তবুও ঢাকা ফাঁকা

‘প্রশান্তির সময় শেষ, যন্ত্রণার শুরু হবে। ঢাকা ফিরছি।’ গতকাল রোববার দুপুরে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন মন্তব্য করেন লেখক-স্থপতি শাকুর মজিদ। গ্রামের বাড়িতে ঈদ সেরে তিনি ফিরছিলেন ঢাকায়। ঠিক তাঁর এই স্ট্যাটাসের নিচে দেলোয়ার হোসেন নামের একজন মন্তব্য করেছেন, ‘যন্ত্রণাকে উপভোগ করতে শিখুন। প্রশান্তি বিঘ্নিত হবে না।’
এটি নির্দিষ্ট একটি যোগাযোগ মাধ্যমে দুজনের আলাপন হলেও ছুটির পর ঢাকায় ফিরতে বাধ্য হওয়া সব মানুষের কথাই যেন তাঁদের কথায় ধ্বনিত হয়েছে। মাটির টান, প্রিয়জনের সঙ্গ কিংবা প্রাণজুড়ানো বিশুদ্ধ বায়ুর মায়া ত্যাগ করে জীবিকার প্রয়োজনে বাধ্য হয়ে ফিরতেই হয় কর্মব্যস্ত এ নগরে।
ঈদুল আজহার ছুটি ছিল গেল মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। এর সঙ্গে বাড়তি ছুটি যোগ হয়েছে শুক্র ও শনিবার। এত দিনের টানা ছুটি নিয়ে যাঁরা ঢাকার বাইরে ঈদ করতে গিয়েছিলেন, গতকাল তাঁদের অনেকেই ঢাকায় ফিরেছেন। ছুটির পর গতকাল ছিল প্রথম কর্মদিবস। তবে ঢাকা এখনো স্বাভাবিক রূপ ফিরে পায়নি। ধারণা করা হচ্ছে, এ সপ্তাহ পুরোটাই ফাঁকা থাকবে ঢাকা।
ঈদের ছুটির পর সব সরকারি প্রতিষ্ঠান গতকাল খুলেছে। এ ছাড়া কিছু কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতানও খুলেছে। চকবাজার, বেগমবাজার, ধোলাইখাল, ইসলামপুর, কারওয়ান বাজার ইত্যাদি এলাকার পাইকারি ও খুচরা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তেমন খোলেনি। সচিবালয়সহ সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসে কর্মকর্তা-কর্মচারীদের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কম। সচিবালয়ে দর্শনার্থীদের তেমন ভিড় ছিল না।
জানা গেছে, কমলাপুর স্টেশন থেকে গতকাল ছেড়ে যাওয়া আন্তনগর ট্রেনগুলোতে যাত্রী ছিল কম। অপর দিকে বাইরে থেকে ঢাকায় আসা ট্রেনগুলো ছিল যাত্রীতে পরিপূর্ণ। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেসে গতকাল এসেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অভি। তিনি বললেন, তাঁর ধারণা ছিল যাওয়ার সময়ের মতো ঢাকায় ফিরে আসায় দুর্ভোগ হবে কম। কিন্তু তা হয়নি। আসনবিহীন টিকিট সংগ্রহ করা যাত্রীদের ভিড়ে স্বস্তিতে ফেরা ছিল অসম্ভব। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব স্টেশন থেকে অনেক যাত্রী উঠেছেন, যাঁদের আসন ছিল না। পাশাপাশি ট্রেনের শিডিউল জটিলতা নিয়েও যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে।
বাসযাত্রীদের ফিরে আসার অভিজ্ঞতাও নাজুক। ওষুধ কোম্পানির কর্মকর্তা তনিমা আকবর দিনাজপুর থেকে ফেরার জন্য ট্রেনের টিকিট কাটলেও শেষ পর্যন্ত শিডিউল জটিলতার কারণে বাসে ফেরার সিদ্ধান্ত নেন। তিনি বিআরটিসির যে বাসটিতে ঢাকায় ফিরলেন, তা আসলে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া নেওয়া হলেও বাসটিতে কোনো শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র চালানো হয়নি।
রাজধানীর সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, মানুষের ঢাকায় ফেরার দৃশ্য। বাস ও লঞ্চে ঢাকায় ফেরা মানুষের অনেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন।
ট্রেনে, বাসে কিংবা লঞ্চে মানুষ ফিরতে শুরু করলেও রাজধানীর বিপণিবিতান এমনকি খাবারের দোকানগুলোও জমেনি। ঢাকার অভিজাত রেস্তোরাঁগুলো বেশির ভাগই বন্ধ ছিল।
মতিঝিলের হোটেল ডি বাদশার উদ্যোক্তা তানভীর রানা জানান, ঈদের ছুটির পর গতকালই প্রথম তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান খুলেছেন। তবে গ্রাহকের উপস্থিতি কম হওয়ায় পুরোদমে চালু করেননি। সীমিত কিছু খাবারের ব্যবস্থা রেখেছেন। আজ থেকে পুরোদমে হোটেল চালু হবে। চকবাজারের ব্যবসায়ী এনায়েত করিম বলেন, বাজারে টুকটাক ক্রেতা থাকলেও কর্মচারীরা ঢাকায় ফেরেননি। তাই দোকান খোলা যাচ্ছে না।