তবুও তিনি বেঁচে আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যৌতুকলোভী স্বামীর নিষ্ঠুর নির্যাতনে মারা গেছেন নিশ্চিত ভেবে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল গৃহবধূকে। ঘটনাক্রমে বেঁচে যান তিনি। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।মামলা ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে নান্দিয়ারপাড়া গ্রামের তবিবর রহমানের মেয়ে টপি খাতুনের (২০) বিলনোথার গ্রামের সোনাউল্লার ছেলে লাভলু মিয়ার (২২) সঙ্গে বিয়ে হয়। এ সময় বরপক্ষকে ৫৫ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। বিয়ের পর থেকেই লাভলু আরও যৌতুকের জন্য টপিকে মারধর করেন। স্বামীর নির্যাতন সইতে না পেরে টপি বাবার বাড়িতে চলে যান। গত ১০ আগস্ট লাভলু শ্বশুর বাড়িতে যান এবং টপিকে আর মারধর করবেন না বলে প্রতিশ্রুতি দিয়ে আবার দেড় লাখ টাকা রেজিস্ট্রি কাবিন করে টপিকে কৌশলে তাঁর বাড়ি নিয়ে যান। পরদিন থেকে আবার টপির ওপর নির্যাতন চালাতে থাকেন। এর জের ধরে গত রোববার ভোররাতে লাভলু ও তাঁর পরিবারের লোকজন টপিকে মারধর করতে থাকেন। একপর্যায় টপি মারা গেছেন নিশ্চিত ভেবে তাঁর লাশ বাড়ির পাশে পুকুরের পানিতে ফেলে দেন। এ সময় পাশের বাড়ির চান মিয়া সেখান দিয়ে যাওয়ার সময় টপিকে ভাসতে দেখে চিৎকার করতে থাকেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। রোববার দুপুরে তাঁকে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অবস্থা বেগতিক দেখে লাভলু অসুস্থের ভান করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। টপির চাচা হেলালউদ্দিন বাদী হয়ে লাভলু ও তাঁর বাবা সোনাউল্লাসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় হত্যাচেষ্টার মামলা করেন। টপি খাতুন বলেন, ‘স্বামী, শ্বশুর-শাশুড়িসহ পরিবারের লোকজন আমার বিয়ের দুই দফা কাবিন করায় তাঁরা ক্ষিপ্ত হয়ে কয়েক দিন ধরে মারধর করছেন। রোববার রাতে লাভলু আমার বুকে লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে গলার ওপর উঠে পারা দিয়েছেন। এরপর কী হয়েছে আমি আর বলতে পারি না। জ্ঞান ফিরে দেখি, আমি হাসপাতালে শুয়ে আছি।’টপির বাবা তবিবর রহমান বলেন, ‘বিয়েতে ৫৫ হাজার টাকা যৌতুক দিয়ে দিয়েছি। বিয়ের পর থেকেই টপির স্বামী ও তাঁর পরিবারের লোকজন আমার কাছে আরও যৌতুক চেয়েছেন। আমি না দিতে পারায় তাঁরা আমার মেয়েকে নির্যাতন করেছেন। এ কারণে তাঁদের কাছ থেকে বেশি টাকায় দ্বিতীয়বার বিয়ের কাবিন করেছি।’লাভলু মিয়া বলেন, ‘টপি আমাকে পছন্দ করত না। এ কারণে মাঝেমধ্যে রাগ করে বাবার বাড়িতে চলে যায়। রোববার ভোররাতে টপি বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে গ্রামবাসীর সহযোগিতায় পুকুরের পানির ধার থেকে তাকে উদ্ধার করা হয়েছে। আমি তাকে যৌতুকের জন্য মারধর করিনি এবং পানিতে ফেলে দেইনি।’ধুনট থানার পরিদর্শক (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা তোজাম্মেল হক বলেন, টপির চাচা হেলালউদ্দিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে লাভলু ও তাঁর বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সকালে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনার রশিদ বলেন, ‘অজ্ঞান অবস্থায় টপিকে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে তাঁর জ্ঞান ফিরেছে। শরীরে মারধরের তেমন জখম নেই। তবে তাঁকে যে অমানসিকভাবে নির্যাতন করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই।’