তবু পরিতোষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তদন্তে সত্যতা পাওয়ার এক বছরেও যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ বিশ্বাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের অধীন স্থানীয় সরকার বিভাগ৷
পরিতোষ বিশ্বাস প্রথম অলোর অভয়নগর প্রতিনিধি মাসুদ আলমকে হত্যা প্রচেষ্টার মামলারও প্রধান আসামি৷ সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির (সিডিএমপি-২) আওতায় জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমনে ঝুঁকিহ্রাস প্রকল্পের টাকা নয়ছয়ের অভিযোগ নিয়ে মাসুদ আলমের একটি অনুসন্ধানী প্রতিবেদন গত বছরের ২০ মার্চ ছাপা হয়। এতে ক্ষিপ্ত হয়ে পরিতোষ ২৮ মার্চ মাসুদ আলমের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেন৷ সন্ত্রাসীরা মাসুদ আলমের বাঁ হাত ও বাঁ পা ভেঙে দেয়৷ পরে এ ঘটনায় পরিতোষ বিশ্বাসকে প্রধান আসামি করে মাসুদ আলমের বড় ভাই নূর আলম অভয়নগর থানায় একটি মামলা করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন৷
জেলা প্রশাসন সূত্র জানায়, গত বছরের ৪ মে প্রথম আলোয় ‘ইউপি চেয়ারম্যান পরিতোষের দুর্নীতির তদন্ত শুরু’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়৷ স্থানীয় সরকার, যশোরের উপপরিচালক মো. জহুরুল হক পরিতোষের দুর্নীতির অভিযোগ তদন্ত করে গত বছরের ২৯ মে যশোরের জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের (আইআরআরআই) বিনা মূল্যের ধানবীজ পরিতোষ কৃষকদের কাছে বিক্রি করেছেন; স্থানীয় সরকার শক্তিশালীকরণ প্রকল্পের (এলজিএসপি) আওতাধীন দুটি প্রকল্পের কাজ আংশিক করেই তিনি টাকা আত্মসাৎ করেছেন৷ সুন্দলী ইউনিয়নের জন্য বরাদ্দ করা ৮৫ মেট্রিক টন খাদ্যশস্যের বিপরীতে প্রকল্প গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদের সদস্যদের কাছ থেকে টনপ্রতি পাঁচ হাজার টাকা নিয়েছেন। এ ছাড়া, তিনি ১১ জন দুস্থ নারীর চাল আত্মসাৎ এবং তা জানাজানি হওয়ার পর তা বাড়ি বাড়ি গিয়ে ফেরত দিয়েছেন৷ বার্ষিক উন্নয়ন প্রকল্প (এডিপি) এবং এলজিএসপি আওতাধীন বিভিন্ন প্রকল্পে অত্যন্ত নিম্নমানের কাজ করেছেন৷
এরপর পরিতোষ বিশ্বাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে যশোরের জেলা প্রশাসক ১৭ জুন সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে চিঠি দেয়।
জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তদন্তে দুর্নীতি প্রমাণিত হওয়ার পর পরিতোষ বিশ্বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে চিঠি দিয়েছিলাম৷ কিন্তু এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷’