তবু যশোরে পূরণ হলো না গম সংগ্রহের লক্ষ্যমাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে এবার গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১১৫ মেট্রিক টন। গম সংগ্রহের সরকারি দর ছিল প্রতি কেজি ২৮ টাকা। জেলার হাটবাজারগুলোয় গমের দাম ছিল প্রতি কেজি ১৭ থেকে ২০ টাকা। গত প্রায় আড়াই মাস চলেছে গম সংগ্রহের অভিযান। কিন্তু সংগৃহীত হয়েছে ১০২ মেট্রিক টন। জেলার আট উপজেলার দুটি থেকে এক ছটাক গমও সংগৃহীত হয়নি।

জানতে চাইলে জেলা খাদ্যনিয়ন্ত্রক নকীব সাদ সাইফুল ইসলাম বলেন, ‘জেলায় এবার গমের চাষ কম হয়েছে। তা ছাড়া গমের দাম ভালো থাকলেও সংগ্রহের সময়টা ঠিক ভালো ছিল না। সে কারণে কৃষকের কাছে তেমন গম ছিল না। ঝিকরগাছা ও কেশবপুর উপজেলায় গমের চাষ একটু কম হয়েছে। ওই দুই উপজেলা থেকে কৃষকেরা কোনো গম সরবরাহ করেননি। সব মিলিয়ে ১১৫ মেট্রিক টন লক্ষ্যমাত্রার বিপরীতে ১০২ মেট্রিক টন গম সংগৃহীত হয়েছে।’

জেলা খাদ্যনিয়ন্ত্রকের দপ্তর সূত্র জানায়, যশোরসদর উপজেলায় ৫ মেট্রিক টন, চৌগাছায় ১৯ টন, শার্শায় ৫৭ টন, অভয়নগরে ৫ টন, ঝিকরগাছায় ৫ টন, কেশবপুরে ৮ টন, বাঘারপাড়ায় ১২ টন ও মনিরামপুরে ৪ টন। গত ১৮ এপ্রিল থেকে শুরু হয়ে ৩০ জুন গম সংগ্রহ অভিযান শেষ হয়। এবার গমের কেজিপ্রতি দাম নির্ধারণ করা হয় ২৮ টাকা। সূত্র আরও জানায়, লক্ষ্যমাত্রার বিপরীতে গম সংগ্রহ হয়েছে সদর উপজেলায় ৫ মেট্রিক টন, চৌগাছায় ১৯ টন, শার্শায় ৫৭ মেট্রিক টন, অভয়নগরে ৫ টন, বাঘারপাড়ায় ১২ মেট্রিক টন এবং মনিরামপুরে ৪ টন। ঝিকরগাছা ও কেশবপুর উপজেলা থেকে কোনো গম সংগৃহীত হয়নি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর সূত্র জানায়, গত মৌসুমে জেলায় ৩ হাজার ১৪০ হেক্টর জমিতে গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। চাষ হয়েছিল ৪ হাজার ৪০ হেক্টর জমিতে। এর মধ্যে ৩৭৫ হেক্টর জমির গমখেত ব্লাস্ট রোগে আক্রান্ত হয়। এ কারণে এলাকায় এলাকায় মাইকিং, কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠান, উঠানবৈঠক, অনানুষ্ঠানিক সভা ও প্রচারপত্র বিতরণ করে গম চাষ না করতে বলা হয়। এবার গম চাষের লক্ষ্যমাত্রা ধরা হয় ২ হাজার ৭২৫ হেক্টর জমিতে। কিন্তু আবাদ হয় মাত্র ৫৩০ হেক্টর জমিতে।

কৃষকেরা জানান, এবার গমখেতে ব্লাস্ট রোগের তেমন আক্রমণ দেখা যায়নি। আবহাওয়াও মোটামুটি অনকূলে ছিল। এ কারণে তাঁরা গমের ভালো ফলন পেয়েছেন। তবে গম সংগ্রহ অভিযান দেরিতে শুরু হওয়ায় তাঁরা বেশির ভাগ গম ১৭ থেকে ২০ টাকা কেজি দরে বিক্রি করে দিয়েছেন।

ঝিকরগাছা উপজেলার আজমপুর গ্রামের কৃষক আইয়ুব হোসেন মোড়ল এবার এক জমিতে গম চাষ করে সাড়ে ১১ মণ গম পেয়েছেন। তিনি বলেন, ‘সরকার অনেক দেরি করে গম কিনেছে। খরচ মেটাতে আমি গম ওঠার পরপরই নিজেদের খাওয়ার ও বীজ গম রেখে ২০ টাকা কেজি দরে (৮০০ টাকা মণ) ১০ মণ গম বিক্রি করে দিয়েছি।’ কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের কৃষক আবদুল লতিফ বলেন, ‘এবার ১০ কাঠা জমিতে গম লাগিয়ে সাড়ে তিন মণ গম পেয়েছিলাম। এক মণ আমি খাওয়ার জন্য রেখেছি। বাকি আড়াই মণ ১৭ টাকা কেজি (৬৮০ টাকা মণ) দরে বিক্রি করে দিয়েছি। সরকারিভাবে গম কেনা দেরিতে শুরু হয়েছে। তা ছাড়া, গুদামে গম দিতে খুব ঝামেলা হয়। এ কারণে আমি ওঠার সাথে সাথে গম বিক্রি করে দিয়েছি।’

জানতে চাইলে ঝিকরগাছা উপজেলা খাদ্যনিয়ন্ত্রক ইন্দ্রজিৎ সাহা বলেন, ‘সংগ্রহ যখন শুরু হয়েছে, তখন কৃষকের হাতে আর গম নেই। গম চলে গেছে ব্যবসায়ীদের হাতে। নিয়মানুসারে গম কিনতে হবে সরাসরি কৃষকদের কাছ থেকে। তারপরও যেসব কৃষকের কাছে কিছু গম ছিল, আমরা সেই সব কৃষকের সাথে যোগাযোগ করেছি, কিন্তু তাঁরা গম সরবরাহে কোনো আগ্রহ দেখাননি।’

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক কাজী হাবিবুর রহমান বলেন, গত বছর গমে ব্লাস্ট রোগ দেখা দিয়েছিল। এতে অনেক গমখেত নষ্ট হয়ে গিয়েছিল। এ কারণে এবার গম চাষে কৃষকদের নিরুৎসাহিত করা হয়েছে। তাই এবার গমের চাষ কম হয়েছে।