কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড বাহিনীর কড়াকড়ি টহল সত্ত্বেও মিয়ানমারের রোহিঙ্গারা বাংলাদেশ অনুপ্রবেশ করছে। এরপর রোহিঙ্গারা টেকনাফ ও উখিয়ার সমুদ্র উপকূলের ঝাউবাগান ও সংরক্ষিত বনভূমিতে আশ্রয় নিচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার রাতে নাফ নদী অতিক্রম করে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ায় অনুপ্রবেশ করে একদল রোহিঙ্গা। খবর পেয়ে টেকনাফ বিজিবি ও বিওপির সদস্যরা নাইট্যংপাড়ায় অভিযান চালিয়ে ২৯ রোহিঙ্গা পুরুষ, ১১ নারী ও আট শিশুকে আটক করেন। একই সময় সাবরাং সীমান্ত থেকে আটক করেন এক শিশুসহ চার রোহিঙ্গা নারীকে।একই দিন বাংলাদেশ অনুপ্রবেশের সময় উখিয়া উপজেলার ঘুমধুম সীমান্ত থেকে নয়জন, বালুখালী থেকে ১৫ জন এবং তুমব্রু গ্রাম থেকে ১০ রোহিঙ্গাকে আটক করেন কক্সবাজারের ১৭ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা। আগের দিন বৃহস্পতিবার উখিয়া ও টেকনাফ সীমান্ত থেকে আটক করা হয় আরও ৫৬ রোহিঙ্গাকে। কিন্তু তার পরও অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে দ্বিতীয় দফায় সাম্প্রদায়িক জাতিগত দাঙ্গার শুরুর পর রোহিঙ্গারা নৌকা ও ট্রলারে করে বাংলাদেশ পালিয়ে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফের কয়েকজন জনপ্রতিনিধি বলেন, গত সাত দিনে টেকনাফ ও উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অন্তত ৩০-৩৫ হাজার রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশ করে। তারা টেকনাফের সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবাগান, সংরক্ষিত বনাঞ্চলসহ বিভিন্ন স্থানে বস্তি তৈরি করে বসতি করছে। এদের দেখাদেখি অন্য রোহিঙ্গারাও পালিয়ে আসার সুযোগ খুঁজছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামসুল ইসলাম বলেন, নাফ নদী অতিক্রম করে অতীতে বহু রোহিঙ্গা টেকনাফে অনুপ্রবেশ করেছে। কিন্তু এখন কাউকে অনুপ্রবেশের সেই সুযোগ দেওয়া হচ্ছে না। নাফ নদী ও সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও কোস্টগার্ড সদস্যদের সার্বক্ষণিক টহলে রাখা হয়েছে। আর যারা ঝাউবাগানসহ বিভিন্ন স্থানে বসতি করছে, তাদেরও নজরদারিতে রাখা হচ্ছে। যাতে অন্য কোথাও যেতে না পারে।টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, মিয়ানমারে দ্বিতীয় দফার দাঙ্গা শুরু হলে কিছু কিছু রোহিঙ্গা বাংলাদেশ অনুপ্রবেশের চেষ্টা করছে। অনুপ্রবেশের সময় রোহিঙ্গা ধরাও পড়ছে। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে পুরো সীমান্তে কড়াকড়ি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।কোস্টগার্ড টেকনাফ শাহপরীর দ্বীপ স্টেশনের লেফটেন্যান্ট বদরুদৌজা বলেন, নাফ নদীর বিশাল এলাকা নিয়ন্ত্রণের মতো জনবল না থাকালেও রাত-দিন সমানে রোহিঙ্গা অনুপ্রেবেশ বন্ধে সদস্যরা তৎপর রয়েছেন।