৃষক ফারুক, চাঁদপুর আড়ালিয়া গ্রামের শাহাবুদ্দিন, বোরহানউদ্দিন হাসান নগরের নজরুল ইসলামসহ কয়েকজন বোরো কৃষক বলেন, বিদ্যুৎ না থাকায় তাঁরা খেতে সেচ দিতে পারছেন না।
লালমোহন লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম বলেন, বিদ্যুৎ না থাকায় তাঁদের পরিষদের তথ্যসেবাকেন্দ্র কয়েক দিন ধরে বন্ধ। মানুষ সেবা না পেয়ে ফিরে যাচ্ছে।
চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ বলেন, এইচএসসি পরীক্ষা চলছে। ১৮ আগস্ট থেকে ডিগ্রি পরীক্ষা শুরু হবে। বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না।
বিদ্যুৎ কার্যালয়গুলোর তথ্য অনুযায়ী, ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে প্রায় ৮০ হাজার গ্রাহক রয়েছেন। পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) অধীনে ভোলা, বোরহানউদ্দিন ও চরফ্যাশন শহরে আরও ৩২ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। এর জন্য ওজোপাডিকোর ১২ ও পল্লী বিদ্যুতের ১৮ মেগাওয়াটসহ মোট ৩০ মেগাওয়াট বিদ্যুৎ দরকার।
ভোলার বেসরকারি রেন্টাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে ৫৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা। এ ছাড়া বরিশাল-ভোলা ও পটুয়াখালী-ভোলা ৩৩ কেভি লাইন দিয়ে আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা। সব মিলিয়ে ৭৪ মেগাওয়াট বিদ্যুতের ব্যবস্থা থাকার পরও ভোলার ৮০ ভাগ গ্রাহক চরম বিদ্যুৎ বিপর্যয়ে রয়েছেন।
ভোলা ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. আলী ও পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপক মো. কেফায়েত উল্যাহ বলেন, ভোলার সড়কপথে বিপুল পরিমাণ গাছ রয়েছে। বেশির ভাগ বিদ্যুৎ লাইন বন-জঙ্গলের মধ্য দিয়ে টানা। তার ওপর চার ভাগের এক ভাগ লাইনের তারে রাবারের মোড়ক নেই। একটু ঝড় হলেই বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এ জন্য বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডাল ছাঁটাইয়ের কাজ চলছে। এ ছাড়া ভোলা-বরিশাল ও ভোলা-পটুয়াখালীর ৩৩ কেভি লাইন দুটি বিকল হয়ে আছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলায় স্থাপিত ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনে যাওয়ার আগে কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। তাই লালমোহন-চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলার বিদ্যুৎ বন্ধ রাখতে হচ্ছে।
মো. আলী আরও বলেন, ভোলার প্রতিটি ফিডারে গ্রাহক ১০ হাজারের ওপরে। একটু বিপর্যয় দেখা দিলে ১০ হাজার গ্রাহকই ভোগান্তিতে পড়েন। এটার উত্তরণ দরকার।