
রাজধানীর জলাবদ্ধতা কমাতে নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণ, খাল সংস্কার এবং নর্দমা ও বক্স কালভার্ট পরিষ্কারের কাজে গত দুই অর্থবছরে প্রায় ১৫২ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের তহবিল থেকে ব্যয় হয়েছে প্রায় ১১৯ কোটি টাকা। বাকি প্রায় ৩৩ কোটি টাকা খরচ হয়েছে নিয়মিত রক্ষণাবেক্ষণ ব্যয় হিসেবে। কিন্তু গতকাল রোববার টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকার গুরুত্বপূর্ণ অনেক এলাকা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় গত শনিবার রাত ১২টা থেকে গতকাল দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘণ্টায় ১৪৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এ মাসে প্রচুর বৃষ্টি হলেও তা স্বাভাবিকের চেয়ে অনেক কম বলে জানিয়েছে অধিদপ্তর। চলতি জুলাই মাসে বৃষ্টি হওয়ার কথা এক হাজার ৮৯৬ মিলিমিটার। গতকাল পর্যন্ত হয়েছে এক হাজার ৬ মিলিমিটার, অর্থাৎ ৪৭ শতাংশ কম। মাস শেষ হতে বাকি আছে মাত্র তিন দিন। গত বছরের (২০১২) জুলাই মাসেও বৃষ্টি হওয়ার কথা ছিল এক হাজার ৮৯৬ মিলিমিটার। হয়েছিল এক হাজার ৪৭৯ মিলিমিটার। কম হয়েছে ২২ শতাংশ।
আগের রাতের ভারী বৃষ্টির পর গতকাল ভোরেই পানিতে তলিয়ে যায় শান্তিনগর, রাজারবাগ, গোপীবাগ, তল্লাবাগ, ধানমন্ডি, মিরপুরসহ রাজধানীর অনেক এলাকা। কোনো কোনো এলাকা থেকে সন্ধ্যার পরও পানি নামেনি।
ঢাকা ওয়াসা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্রমতে, সারা বছর তদারকির বাইরে রেখে বর্ষা মৌসুমের আগে আগে নিষ্কাশন লাইন, বক্স কালভার্ট পরিষ্কারের কাজে হাত দেওয়া এবং চারপাশের নদী ও খালগুলো দখল ও দূষণমুক্ত করে সচল না রাখার কারণে প্রতিবছরই নগরবাসীকে জলাবদ্ধতার কবলে পড়তে হচ্ছে।
তবে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আজ (গতকাল) ঢাকায় কোনো জলাবদ্ধতা হয়নি। যেটা হয়েছে তাকে বলে “জলজট”। এই জলজট হওয়াটা অত্যন্ত স্বাভাবিক।’

১৫২ কোটি টাকা খরচ: ঢাকা ওয়াসার ড্রেনেজ বিভাগের সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, জলাবদ্ধতা রোধে ২০১১-১২ অর্থবছরে খরচ হয় ১৮ কোটি টাকা। গত অর্থবছরে ব্যয় হয় ১৫ কোটি টাকা। কিন্তু গত দুই বছরে নিয়মতি অর্থের ৩৩ কোটি টাকা খরচ করে কী সুফল পাওয়া গেছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।অন্যদিকে ‘ঢাকা মহানগরের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প-২’-এর আওতায় ২০১০ সালে ঢাকা ওয়াসাকে সরকার ১৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। এ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ১৩৮ কিলোমিটার পাইপলাইন, কিছু কালভার্ট ও খাল সংস্কার করা হয়েছে। খরচ দেখানো হয়েছে ১১৯ কোটি টাকা। এর মধ্যে ২০১১ সালের মার্চ থেকে নগরের গুলশান, এলিফ্যান্ট রোড, ফকিরেরপুল, মিরপুরসহ কয়েকটি জায়গায় ১৭ কিলোমিটার পাইপলাইন নির্মাণ করে খরচ করা হয় ৪৫ কোটি টাকা। ২০১২ সাল থেকে চলতি বছরের জুন পর্যন্ত উত্তরা ১ ও ৩ নম্বর সেক্টর এবং মিরপুর-২ গ্রামীণ ব্যাংক এলাকা থেকে আগারগাঁও পর্যন্ত এবং নগরের আরও কিছু স্থানে মোট ৯৩ কিলোমিটার পাইপলাইন বসানো হয়। কিন্তু এর অনেক এলাকায়ও গতকাল পানি জমে যায়। রাস্তা ডুবে যায়। চরম দুর্ভোগে পড়ে নগরবাসী।
এই কাজ শেষ হতে না হতেই কেন জলাবদ্ধতা—জানতে চাইলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই টাকা খরচ করায় এখন এক ঘণ্টায় পানি নেমে যাচ্ছে। নইলে ৮-১০ ঘণ্টায়ও নামত না।
দুর্ভোগ: সকালে শান্তিনগর মোড় থেকে চামেলীবাগের রাস্তায় কোমরপানি জমে যায়। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থী, চাকরিজীবী, ক্রেতা-বিক্রেতা সবাইকেই পড়তে হয় চরম ভোগান্তিতে। রাজপথসহ অলিগলিতে সৃষ্টি হয় তীব্র যানজটের। গন্তব্যে বেরিয়ে বিপাকে পড়ে লোকজন। ভাঙা রাস্তায় রিকশা উল্টে নোংরা পানিতে নাকানিচুবানি খেতে হয়েছে অনেককেই। অনেকে আহতও হয়েছেন। পানি সরাতে বিভিন্ন সড়কে ম্যানহোলের ঢাকনা তুলে দেওয়ায় দুর্ঘটনার শিকার হন পথচারীরা।
পুরান ঢাকার কে এম দাস লেন থেকে মৌচাকে একটি কোচিং সেন্টারে যাওয়ার জন্য বেরিয়ে বিপাকে পড়েন শিক্ষার্থী প্রিয়াংকা রায় ও তাঁর বাবা। বাবা অনিরুদ্ধ রায় বলেন, ‘বাসা থেকে বেরিয়েই দেখি রাস্তায় প্রায় আড়াই ফুট পানি। কোনো রিকশা নেই। হাটখোলা মূল সড়কে আসার পর রিকশা পাওয়া গেলেও কেউই যেতে রাজি হয়নি।’ পরে ইত্তেফাক মোড়ে এসে বাস ধরেন তাঁরা।
মতিঝিলে একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আলতাফ হোসেন জানান, শান্তিনগরে তাঁর বাসার সামনে অন্তত কোমরপানি জমে ছিল। বিকেল চারটায়ও সেখানে হাঁটুপানি ছিল।
সার্কিট হাউস রোডেও প্রায় একই অবস্থা। সেখানে একটি বেসরকারি সংস্থায় চাকরিরত আবদুস সামাদ জানান, ওয়াসার পক্ষ থেকে বলা হয়েছিল, এবার এখানে জলাবদ্ধতা হবে না। অথচ বিকেল পাঁচটায়ও পানি নামেনি।
মিরপুর ১৪ নম্বরে বসবাসকারী সরকারি কমকর্তা আবদুর রহমান জানান, সকাল সাড়ে আটটা নাগাদ বাসা থেকে বেরিয়ে কারওয়ান বাজারে কর্মস্থলে যাওয়ার জন্য কোনো বাসই পাননি। মিরপুর ১০ নম্বর গোলচক্কর পানিতে ডুবে গেছে। পরে অনেক কষ্টে ভেঙে ভেঙে প্রায় দুই ঘণ্টায় আসতে হয় তাঁকে। মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, রোকেয়া সরণি, শেরেবাংলা নগর, শ্যামলী, মৌচাক, রামপুরা, মালিবাগ, বাসাবো, গোড়ান, মুগদাপাড়া, মান্ডা, গোপীবাগ, মতিঝিল, আরামবাগ, ফকিরেরপুল, নয়াপল্টন, পুরানা পল্টন, কাকরাইল, ধানমন্ডি ২৭ নম্বর, তল্লাবাগ, বকশীবাজার, নাজিমুদ্দিন রোডসহ পুরান ঢাকার বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতা হয়।
বক্স কালভার্ট গলার কাঁটা: ঢাকার জলাবদ্ধতা কমাতে এশীয় উন্নয়ন ব্যাংকের দেওয়া প্রায় ২০ কোটি টাকায় ২০০০ সালে নির্মিত হয়েছিল সেগুনবাগিচা বক্স কালভার্ট। রমনা মৎস্য ভবন থেকে কমলাপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ এই কালভার্ট। পরে কালভার্টের ওপর প্রায় ১৫০ কোটি টাকা খরচ করে রাস্তা তৈরি করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। ওয়াসার ড্রেনেজ বিভাগের তথ্য অনুযায়ী, সেগুনবাগিচা বক্স কালভার্টে ১২ ফুট গভীরতার মধ্যে প্রায় আট ফুটই বন্ধ হয়ে আছে আবর্জনা জমে।
ধোলাইখাল ভরাট করে ঢাকা সিটি করপোরেশন ২০০৫ সালে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ কালভার্ট নির্মাণ করে। এর ওপর তৈরি হয় রাস্তা। খরচ হয় মোট ৮৮ কোটি টাকা। কিন্তু এলাকায় জলাবদ্ধতা কমেনি।
ডিসিসি সূত্র জানায়, নির্মাণের পর থেকে কালভার্ট পরিষ্কারে প্রতিবছর গড়ে দুই কোটি টাকা খরচ করা হয়েছে। আর বছর দুয়েক ধরে খরচ হচ্ছে ২৫ লাখ টাকা করে।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রথম আলোকে বলেন, ‘বক্স কালভার্ট একটি ব্যর্থ এবং আত্মঘাতীমূলক প্রচেষ্টা। অতীতের ভুলের মাশুল দিতে হচ্ছে আমাদের সবাইকে।’ তিনি বলেন, নেদারল্যান্ডসের সহায়তায় বিশেষ ধরনের খনন মেশিনে সেগুনবাগিচা বক্স কালভার্টের শক্ত অংশ ভাঙার চেষ্টা করা হবে।
১৩ বছরে নতুন ড্রেনেজ মাত্র ৩১ কিলোমিটার: বৃষ্টির পানি ও গৃহস্থালির তরল বর্জ্যপ্রবাহের জন্য ২০০০ সালে রাজধানীতে ঢাকা ওয়াসার ড্রেনেজ লাইন ছিল ২৬৪ কিলোমিটার। এখন আছে প্রায় ৩০০ কিলোমিটার। ১৩ বছরে বেড়েছে মাত্র ৩১ কিলোমিটার। বক্স কালভার্ট ধরলে আরও ১১ কিলোমিটার। প্রাকৃতিক খাল মেরে ফেলার পর এখন ১৩টি খালের আংশিক অবশিষ্ট রয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পানি বিশেষজ্ঞ মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা শহরের নিষ্কাশন লাইনগুলো সার্বিক পরিকল্পনার মাধ্যমে করা হয়নি। এ ছাড়া শহরে পুকুরসহ যত জলাধার ছিল, সব ভরাট হয়ে গেছে। মোটকথা, পানিনিষ্কাশনের প্রাথমিক যে ব্যবস্থা অর্থাৎ খাল এবং চারপাশের নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করে সচল করা না গেলে আরও নিষ্কাশন লাইন করেও জলাবদ্ধতা দূর করা যাবে না।