তবু থেমে নেই মোক্তার হোসেন

মোক্তার হোসেন (৫২)। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাতভাইয়াপাড়া গ্রামের বাসিন্দা। স্থানীয় বৈদ্যেরবাজার ফিশারি ঘাটের একজন মাছ বিক্রেতা। এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল তাঁর। সবকিছুই ঠিকঠাক চলছিল তাঁর।
কিন্তু ২০০৪ সালে হঠাৎ মোক্তারের জীবনে নেমে আসে বিপর্যয়। বাঁ পায়ের একটি আঙুলে পচন ধরে তাঁর। এরপর পচন ছড়িয়ে পড়ে। চিকিৎসকের পরামর্শে প্রথমে তাঁর বাঁ পা কেটে ফেলা হয়। দুই বছর পর আবার ডান পায়ের আঙুলে পচন ধরে। ডান পা-ও কেটে ফেলতে হয়। দুই পা হারানোর পরও মোক্তারের মনোবল ভাঙেনি। প্রতিবেশী অনেকেই পরামর্শ দেন, মানুষের কাছ থেকে আর্থিক সহযোগিতা নেওয়ার জন্য। কিন্তু মোক্তার সে কথা কানে তোলেননি। মনের শক্তিতে ছেলেকে সঙ্গে নিয়ে হুইলচেয়ারে বসে পুরোনো পেশা মাছ বিক্রিতে নেমে পড়েন তিনি।
গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, জেলেদের কাছ থেকে কিনে মাছ বিক্রি করছেন মোক্তার হোসেন। অনেকে আগ্রহ নিয়ে মোক্তারের কাছ থেকে মাছ কিনছেন। স্থানীয় মাছ বিক্রেতা কামাল হোসেন বলেন, অন্যান্য ব্যবসায়ীর তুলনায় মোক্তার কম লাভে মাছ বিক্রি করেন। এ কারণে ক্রেতারা তাঁর কাছে গিয়ে ভিড় করেন।
মোক্তার হোসেন বলেন, ‘দুই পা হারানোর পর নতুন করে আমি জীবনযুদ্ধে নেমে পড়েছি। যত দিন বেঁচে থাকব, চালিয়ে যাব। নিজের মনোবল ঠিক থাকলে কারও ওপর নির্ভরশীল না হয়েও ব্যবসা করে বেঁচে থাকা যায়।’
বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুব হোসেন সরকার বলেন, দুই পা হারিয়েও মোক্তারের মনোবল একটুও কমেনি। তিনি কারও সাহায্য নিয়ে বাঁচতে চান না।