তবু ভাতা জোটেনি তাঁর
খেত থেকে ধান কেটে নিয়ে গেছেন কৃষকেরা। সেই খেতে পড়ে থাকা উচ্ছিষ্ট ধান কুড়াচ্ছেন এক বৃদ্ধা। কিছুক্ষণ পরপর কুড়িয়ে পাওয়া এসব ধান রাখছেন বাঁশের তৈরি পাত্রে। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার দিঘী ইউনিয়নের ছুটি ভাটবাউর গ্রামে এ দৃশ্য দেখা যায়।
ওই বৃদ্ধার নাম সুফিয়া বেগম (৬৫)। ছুটি ভাটবাউর গ্রামের মৃত ইনাম আলীর স্ত্রী তিনি। প্রায় ২৫ বছর আগে অসুস্থ হয়ে মারা যান ইনাম আলী। এরপর থেকে জীবনসংগ্রাম শুরু হয় তাঁর। অনাহারে-অর্ধাহারে কোনো রকমে দিন কাটছে এই বৃদ্ধার। অথচ বিধবা কিংবা বয়স্ক ভাতার কার্ড জোটেনি তাঁর ভাগ্যে।
সুফিয়া বেগম (৬৫) জানালেন, প্রায় চার যুগ আগে দিনমজুর ইনাম আলীর সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। তাঁদের এক মেয়ে ও দুই ছেলে। মেয়ে রুবিয়া বেগমের বিয়ে হয়েছে। বড় ছেলে রিকশাচালক আলম মিয়া (৪০) স্ত্রী-সন্তান নিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছেন। ছোট ছেলে মাসুদ রানা (৩৫) ঢাকার আশুলিয়ায় দিনমজুরের কাজ করেন।
সুফিয়া বেগম জানান, ছেলেরা বিয়ে করে আলাদা হয়ে গেছে। এরপর থেকে তিনি অন্যের বাড়িতে গৃহস্থালির কাজ করেন। এই বৃদ্ধ বয়সেও মাঝেমধ্যে মাটি কাটেন। মাঝেমধ্যে ইটভাটায়ও কাজ করেন।
এই বৃদ্ধা আক্ষেপ করে বলেন, ‘হুনছি স্বামী মারা গ্যালে সরকার ট্যাহা দ্যায়। বয়স্ক মানুষরেও নাকি ভাতা দ্যায়। কিন্তু আমার কপালে কুনোটাই জুটলো না! মেম্বারগো কত্তো কইলাম, কেউ একটা কার্ডও দিল না। এই বয়সে মাটি কাইট্যা খাইতে অয়। মেয়ের ঘরের নাতি-নাতনিগো দেখতে অয়।’ দিঘী ইউপি সদস্য জাফর শিকদার বলেন, সম্প্রতি বিধবা ভাতার তালিকা করা হয়েছে, এতে ওই বৃদ্ধার নাম রয়েছে। কার্ড বরাদ্দ পেলে তাঁকে বিধবা ভাতা দেওয়া হবে।