তবু সচল হচ্ছে না পশুর হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০টি পাকা শেড, আধুনিক টয়লেট এবং ব্যাপক প্রচার-প্রচারণা সত্ত্বেও কোনোভাবেই দাঁড় হচ্ছে না ঠাকুরগাঁও পৌরসভার সেনুয়া পশুর হাট।পৌরসভা সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও পৌরসভার রাজস্ব বাড়াতে ১৯৯৪ সালে পৌর এলাকায় একটি হাট স্থাপনের জন্য সেনুয়ায় তিন একর ৬২ শতক জমি কেনা হয়। কথা ছিল সপ্তাহের প্রতি শুক্রবার, রোববার ও বুধবার এই পশুর হাট বসবে। সে সময় হাটটি কোরবানি ঈদের সময় সাময়িকভাবে চালু হলেও পরে বন্ধ হয়ে যায়। এরপর ২০১০ সালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জেলা শহর উন্নয়ন প্রকল্পের আওতায় হাট নির্মাণের জন্য বরাদ্দ আসে। প্রথম দফায় ২৪ লাখ ও দ্বিতীয় দফায় ১৬ লাখ টাকা খরচে ১০টি শেড ও টয়লেট নির্মাণ করা হয়। এরপর গত নভেম্বরে হাটের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আবার উদ্বোধন করা হয়। সব সুবিধা থাকার পরও শুধু কোরবানি ঈদের কয়েক দিন ছাড়া সারা বছরই হাটটি বন্ধ থাকে। হাট সচল করতে চলতি মাসে পৌরসভার মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভা করা হয়। সভায় হাট পরিচালনা কমিটি গঠন করা হয়। শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে, কোরবানির পশু কেনাবেচার জন্য হাতেগোনা কয়েকজন হাটে এসেছেন। পাশের এলাকার আবুল কালাম আজাদ ও নীল কমল ভুট্টার উদ্বৃত্ত ও ভুট্টা মাড়াইয়ের যন্ত্র রাখার জায়গা হিসেবে অব্যবহূত শেডগুলো ব্যবহার করছেন। সে সময় আবুল কালাম আজাদ বলেন, ‘বহুদিন ধরে ফাঁকা পড়ে রয়েছে, তাই সুযোগ পেয়ে খড়ি ও ভুট্টার গাছগুলো জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য রেখেছি।’গরু বিক্রেতা মো. জাহাঙ্গীর আলম বলেন, পৌর শহরে যে একটি গরুর হাট আছে এখনো মানুষ তা জানে না। গোয়ালপাড়া গ্রামের শফির উদ্দীন বলেন, পৌরসভার প্রতিনিধিরা ঠিকমতো দায়িত্ব পালন করলেই হাটটি চালু করা সম্ভব। শহরের মাংসহাট, পানের আড়ত ও সবজির আড়তটি এখানে নিয়ে এলেই হাটটি চালু হয়ে যাবে।হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতির প্যানেল মেয়র বাবলুর রহমান বলেন, সেনুয়া হাটটি চালুর প্রাথমিক পর্যায়ে কোরবানির পশুর হাট হিসেবে চালু করে সারা বছর সচল রাখার ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। পৌর মেয়র এস এম এ মঈন বলেন, ঠাকুরগাঁও পৌরসভা প্রথম শ্রেণীর হলেও রাজস্ব আয় একেবারেই কম। রাজস্ব বাড়াতে গেলে সেনুয়া হাটটি যেভাবে হোক সচল করতে হবে।