তবুও উদ্বেগ, উৎকণ্ঠা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শত্রুমুক্ত হয়েছিল ২ ডিসেম্বর। ২ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ১৪ দিন শমশেরনগর শত্রুমুক্ত থাকলেও মানুষের মনে কোনো আনন্দ ছিল না। আবার আক্রমণ হয় কি না—এ নিয়ে ছিল যারপরনাই উদ্বেগ আর উৎকণ্ঠা। চূড়ান্ত বিজয় যদি অর্জিত না হয়—কী হবে শমশেরনগরবাসীর? শেষ পর্যন্ত এ উদ্বেগ আর থাকেনি। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের সঙ্গে উদ্বেগ ছাপিয়ে উৎসবে ভাসে শমশেরনগরও।
বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষণের পর থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে সভা ও মিছিলে সরগরম হয়ে ওঠে। স্থানীয় পুলিশ ফাঁড়িতে পাকিস্তানি পতাকা নামিয়ে পুড়িয়ে ফেলা হয়। উত্তোলন করা হয় বাংলাদেশের পতাকা। এ খবর পেয়ে পাকিস্তানি সেনারা প্রতিদিন সাঁজোয়া যান নিয়ে শমশেরনগরের টহল জোরদার করে। ২৭ মার্চ পাকিস্তান সেনাবাহিনীর অতর্কিত হামলায় নিরীহ বয়োবৃদ্ধ সিরাজুল ইসলাম নির্মমভাবে নিহত হন। এ ঘটনার পরদিন ২৮ মার্চ বিকেলে তিনটি দালানের ওপর অ্যাম্বুশ করে পাকিস্তানি সেনাদের জিপের ওপর আক্রমণ করে সেনা কর্মকর্তা ক্যাপ্টেন গোলাম রসুলসহ নয়জন পাকিস্তানি সেনাকে হত্যা করে মুক্তিবাহিনী।
১৯৭১ সালের নভেম্বরের প্রথম থেকেই শমশেরনগরে মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনা সমন্বয়ে যৌথ বাহিনীর পরিকল্পনায় একের পর এক হামলা চলে। সাঁড়াশি আক্রমণে পাকিস্তানি সেনারা শমশেরনগর ছেড়ে মুন্সীবাজার হয়ে জেলা সদর (তৎকালীন মহকুমা) মৌলভীবাজারের দিকে সরে যেতে থাকে। পাকিস্তানি সেনাদের সঙ্গে সঙ্গে এলাকার পাকিস্তানি বাহিনীর প্রধান দোসর আরিফ মুন্সীসহ সহযোগীরাও এলাকা ছেড়ে পালিয়ে যায়। একপর্যায়ে ২ ডিসেম্বর শমশেরনগর শত্রুমুক্ত হয়। অবশ্য রাধানগর ও মুন্সীবাজারের মাঝামাঝি স্থানে যৌথ বাহিনীর সঙ্গে পাকিস্তানি বাহিনীর বড় ধরনের যুদ্ধ হয়।
২ ডিসেম্বর শত্রুমুক্ত হলে ভারত থেকে কিছুসংখ্যক মুক্তিযোদ্ধা, ভারতের শরণার্থী শিবির থেকে আসা বাঙালি পরিবারের সদস্যরা নিজ ভূমিতে ফিরে এসে নিজেদের বসতবাড়িতে বসবাস উপযোগী করতে ব্যস্ত হন। আর যৌথ বাহিনীর সদস্যরা শমশেরনগর চৌমোহনা এলাকায় একটি ঘরে (বর্তমানে মৃদুল হোটেল) শহীদ ভারতীয় সেনাসদস্যদের মৃতদেহ সংগ্রহ করে রেখে পরে ভারতের কৈলাসহরে নিয়ে যান। ২ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর—এই ১৪ দিন শমশেরনগর থেকে ভারতের কৈলাসহরের দিকে ভারতীয় সেনাবাহিনীর যানবাহন চলাচল করে। যুদ্ধবিধ্বস্ত শমশেরনগর সেই ১৪ দিনে অনেকটা বিরানভূমি ছিল। আতঙ্ক ছিল এই ভেবে যে পরাজিত পাকিস্তানি সেনাদের দোসররা আবার চোরাগোপ্তা হামলা চালায় কি না। তা ছাড়া ঠিক কবে পুরো দেশটা শত্রুমুক্ত হবে—এ বিষয়েও স্পষ্ট কিছু জানা ছিল না মানুষের। অবশেষ ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের ঘোষণা শুনে এলাকার মানুষের মনে স্বস্তি ফিরে আসে। আনন্দ-উল্লাসে মেতে ওঠে মানুষ।
(মুক্তিযোদ্ধা মৃণাল ধরচৌধুরী, আবদুস সোবহান, দিপ্তী কুমার দাস ও মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর সঙ্গে কথা বলে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে)