তবু শিকড়ের সন্ধান

দুই বছর আগের ঘটনা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সন্তান প্রসব করেন স্বপ্না দেবী (২২)। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফেরার পালা। কিন্তু স্বপ্না জানালেন, তাঁর ফেরার জায়গা নেই।
অসহায় মা ও নবজাতককে নিজ বাড়িতে আশ্রয় দেন হাসপাতালের অবসরপ্রাপ্ত সেবিকা বিজয়া রাণী চন্দ। সেদিনের সেই নবজাতক আজকের শুভ দেব। বিজয়া রাণীর পরিবারের সদস্য হিসেবেই বেড়ে উঠছে সে।
সিলেট নগরের হাওলাদারপাড়ার সুরমা ব্লকে বিজয়া রাণীর দোতলা বাড়ি। প্রধান সড়ক লাগোয়া তাঁর বাড়ির নাম ‘ছায়ানীড়’। বাড়ির ভেতরে ঢুকলেই সবার আগে চোখে পড়ে শুভকে। বাড়িজুড়ে তার দুষ্টুমি। মুখে শুধু ‘দিদা আর দাদু’ বলে ডাক।
বিজয়া রাণী বলেন, ২০১০ সালে অবসর নেন তিনি। স্বামী সত্যেন্দ্র কুমার চন্দ পেশায় একজন স্ট্যাম্প ভ্যান্ডার। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। বর্তমানে ঘরে ছেলের বউ আর দুই মাস বয়সী নাতি রয়েছে। শুভও তাঁদের কাছে নাতির মায়ায় বড় হচ্ছে। সে-ও এখন এই পরিবারের সদস্য।
‘ছায়ানীড়ে’ আশ্রয় পাওয়ার পর স্বপ্না ও তাঁর সন্তানের জীবনে একটি অঘটনও ঘটে গেছে। স্থানীয় একটি চা-বাগানে ছেলেকে নিয়ে বেড়াতে গিয়ে বাসা হারিয়ে ফেলেছিলেন স্বপ্না। অনেক খোঁজাখুঁজির পর জানা গেল তারা কারাগারে। ঠিকানা বলতে না পারায় চা-বাগান থেকে তাদের ‘ভারতীয় নাগরিক’ সন্দেহে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। মামলাও হয়। প্রায় এক মাস কারাভোগের পর গত ১৬ জুন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আইনি সহায়তায় দুজনে জামিনে মুক্তি পায়। ঠিকানা আবার সেই ছায়ানীড়।
এ ঘটনার পর স্বপ্নার পরিচয় আর স্বজনের খোঁজে তৎপর হন সত্যেন্দ্র। কিন্তু এখন পর্যন্ত কোনো সুসংবাদ নেই।
সত্যেন্দ্র বলেন, স্বপ্না তাঁর বাড়ি শ্রীমঙ্গলের কলেজ রোডে এবং স্বামীর বাড়ি হবিগঞ্জে বলে জানিয়েছেন। কিন্তু প্রায় চার মাস এ দুই জায়গায় নানাভাবে খোঁজ নিয়েও তাঁর কোনো স্বজনের খোঁজ পাওয়া যায়নি। তিনি বলেন, ‘মা ও ছেলে এখন আমার পরিবারের সদস্য হয়ে গেছে। শুভর জন্মদিন পালন থেকে শুরু করে পারিবারিক উৎসব-আনুষ্ঠানিকতায় তারা থাকে। এরপরও আমি স্বপ্নার স্বামী ও স্বজনের খোঁজ চাই। কারণ, মা-ছেলের অনাথ গ্লানি ঘোচাতে চাই।’
স্বপ্নার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির সিলেট বিভাগীয় প্রধান সৈয়দা শিরীন আক্তার বলেন, ‘মামলাটি আসলে ভুল-বোঝাবুঝি থেকে হয়েছে। আমরা এ নিয়ে প্রশ্ন রেখে বলছি, বছর দেড়েক আগে একটি পরিবারের আশ্রিত থাকা অবস্থায় এক মা ও শিশু কীভাবে অবৈধ অনুপ্রবেশকারী হয়? আদালত বিজয়া-সত্যেন্দ্র পরিবারের জিম্মায় থাকার বিষয়ে নিশ্চিত হয়ে স্বপ্না ও শুভকে জামিনে মুক্তি দেন।’
সম্প্রতি ছায়ানীড়ে প্রথম আলোর এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালেও স্বপ্না তাঁর বাড়ি শ্রীমঙ্গলে বলে জানান। মা, বাবা আর স্বামীর নাম ছাড়া তিনি কিছুই বলতে পারেননি। তাঁর ভাষ্যমতে, তাঁর মা শেফালী দেবী ও বাবা অরুণ দেব দুজনই মারা গেছেন। স্বামী তপন দেব পেশায় কাপড়ের ব্যবসায়ী। তবে তিনি কোথায় আছেন, তা স্বপ্না জানেন না। শুধু এটুকু জানেন, সন্তানসম্ভবা অবস্থায় তাঁকে সিলেটে ফেলে রেখে যান তাঁর স্বামী।
স্বপ্না বলেন, ‘হেই দিন ইস্টিশনে (সিলেট রেলস্টেশন) আমারে ফালাই দিয়া জামাই চলি গেছে। হেই খান থাকি লোকে আমারে হাসপাতালে ভর্তি করছে। জামাই আছে, কই আছে জানি না!’