সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সাক্ষীদের সাক্ষ্য দিতে উদ্বুদ্ধ করতে পুলিশ প্রশাসনের মতবিনিময়ের পরও গতকাল বুধবার কোনো সাক্ষী আদালতে যাননি। সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে গতকাল সাক্ষ্য গ্রহণের নির্ধারিত তারিখ ছিল। কিন্তু কোনো সাক্ষী সাক্ষ্য দিতে না আসায় ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান সাক্ষ্য গ্রহণ পিছিয়ে নতুন তারিখ ধার্য করেছেন ১৫ ফেব্রুয়ারি।
গতকালের নির্ধারিত সাক্ষ্য গ্রহণের তারিখকে সামনে রেখে এর দুদিন আগে গত সোমবার হবিগঞ্জের পুলিশ প্রশাসন সাক্ষীদের নিয়ে এক মতবিনিময় সভা করে। এতে ১৭ জন সাক্ষী উপস্থিত ছিলেন। এঁদের অনেকেই সাক্ষ্য দেবেন বলে আশ্বস্ত করেছিলেন।
ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি কিশোর কুমার কর বলেন, আদালতে শুধু জামিনে থাকা দুই আসামি সিলেটের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জি কে গউছ উপস্থিত ছিলেন। হাজতি অন্য আসামি ও কোনো সাক্ষী না আসায় ১৫ ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় প্রাণ হারান শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন। মামলার বিচার ও সাক্ষ্য গ্রহণ কার্যক্রম চলছে সিলেটের বিশেষ ট্রাইব্যুনালে। আলোচিত এ মামলায় ১৭১ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ৪৩ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।