তবু শঙ্কায় সংখ্যালঘুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়া ও উজিরপুরে উপজেলা নির্বাচনে ভোট দেওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন সেখানকার ধর্মীয় সংখ্যালঘুরা। সরকারি দল আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষ নিয়ে তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ দুই উপজেলায় মোট ভোটারের ৫০ শতাংশের বেশি ধর্মীয় সংখ্যালঘু।
সরকারি দল ও প্রশাসন এসব অভিযোগ নাকচ করে দিলেও সাধারণ ভোটারদের মধ্যে শঙ্কা রয়েছে। বিএনপির পক্ষ থেকেও নির্বাচনে কারচুপি ও প্রভাব খাটানোর আশঙ্কা করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার এ ধরনের শঙ্কা অমূলক জানিয়ে বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
আজ রোববার বরিশালের এ দুই উপজেলার পাশাপাশি বানারীপাড়ায়ও নির্বাচন হবে।
আগৈলঝাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী পাঁচজন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী যতীন্দ্রনাথ মিস্ত্রি, গিয়াসউদ্দিন খান, বিএনপি-সমর্থিত প্রার্থী এস এম আফজাল হোসেন ও ইসলামী আন্দোলনের রফিকুন্নবী ভাট্টি।
এলাকার ২০-২৫ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলায় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মোর্তুজা খান দীর্ঘদিন এলাকায় না থাকায় ভোটারদের মধ্যে দূরত্ব তৈরি হয়। তার পরও দলের সমর্থন পান তিনি। আর সমর্থন চেয়েও ব্যর্থ হন যতীন্দ্রনাথ মিস্ত্রি। এ এলাকার প্রায় ৯৯ হাজার ভোটারের মধ্যে ৫৪ হাজারের মতো ভোটার হিন্দু সম্প্রদায়ের। দলীয় পরিচয়ের বাইরেও এ সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভোট যতীন্দ্রনাথের পক্ষে যেতে পারে বলে সাধারণ ভোটারদের ধারণা। কিন্তু নির্বাচনী প্রচারণা শুরুর দিন থেকেই যতীন্দ্রনাথ তাঁর সমর্থকদের নানাভাবে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন।
নিজেকে আওয়ামী লীগ-সমর্থক দাবি করে বাহাদুরপুর গ্রামের একজন ভোটার বলেন, ‘মূল প্রতিদ্বন্দ্বিতা হবে মোর্তুজা ও যতীন্দ্রনাথের মধ্যে। যতীন্দ্রনাথের ভোটাররা ভোট দিতে না গেলে মোর্তুজারই লাভ।’ বাকাল গ্রামের আরেকজন ভোটার বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরাই আমাদের ভোটকেন্দ্রে না যেতে বলছে, এটা ভাবতেই পারছি না।’
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ড. নীলকান্ত বেপারী তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, যতীন্দ্রনাথের পক্ষে কাজ করার শাস্তি নির্বাচনের পর দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।
গতকাল শনিবার বরিশাল শহরে এক সংবাদ সম্মেলনে যতীন্দ্রনাথ মিস্ত্রিও তাঁকে (যতীন্দ্রনাথ) হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। তাঁর দাবি, সরকারি দল-সমর্থিত প্রার্থীর পক্ষ হয়ে হুমকি, ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি কর্মী-সমর্থকদের গ্রেপ্তার, হয়রানি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগও করেছেন।
অভিযোগ পেয়েছেন জানিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
উজিরপুরের হিন্দু ভোটাররাও নিশ্চিন্তে থাকতে পারছেন না। এ উপজেলায় এক লাখ ৫৮ হাজার ভোটারের মধ্যে প্রায় ৫৭ শতাংশ হিন্দু সম্প্রদায়ের। নির্বাচন কমিশনের হিসাবে এখানে ছয়জন প্রার্থী হলেও মাঠে রয়েছেন চারজন। তাঁরা হলেন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হাফিজুর রহমান, বিএনপি-সমর্থিত আবদুল মাজেদ তালুকদার, বর্তমান চেয়ারম্যান জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা আবুল কালাম আজাদ ও ইসলামী আন্দোলনের রিয়াজুল ইসলাম।
এ উপজেলার কয়েকটি কেন্দ্রের ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব এলাকায় আবুল কালামের সমর্থক বেশি রয়েছেন, সেখানে ভোটারদের কেন্দ্রে যেতে বারণ করা হয়েছে। হুমকি দেওয়া হচ্ছে।
উপজেলার রাজাপুর গ্রামের একজন ভোটার বলেন, ‘আমার নিজের ভোট নিজের পছন্দমতো দিতে পারব না এটা কেমন কথা! কেন্দ্রে যাব না ক্যান?’ হাটতা গ্রামের একজন ভোটার বলেন, ‘মোগো নেত্রী খেমতায়। মোরা ভোট দিতে যাইতে চাইলেও আমলিগের লোকজন না যাইতে হুমকি দ্যায়। কোন জমানায় আইলাম!’
বানারীপাড়া উপজেলায় নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী দুজন, আওয়ামী লীগ-সমর্থিত গোলাম ফারুক ও বিএনপি-সমর্থিত শাহ আলম মিঞা। এখানে সুষ্ঠু নির্বাচন হলে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করছেন।
সংখ্যালঘুদের হুমকি দেওয়ার অভিযোগ নাকচ করে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলায় দলের নির্বাচনী সমন্বয়ক তালুকদার মো. ইউনুস প্রথম আলোকে বলেন, নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে যতীন্দ্রনাথ এ ধরনের মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করছেন। আওয়ামী লীগ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, প্রশ্রয়ও দেয় না।