তবুও কিস্তির জন্য ঘোরাফেরা
ঠাকুরগাঁও সদর উপজেলায় গত রোববার রাতে উজান থেকে নেমে আসা ঢলে ভেসে গেছে বহু মানুষের ঘরবাড়ি। ঘরের কোনো কিছুই রক্ষা করতে পারেননি অনেকে। আবার অনেকে ঘরের জিনিসপত্র রক্ষায় এদিক-ওদিক ছুটছেন।এমন পরিস্থিতিতে ঋণের কিস্তি আদায়ের জন্য গতকাল সোমবার এ বাড়ি-ও বাড়ি ঘোরাফেরা করতে দেখা গেছে ফরাজ উদ্দিন নামে এক ব্যক্তিকে। তিনি উত্তরা ডেভেলপমেন্ট প্রোগ্রাম সোসাইটি (ইউডিপিএস) নামের একটি বেসরকারি সংস্থার মাঠকর্মী। পৌর এলাকার জলেশ্বরীতলায় কথা হয় ফরাজ উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের সংস্থা বকেয়া মানে না। তাই এমন পরিস্থিতি জেনেও বাধ্য হয়ে ঋণের কিস্তি চাইতে এসেছি।’ জলেশ্বরীতলার অনুপমা মহিলা সমিতির সদস্য মুক্তা বেগম জানান, তাঁদের দলে ২০ জন নারী সদস্য রয়েছেন। তাঁরা সবাই বিভিন্ন পরিমাণে ঋণ নিয়েছেন। মুক্তা বেগম বলেন, ‘আমিও ২০ হাজার টাকা ঋণ নিয়েছি। বড় ধরনের অসুবিধায় না পড়লে আমি কখনো কিস্তি বকেয়া করি না। রোববার রাতে পানির ঢলে বাড়িঘর সব ভাসিয়ে নিয়ে গেছে। এখন জীবন বাঁচানোই কঠিন হয়ে পড়েছে। এ অবস্থায়ও কিস্তির জন্য অফিস থেকে স্যার এসেছেন।’ এ ব্যাপারে ইউডিপিএসের মথুরাপুর শাখার ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, ‘অফিস বকেয়া মানে না বলেই আমরা এখানে এসেছি। ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে দেখি কিছু করা যায় কি না।’সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরী বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের কাছ থেকে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে এলাকার সব এনজিওকে তিনি অনুরোধ করবেন।