তবু হারেনি সুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর বয়সে শামুক কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই হাতের কবজি হারায় সুমী আক্তার। তখন দুবেলা দুমুঠো ভাত জোগাড় করাই ছিল দিনমজুর মা-বাবার কাছে অনেক কষ্টের। এমন অবস্থায় মেয়ের চিকিৎসা আর লেখাপড়ার কথা ভাবতেই পারেননি তাঁরা। কিন্তু এত কষ্টের মধ্যেও সব বাধাকে জয় করে এগিয়ে চলেছে সুমী। দুই বাহুতে কলম গুঁজে লেখাপড়া চালিয়ে সবাইকে অবাক করে দিয়েছে সে। এবার সে অংশ নিয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়।
গত শনিবার সকালে নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের জেএসসি পরীক্ষাকেন্দ্রে গিয়ে দেখা হয় সুমীর সঙ্গে। তখনো পরীক্ষা শেষ হতে এক ঘণ্টা বাকি। দুই বাহুতে কলম রেখে একের পর এক প্রশ্নের উত্তর দিচ্ছিল সে। হাতের লেখাতেও রয়েছে পরিপক্বতার ছাপ।
কক্ষ পরিদর্শক আতিকুর রহমান জানালেন, সুমী বড়াইগ্রাম উপজেলার কলাবাড়িয়া গ্রামের দিনমজুর ফিরোজ উদ্দিনের মেয়ে। স্থানীয় হিজলী সোনাপুর উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছে সে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী সরকার বলেন, বিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় থেকে সে মুখ দিয়ে লিখত। প্রাথমিক সমাপনী পরীক্ষাও দিয়েছে মুখে কলম ধরে। ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর থেকে দুই বাহুতে লেখা শুরু। এখন পর্যন্ত কোনো শ্রেণীতেই অকৃতকার্য হয়নি। পড়ালেখার পাশাপাশি খেলাধুলাতেও ভালো সে।
সুমী জানায়, টাকার অভাবে শামুক বিক্রি করে তাদের সংসার চলত। পাঁচ বছর বয়সে একদিন বিলে শামুক কুড়াতে গিয়ে চোরদের কেটে রেখে যাওয়া বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে সে। চিকিৎসার একপর্যায়ে তার দুই হাতের কবজি কেটে ফেলেন চিকিৎসকেরা। চিকিৎসার জন্য বহুদিন তাকে হাসপাতালে কাটাতে হয়েছে। তখন থেকেই মা-বাবা ও প্রতিবেশীদের চিন্তা হাত কাটা মেয়ের বিয়ে নিয়ে। গরিব মা-বাবা কয় দিনই বা তাকে খাওয়াবেন! তাই ওই সময় থেকে সে প্রতিজ্ঞা করে লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে। কয়েক বছর যেতেই মা-বাবার হতাশা কেটে যায়। সুমী বলে, ‘টাকার সমস্যা ছাড়া শারীরিক কোনো সমস্যার কারণে আমি লেখাপড়া ছাড়ব না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই।’
সুমীর বাবা ফিরোজ উদ্দিন বলেন, ‘হাত দুটি কাটার পর ওর দিকে তাকাতে পারতাম না। ওর মা সব সময় কাঁদত। কিন্তু ওর পড়ালেখার আগ্রহ দেখে আমরা খুব খুশি।