তবুও দমেনি খুদে শিক্ষার্থীরা!
দোতলা প্রাথমিক বিদ্যালয় ভবন। চারপাশে অথৈ পানি। একটু পরপর ছোট ছোট নৌকা ভিড় করছে বিদ্যালয়ের আঙিনায়। আসছে খুদে শিক্ষার্থীরা। কেউ কেউ নিজেই নৌকা চালিয়ে এসেছে। সামনে দ্বিতীয় সাময়িক পরীক্ষা। এখন স্কুল কামাই করা যাবে না! মৌলভীবাজারের জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্ভোগ সয়ে প্রতিদিন এভাবেই স্কুলে আসছে।গতকাল বুধবার সকালে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের চারপাশ ছাড়া বেলাগাঁও গ্রামের অধিকাংশ বাড়িঘর তলিয়ে আছে। মানুষজন প্রায় তিন মাস ধরে পানিবন্দী। নৌকা ছাড়া তাদের চলাচলের আর ব্যবস্থা নেই। গত এপ্রিলের শেষ দিকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওর উপচে বেলাগাঁওসহ আশপাশের গ্রামগুলোতে দীর্ঘ জলাবদ্ধতা দেখা দেয়। গত ৩ মে থেকে ১৭ জুলাই এই বিদ্যালয়ে পাঠদান বন্ধ ছিল।শিক্ষার্থীরা জানায়, গ্রামের কিছু গরিব লোক ভাড়ায় নৌকা চালান। সকালে বাড়ি-বাড়ি গিয়ে তাঁরা শিক্ষার্থীদের নৌকায় তুলে বিদ্যালয়ে আনেন এবং ছুটির পর বাড়ি পৌঁছে দেন। ভাড়া হিসেবে তাঁরা জনপ্রতি দুই-পাঁচ টাকা নেন। এ ছাড়া যাদের বাড়িতে নৌকা আছে তারা নিজেরাই সহপাঠীদের ডেকে তুলে নৌকা চালিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করে।নৌকায় করে বিদ্যালয়ে আসা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা হলো এই প্রতিবেদকের। কষ্ট হলেও পড়াশোনার গুরুত্ব বোঝে পঞ্চম শ্রেণীর সুমাইয়া আক্তার (১১)। ‘ইশকুলো না আইলে পরীক্ষায় ফেইল করমু যে।’ বলল সে। নৌকায় যাওয়া-আসার ঝক্কিও কম নয়। একই শ্রেণীর নূরুল ইসলাম (১১) বলছিল সে কথা। ‘মাঝে মাঝে বাতাসে নৌকা ডুবি যায়। আমরা সাঁতার জানি। সমস্যা অয় না। কিন্তু বই-খাতা ভিজি যায়। রোদে নিয়া শুকাইতে অয়।’ চতুর্থ শ্রেণীর জুয়েল আহমদ (১০), তৃতীয় শ্রেণীর মরিয়ম বেগমের (১০) মতো অনেকেই নৌকা চালনা শিখে নিয়েছে।বেলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী আছে ৪২৩ জন। শিক্ষক-শিক্ষিকা আছেন ছয়জন। সহকারী শিক্ষিকা আম্বিয়া বেগম বলেন, ‘শিক্ষার্থীদের আগ্রহ দেখে আমরা মুগ্ধ। অভিভাবকদেরও সহযোগিতা পাচ্ছি।’প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, ‘সব শ্রেণীতেই প্রতিদিন প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থী উপস্থিত থাকে। গত বছরের (২০০৯) প্রাথমিক সমাপনী পরীক্ষায় পাসের হার ছিল ৯৯ শতাংশ। বৃত্তি পেয়েছিল তিনজন।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা গতকাল প্রথম আলোকে বলেন, এবারের দীর্ঘ জলাবদ্ধতায় উপজেলার বিভিন্ন গ্রামের লোকজন প্রচণ্ড দুর্ভোগ পোহাচ্ছেন। হাকালুকি হাওরপাড়ের এক পাশ ঘিরে একটি বেড়িবাঁধ নির্মাণ এবং কয়েকটি জায়গায় বন্যাসহনীয় সড়ক করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটি প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে।