
ওরা চারজনই অসচ্ছল পরিবারের ছেলেমেয়ে। কিন্তু দারিদ্র্যের কাছে মাথা নত করেনি। নিরলস পড়াশোনা করেছে। ছিনিয়ে এনেছে সাফল্য। এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। তারা স্বপ্ন দেখে উচ্চতর পড়াশোনা করার।
সুজন রবিদাস জুতা সেলাই করত
রংপুরের তারাগঞ্জ উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের জগমোহন দাস জুতা সেলাই করেন। ৫ শতাংশ জমিতে বসতভিটা তাঁর সম্বল। তাঁর আয়ে আট সদস্যের সংসার খুব কষ্টেসৃষ্টে চলে। এ কারণে তাঁর ছেলে সুজন রবিদাস বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি ছুটির দিনে উপজেলার বুড়িরহাট বাজারে বসে জুতা সেলাই করত। সেই সুজন এবার এসএসসি পরীক্ষায় বুড়িরহাট উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। এর আগে সে জেএসসিতেও জিপিএ-৫ পেয়েছিল।
সুজন বলে, ‘অনেক দিন খেয়ে না-খেয়ে লেখাপড়া করেছি। না খেয়ে ইংরেজি পরীক্ষা দিতে গেছি। স্বপ্ন দেখি চিকিৎসক হব।’
সুজনের মা জোসনা রবিদাস বলেন, ‘নিজে খাবার পাই না। ছাওয়ালটাক ফির কেমন করি ডাকতোর বানামো কন?’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাশেম সরকার বলেন, ‘জগমোহন আমাদের গর্ব। সুজন ছাড়া তার আরও দুই ছেলে লিটন রবিদাস ও শ্যামল রবিদাস এর আগে এই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছিল।’
মায়ের ভাত ভাগ করে খেত শারমিন
শারমিন আক্তারের বয়স যখন তিন মাস, তখন তার বাবা-মায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। তাকে নিয়ে মা মালা খাতুন গরিব নানার বাড়িতে আশ্রয় নেন। অন্যের বাড়িতে কাজ করেন। অন্যের বাড়ি থেকে পাওয়া খাবার মালা নিজ বাড়িতে নিয়ে আসেন। মা-মেয়েতে ভাগাভাগি করে খান। এই মায়ের স্বপ্ন, মেয়ে তাঁর পড়ালেখা শিখে মস্ত বড় হবে। তখন তাঁকে আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না। তাঁর আর অর্থকষ্ট থাকবে না। মায়ের স্বপ্ন পূরণের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে শারমিন। সে এবার নওগাঁর মান্দা উপজেলার সাহাপুর ঢোলপুকুরিয়া ডিএ উচ্চবিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। এর আগে পিইসি ও জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে।
শারমিন বলে, ‘আম্মা আর আমি টিনের একটি ছোট্ট ঘরে থাকি। বিদ্যুৎ নেই। রাতে হারিকেনের আলোয় পড়ি। কত দিন গেছে কেরোসিন কেনার টাকা ছিল না। আম্মা নিজে না খেয়ে আমার মুখে ভাত তুলে দিয়েছেন। আমিও আম্মার মুখে হাসি ফোটাতে চাই। এ জন্য স্বপ্ন দেখি একদিন সরকারি চাকরি করব।’
ভালো কলেজে ভর্তি হতে চায় আল আমিন
নির্মাণশ্রমিক বাবার আয়ে সংসার ও তিন ভাইবোনের পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়ে। এ কারণে আল আমিন ছাত্র পড়িয়েছে এবং ছুটির দিনে বাবার সঙ্গে শ্রমিকের কাজ করেছে। সে এ বছর পিরোজপুরের কাউখালী সরকারি কে জি ইউনিয়ন উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। উপজেলার হোগলা বেতকা গ্রামের ইমাম হোসেনের এই ছেলে ছোটবেলা থেকেই মেধাবী। প্রাথমিক সমাপনীতে জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি এবং জেএসসিতে জিপিএ-৫সহ সাধারণ কোঠায় বৃত্তি পেয়েছিল।
আল আমিন বলে, ‘আপাতত ভালো একটি কলেজে ভর্তি হতে চাই। ভবিষ্যতে চিকিৎসক হয়ে গরিব মানুষদের সেবা করতে চাই।’
রূপারও আছে অধিকার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া গ্রামের লিয়াকত আলী একজন দিনমজুর। ইটের ভাটায় কাজ করেন। মা, স্ত্রী, পাঁচ সন্তানসহ আট সদস্যের পরিবারের খাবার জোগাড় করতে হয় তাঁকেই। বর্ষা মৌসুমে ইটভাটায় তাঁর কাজ থাকে না। তখন তিনি ফেরি করে খেলনা বিক্রি করেন। সামান্য আয়ে কোনো রকমে খেয়ে না-খেয়ে চলে সংসার। আর তাঁর মেয়ে রূপা আক্তার অভাব-অনটনকে পাত্তাই দেয় না। ছোটবেলা থেকেই ওর পড়াশোনা করতে খুব ভালো লাগে। পাশাপাশি শিশুশিক্ষার্থীদের পড়ায় সে। প্রাথমিক সমাপনী পরীক্ষায় সে জিপিএ-৫ পেয়েছিল। এবার উপজেলার গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে সে।
রূপা বলে, ‘জানি, আমি অত্যন্ত গরিব ঘরের মেয়ে। কিন্তু আমারও আছে আর দশটা মেয়ের মতো বড় হওয়ার অধিকার। স্বপ্ন দেখি, একদিন চিকিৎসক হব।’
[প্রতিবেদন তৈরিতে সহযোগিতা দিয়েছেন তারাগঞ্জ (রংপুর), নওগাঁ, পিরোজপুর ও মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি]