তবুও পাহাড়ের নিচে ঠাঁই পেতে চান রওশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাপ্তাইয়ে পাহাড়ধসে ভাগ্যক্রমে বেঁচে যান রওশন আরা। কিন্তু মাটিচাপা পড়ে মারা যায় তাঁর পরিবারের তিন সদস্য। ওই দিনের ঘটনা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
কাপ্তাইয়ে পাহাড়ধসে ভাগ্যক্রমে বেঁচে যান রওশন আরা। কিন্তু মাটিচাপা পড়ে মারা যায় তাঁর পরিবারের তিন সদস্য। ওই দিনের ঘটনা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

পাহাড়ধসে মাটিচাপা পড়েও ভাগ্যক্রমে বেঁচে গেছেন রওশন আরা (৪৫)। হারিয়েছেন স্বামীসহ পরিবারের তিনজনকে। থাকার ঘরটিও গেছে পাহাড়চাপায়। সেই বিভীষিকাময় স্মৃতি তাঁকে এখনো তাড়া করে। কিন্তু এত কিছুর পরও সেই পাহাড়ের নিচেই আবারও মাথা গোঁজার ঠাঁইয়ের স্বপ্ন দেখছেন রওশন।
গত ১৩ জুনের ভয়াবহ পাহাড়ধসে রওশন আরা হারিয়েছেন স্বামী মো. নূরুন্নবী (৫০), নিজের ছেলের বউ রুবি আক্তার (২৫) ও নাতি রোহানকে (৬)। মৃত্যুর সময় রুবি আক্তার অন্তঃসত্ত্বা ছিলেন। একমাত্র সন্তান মো. সবুজ চট্টগ্রাম শহরে থাকায় বেঁচে যান। সবুজ শহরে গাড়ি চালান।

ওই দিন পাহাড়ের নিচে চাপা পড়েছিলেন রওশন আরা নিজেও। আশপাশের লোকজন এসে তাঁকে  উদ্ধার করেন। স্বামী ও অন্যদেরও উদ্ধার করা হয়। কিন্তু ততক্ষণে তাঁরা মারা যান। মিতিঙ্গাছড়ি মূল সড়ক থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে পাহাড়ের পাদদেশে রওশন আরার ঘর ছিল। স্বামী সন্তান নিয়ে প্রায় এক যুগ ধরে ওই পাহাড়ের নিচে ঘর বেঁধে ছিলেন তিনি।

সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা যায়, পাহাড় কেটে গড়ে ওঠা বেশ কিছু বসতঘরে এখনো পাহাড়ধসে ক্ষতের চিহ্ন এখনো রয়ে গেছে। পাহাড়ের মাটিতে প্রায় নিশ্চিহ্ন রওশন আরার বাড়িটি। আশপাশের আরও অন্তত পাঁচটি ঘর পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত।

ওই দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় গলা ধরে আসে রওশন আরার। প্রথম আলোকে তিনি বলেন, ‘সকাল সাড়ে নয়টার সময় বৃষ্টির মধ্যে পাহাড়টি ভেঙে আমাদের গায়ের ওপর পড়ে। পাশের ঘরের আবদুল মান্নানসহ অন্যরা এসে আমাকে মাটির স্তূপ থেকে টেনে বের করেন। নিজে প্রাণে বাঁচলেও হারাতে হয়েছে স্বামী, নাতি ও ছেলের বউকে।’

দুর্ঘটনার সময় চট্টগ্রামে থাকা ছেলে সবুজ খবর পেয়ে বাড়ি যান। বাবা, স্ত্রী ও ছেলের লাশ দাফন করে আবার ফিরে যান কর্মস্থলে। মা রওশন আরাকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু পাহাড়ের নিচ ছেড়ে যেতে রাজি হননি তিনি। ভেঙে যাওয়া ঘরটিই আবারও নতুন করে বাঁধতে চান তিনি। রওশন বলেন, ‘আমার স্বামী এখানে মরেছেন। এই জায়গা ছেড়ে আমি কোথায় যাব!’

রওশন আরা এখন একই এলাকায় দেবর নূর কবিরের ঘরে থাকেন। পাহাড়ধসে তিন স্বজনের মৃত্যুর পর প্রশাসন ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয় রওশনের পরিবারকে। এ ছাড়া আর অন্য কোনো সাহায্য তিনি পাননি।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারিকুল আলম বলেন, পাহাড়ধসে রাঙামাটিতে ১২০ জন মারা যায়। এর মধ্যে কাপ্তাইতে মারা যায় ১৯ জন। এ ছাড়া আরও বেশ কয়েক জন আহত হয়েছে। বৃষ্টি ও পাহাড়ধসে প্রায় সাড়ে ৮০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।