তবু স্বপ্ন দেখে ওরা
‘এসএসসির ফল যেদিন বের হয় সেদিনও খাবার ছিল না ঘরে। কারণ, মা সেদিন কাজ পায়নি। এ রকম অনেক দিন গেছে। কিন্তু লেখাপড়া বন্ধ করিনি।’ কথাগুলো এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া রংপুরের বদরগঞ্জ উপজেলার আইরিন আখতারের।আইরিনের মতো দেশের অনেকে অভাবের সঙ্গে যুদ্ধ করেছে। দিনমজুরি করে ও প্রাইভেট পড়িয়ে রোজগার করে লেখাপড়া করেছে। পেয়েছে ঈর্ষণীয় সাফল্য। আজ শুনব কুমিল্লার দাউদকান্দির ইমরান হোসেন, চট্টগ্রামের সন্দ্বীপের রুবিনা বেগম, নীলফামারীর ডোমারের প্রশান্ত রায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উমান আলী ও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আবদুল্লাহ-আল মাসুদের জীবন সংগ্রামের গল্প। হতদরিদ্র পরিবার থেকে জিপিএ-৫ পাওয়া এমন শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত ৫০ জনকে ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী তহবিল থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। নির্বাচনের ক্ষেত্রে নারী, প্রতিবন্ধী, সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিষয়গুলো বিবেচনা করা হয়। আইরিন আখতার: আইরিন আখতার রংপুরের বদরগঞ্জ উপজেলার অরুন্নেছা উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। তাদের বাড়ি কুতুবপুর ইউনিয়নের অরুন্নেছা উত্তরপাড়া গ্রামে। অনেক বাধা পেরিয়ে আইরিন এ সাফল্য পেয়েছে। বাবা আইয়ুব আলী ২০০৭ সালে মারা যান। এরপর তিন ছেলে ও মেয়েকে নিয়ে এছতেয়ারা বেগম বিপদে পড়েন। মানুষের বাড়িতে ও মাঠে শ্রমিক হিসেবে কাজ করে সংসারের হাল ধরেন তিনি। একটি কুঁড়েঘরে বসবাস তাদের। এত দারিদ্র্যের মধ্যেও মেয়ে আইরিনের লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল। সে প্রাথমিক ও অষ্টম শ্রেণীতেও বৃত্তি পেয়েছিল। আইরিন বলে, ‘মা প্রতিদিন কাজ পায় না। না পেলেই না খেয়ে থাকতে হয়। বাধ্য হয়ে আমি টিউশনি করাই। নিজে প্রাইভেট পড়িনি। ঘরে খাবার অভাবে সকালে না খেয়ে প্রায় দিনই স্কুলে যেতাম। আমার বাবা বিনা চিকিৎসায় মারা গেছেন। তাই চিকিৎসক হতে চাই।’ ইমরান হোসেন: এসএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা ছিল না ইমরান হোসেনের। পরে তার বাবা খোকন মিয়া মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ফরম পূরণের ব্যবস্থা করেন। এই ছেলেই কুমিল্লার দাউদকান্দি উপজেলার চরগোয়ালী খন্দকার নাজির আহাম্মেদ উচ্চবিদ্যালয় থেকে একাই জিপিএ-৫ পেয়েছে। সে ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র ছিল। ইমরানের মা নিলুফার আক্তার তাঁর ছেলের কলেজে ভর্তি নিয়ে চিন্তায় আছেন। ইমরান বলে, ‘টাকার অভাবে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে প্রাইভেট পড়তে পারিনি। লেখাপড়া করে ভালো মানুষ হতে চাই।’ রুবিনা বেগম: মা রোকেয়া বেগম বাজারে চাল কুড়ানোর কাজ করেন। বাবা ফখরুল ইসলাম সবজি ফেরি করে বিক্রি করেন। দুই বেলা খাবার জোটানো মুশকিল। তবু পড়ালেখা ছাড়েনি। সে চট্টগ্রামের সন্দ্বীপের রহমতপুর উচ্চবিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় জিপিএ-৫ পেয়েছে। রুবিনাদের বাড়ি রহমতপুর ইউনিয়নের গুচ্ছগ্রামে। রুবিনা বলে, ‘আমার স্বপ্ন উচ্চমাধ্যমিকে আরও ভালো ফল করা।’প্রশান্ত রায়: সংসারের খরচ জোগাতে বাবা আষাঢু রাম রায়ের সঙ্গে প্রায়ই দিনমজুরের কাজ করত প্রশান্ত রায়। সে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল প্রশান্ত। তাদের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার বড় দলুয়া গ্রামে। ভালো ফল করেও প্রশান্তের বাবা ও মায়ের মুখে হাসি নেই। মা প্রতিমা রানী রায় বলেন, ‘কলেজত পইরলে ছাওয়াক অনেক টাকা লাইগবে। তাই বাপের সঙ্গে দিনমজুরের করে সে।’উমান আলী: আড়াই বছর বয়সে উমানের বাবা মো. ইদ্রিস আলী দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে যান। এরপর উমানের মা কুলসুম বেগম ছেলেকে মানুষ করার জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জেরিন চা-বাগানে শ্রমিক হিসেবে কাজ নেন। এরপর এক যুগ কেটে গেছে। উমানও লেবুর বাগানে কাজ করে ও প্রাইভেট পড়িয়ে উপার্জন করে। সে এবার শ্রীমঙ্গল উপজেলার বিষামনি উচ্চবিদ্যালয় থেকে মানবিক শাখায় জিপিএ-৫ পেয়েছে। উমান ও তার মা কুলসুম বেগম জেরিন চা বাগানের ডলুবাড়ী শ্রমিকবস্তির একটি ঘরে থাকেন। আবদুল্লাহ আল মাসুদ: রাজবাড়ীর গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে আবদুল্লাহ-আল মাসুদ। সে গোয়ালন্দ উপজেলার শাকের ফকিরপাড়া গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে। আলাউদ্দিন শেখ একজন মাছ বিক্রেতা। তবে বেশ কয়েক বছর ধরে তিনি অসুস্থ। এ কারণে মাছ বিক্রির ব্যবসায় মাসুদ তার বাবাকে প্রায়ই সহায়তা করেছে। বাবার ব্যবসার টাকায় লেখাপড়ার খরচ জোগানো সম্ভব হতো না। এ কারণে মাসুদ প্রাইভেট পড়িয়েছে। এভাবে কষ্ট করে সাফল্য পেলেও কলেজে ভর্তি হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছে মাসুদ। প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন আলতাফ হোসেন, বদরগঞ্জ (রংপুর), আবদুর রহমান, দাউদকান্দি (কুমিল্লা), প্রণব বল, চট্টগ্রাম, মীর মাহমুদুল হাসান, নীলফামারী ও রাশেদ রায়হান, গোয়ালন্দ (রাজবাড়ী)