তবু ফুলবানুর আঁধার ঘরে আলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিবন্ধী স্বামী মহরম আলী ও পাঁচ প্রতিবন্ধী সন্তানের সঙ্গে বাজিতপুরের বিলপাড় গজারিয়া গ্রামের ফুলবানু। পেছনে দাঁড়ানো (ডানে) একমাত্র সুস্থ মেয়ে সাফিয়া ষ প্রথম আলো
প্রতিবন্ধী স্বামী মহরম আলী ও পাঁচ প্রতিবন্ধী সন্তানের সঙ্গে বাজিতপুরের বিলপাড় গজারিয়া গ্রামের ফুলবানু। পেছনে দাঁড়ানো (ডানে) একমাত্র সুস্থ মেয়ে সাফিয়া ষ প্রথম আলো

শারীরিক কোনো ত্রুটি নিয়ে জন্ম নেননি মহরম আলী। ১০ বছর বয়সে কোমর থেকে পা পর্যন্ত অবশ হতে থাকে তাঁর। ১১ বছর বয়সে এসে পুরোপুরি চলাফেরার শক্তি হারান। প্রতিবন্ধী জীবনকে মেনে ও মানিয়েও নিয়েছিলেন তিনি। কিন্তু মেনে নিতে পারেননি তাঁরই ভাগ্য বরণ করা পাঁচ সন্তানের শারীরিক প্রতিবন্ধকতা। একই পরিবারের ছয় প্রতিবন্ধী সদস্যের এই সংসার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার পিরিচপুর ইউনিয়নের বিলপাড় গজারিয়া গ্রামের। স্ত্রী ও ছয় সন্তানের সংসারে মহরম আলীর নির্দিষ্ট কোনো আয় নেই। সামান্য কৃষিজমি আর বড় ভাই মো. ইসরাইলের সহযোগিতায় সংসার চলে যাচ্ছে তাঁর। স্ত্রী ফুলবানু ও এক মেয়ে সাফিয়া আছেন প্রতিবন্ধী জীবনের বাইরে। জন্মের সময় ছেলে সুজন মিয়া (১৮), মেয়ে মারজিয়া আক্তার (১৬), জহুরা আক্তার (৮), মুক্তা আক্তার (৬) ও পান্না আক্তারেরও (৫) শারীরিক কোনো সমস্যা ছিল না। চার বছরের পর থেকে সুজন, মারজিয়া, জহুরা ও মুক্তা বাবার মতোই কোমরের নিচ থেকে পা পর্যন্ত অবশ হয়ে হাঁটার শক্তি হারায়। ছোট মেয়ে পান্নারও একই দশা। ফুলবানু ও মহরম আলীর এই সংসারকে আরও বিষাদময় করে তুলেছে অভাব। কিন্তু তাঁদের এই আঁধার ঘরে আলো হয়ে এসেছে তাঁরই প্রতিবন্ধী সন্তানেরা। শত বাধা আর শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে তারা সবাই পড়াশোনা করছে। সুজন ও মারজিয়া এবার এসএসসি পরীক্ষার্থী। আর জহুরা স্থানীয় বিলপাড় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণী ও মুক্তা প্রথম শ্রেণীতে পড়ছে। ভাইবোনের সঙ্গে স্কুলে যাচ্ছে পাঁচ বছরের পান্নাও। স্বাভাবিক জীবনে থাকা সাফিয়া পড়ছে ষষ্ঠ শ্রেণীতে।

গত রোববার বিকেলে মহরম আলীর বিলপাড়ের বাড়িতে গেলে দেখা হয় হুইলচেয়ারে বসা সুজন ও মারজিয়ার সঙ্গে। কুশল বিনিময় করতেই সুজনের কাছ থেকে উত্তর আসে, ‘মুখে বলার কিছু নাই, শরীরগুলোর দিকে তাকান, উত্তর পেয়ে যাবেন।’

সুজন বলে, ‘আমরা কেউ কারও দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না। খারাপ লাগে। কে কাকে সান্ত্বনা দিব।’

স্থানীয় ডুয়াইগাঁও সুলতানপুর উচ্চবিদ্যালয়ে পড়ছে সুজন ও মারজিয়া। তারা বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। পড়াশোনা নিয়ে কথা উঠতেই মারজিয়া জানায়, বিদ্যালয়ের দূরত্ব বাড়ি থেকে পৌনে দুই কিলোমিটার। হুইলচেয়ারে করে বিদ্যালয়ে যেতে হয়। নির্বাচনী পরীক্ষায় সব বিষয়ে ভালোভাবে পাস করেছে তারা। সে জানায়, ধীরে ধীরে হাতের শক্তি কমে যাওয়ায় দুই হাতে কলম ধরে লিখতে হচ্ছে। দুশ্চিন্তা বলতে এটিই।

জহুরা আর মুক্তার হুইলচেয়ার নেই। মা কোলে করে তাদের বিদ্যালয়ে আনা-নেওয়া করেন। ছয় প্রতিবন্ধীর সেবা ফুলবানুকে একাই করতে হয়। স্বামী-সন্তানদের কাপড় পরিয়ে দেওয়া, গোসল করানো থেকে শুরু করে প্রাত্যহিক অনেক কাজই তাঁকে করতে হয়। তবে এই কাজে একমাত্র সুস্থ মেয়ে সাফিয়া তাঁকে সাহায্য করে। ফুলবানু বললেন, ‘অনেক কষ্টের মধ্যেও খুশি থাকি, যখন দেখি আমার লোলা সন্তানরা পড়াশুনা চালাইয়া যাইতাছে।’

 পান্নার বয়স চার পেরিয়ে পাঁচ বছরে পড়েছে। তার শরীরও এখন ধীরে ধীরে অবশ হতে শুরু করেছে। অর্থের অভাবে চিকিৎসা করানো যাচ্ছে না। কান্নাভেজা চোখে মহরম আলী বলেন, ‘চোখের সামনে আমার ছোট মাইয়াডাও কি লোলা হইয়া যাইব?’