তবু মিষ্টিতে মাছি তেলাপোকা!
মিষ্টির ভেতরে মাছি পাওয়ায় ২০০৯ সালে চট্টগ্রাম নগরের লালখান বাজারের হাইওয়ে সুইটসকে ৩০ হাজার টাকা জরিমানা করেছিলেন ভ্রাম্যমাণ আদালত। সর্বশেষ গত সোমবার একই দোকানে অভিযান চালানো হয়। এবার পাউরুটির মোড়কের ভেতরে মিলল মৃত তেলাপোকা। কারখানার ভেতরের পরিবেশও ছিল অস্বাস্থ্যকর। এর আগে ২০০৮ সালে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের জন্য একই প্রতিষ্ঠানের জামালখানের বিক্রয়কেন্দ্রকে জরিমানা করা হয়েছিল।
একইভাবে মিষ্টিমেলা, ফুলকলি, দয়াময়ী, বোস ব্রাদার্স, সিজলসহ নগরের ‘বিখ্যাত’ সব মিষ্টির দোকানকে বারবার জরিমানা করা হয়েছে নোংরা পরিবেশ এবং পচা-বাসি খাদ্য বিক্রির জন্য। অভিযানের সময় দেখা যায় কোনো দোকানের মিষ্টির হাঁড়িতে মিলেছে তেলাপোকা, আবার কোনো দোকানের মিষ্টির হাঁড়িতে হেঁটে বেড়াচ্ছে ইঁদুর।
বারবার জরিমানা করেও চট্টগ্রাম নগরের অভিজাত মিষ্টির দোকান ও বেকারিগুলো থেকে মানসম্মত খাদ্য মিলছে না। নিয়মিত তদারকি না থাকা এবং কিছু বিক্রেতার অসততার জন্য এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে সাধারণ ভোক্তারা বলছেন।
এ বিষয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং মেশালে এবং পোড়া তেল ও নিম্নমানের ঘি দিয়ে তৈরি করা মিষ্টি খেলে কিডনি, লিভারের সমস্যা দেখা দিতে পারে। খাদ্যে ভেজাল থাকলে ক্যানসারের ঝুঁকিও বাড়ে। এ ছাড়া পচা-বাসি খাবার খেলে তাৎক্ষণিকভাবে ডায়রিয়া হতে পারে।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট নাজের হোসাইন বলেন, বারবার জরিমানা দেওয়ার পরও প্রতিষ্ঠানগুলো শোধরাচ্ছে না। নিয়মিত পরিদর্শন বাড়ালে এই সমস্যা অনেক কেটে যাবে বলে মনে করেন তিনি।
এক মাস ধরে চলা চট্টগ্রাম জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই, সিটি করপোরেশন ও র্যাবের ভেজালবিরোধী অভিযানে খাদ্যপণ্য তৈরিতে বিভিন্ন অনিয়মের চিত্র উঠে এসেছে। নিম্নমানের ঘি, মেয়াদোত্তীর্ণ দুধ, খাবার অনুপযোগী রং দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে চলে মিষ্টি তৈরি। এ ছাড়া এসব পণ্য তৈরিতে নিষিদ্ধ ঘন চিনি ব্যবহার করার অভিযোগও রয়েছে।
জানতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক জুবায়ের আহমেদ বলেন, ‘প্রতিটি কারখানার পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর। আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। কিন্তু ব্যবসায়ীরা সততা এবং সদিচ্ছা না দেখালে স্থায়ীভাবে এটা রোধ করা কঠিন। বারবার জরিমানা দিয়েও তারা আগের মতোই ব্যবসা পরিচালনা করে যাচ্ছে।’
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নগরের সিজল মিষ্টি বিপণিকে ২০০৯ সালে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছিলেন। তিন বছর পর ২০১২ সালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে আবার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে দয়াময়ী মিষ্টান্ন ভান্ডারকে ২০১১ সালে জরিমানা করা হয়। সর্বশেষ ১৪ জানুয়ারি প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। দোকান থেকে জব্দ করা হয় নষ্ট ঘি, পচা-বাসি মিষ্টি। মিষ্টিতে মৃত মাছিও পাওয়া যায়।
এক মাস ধরে চলা এই অভিযানে বোস ব্রাদার্সকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। দোকানটির মিষ্টিতে তেলাপোকা এবং মাছি পাওয়া যায়। এর আগেও বোস ব্রাদার্সকে জরিমানা করা হয়েছিল। জরিমানা করা হয়েছে রয়েল বাংলা সুইটস, ইকবাল সুইটস, বম্বে রয়েল সুইটস, দত্ত সুইটস, সাধু মিষ্টান্ন ভান্ডার, স্বাদ বেকারি অ্যান্ড সুইটস, থাই ফুড প্রোডাক্ট, বনফুল, মধুবনকে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাইওয়ে সুইটসের অন্যতম স্বত্বাধিকারী মো. মুরাদ চৌধুরী ভ্রাম্যমাণ আদালতের অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
কারখানার অস্বাস্থ্যকর পরিবেশের বিষয়ে ইকবাল সুইটসের স্বত্বাধিকারী মো. মাজাহার ইকবাল প্রথমে কোনো মন্তব্য করতে চাননি। পরে তিনি বলেন, ‘শুধু বলব, আমরা সততার সঙ্গে ব্যবসা করছি।’
চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন প্রথম আলোকে বলেন, মিষ্টির দোকান এবং কারখানাগুলোর চিত্র খুবই ভয়াবহ। কোথাও মাছি, কোথাও তেলাপোকা, কোথাও বা নানা রকম পোকামাকড় মিষ্টি এবং মিষ্টিজাত পণ্যে পাওয়া গেছে। সব কটি প্রতিষ্ঠানের কারখানা ছিল অপরিচ্ছন্ন এবং দুর্গন্ধময়। খাদ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছিল নিম্নমানের উপাদান।