তবুও ভাতা তালিকায় নাম নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামের ছয় ভাইবোন দৃষ্টি ও বুদ্ধিপ্রতিবন্ধী। কিন্তু উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধী ভাতাভোগীর তালিকায় তাদের নাম নেই।বাঘমারা গ্রামের বাসিন্দা ও ওই ছয়জনের বাবা মাজন মিয়া প্রথম আলোকে বলেন, ১৯৮৮ সালে একই গ্রামের আলেকজান বেগমকে বিয়ে করেন তিনি। পরের বছর তাঁদের প্রথম সন্তান ফুলজান বেগমের জন্ম হয়। বয়স একটু বাড়লে দেখা যায়, ফুলজানের জ্ঞানবুদ্ধি স্বাভাবিকভাবে বাড়েনি। দিনের বেলা অল্প অল্প দেখতে পেলেও রাতে সে কিছুই দেখতে পায় না। এরপর একে একে আরও পাঁচ সন্তানের জন্ম হয়। ওই পাঁচজন হলো, রমজান আলী (১৭), নুরজাহান বেগম (১৩), মামুন মিয়া (১০), অইরুন নেছা (৮) ও অনিকা ইয়াছমিন (৩ মাস)। এদের সবার মধ্যে এ সমস্যা রয়েছে। অনিকার মধ্যেও একই ধরনের লক্ষণ দেখা গেছে। সন্তানদের চিকিৎসা, ভরণ-পোষণ করতে গিয়ে ইতিমধ্যে সর্বস্ব হারিয়েছেন মাজন মিয়া। এখন একটা ছোট্ট দোকানের আয়ে কষ্টে-সৃষ্টে তাঁর সংসার চলে। বড় মেয়ে ফুলজানকে (২১) বিয়ে দিয়েছিলেন। কিন্তু বিয়ে টেকেনি। মাজন মিয়া বলেন, ইউনিয়ন পরিষদের এক সদস্যের সহযোগিতায় উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে ১০ হাজার টাকা প্রতিবন্ধী ঋণ নিয়েছিলেন। এর বাইরে কোনো ভাতা পায়নি তাঁর ছেলেমেয়েরা। চার বছর ধরে স্থানীয় সমাজসেবা কার্যালয়ে গিয়ে ধরনা দিয়েও কোনো ভাতা পাওয়া যায়নি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ রফিকুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য প্রতি মাসে ৩০০ টাকা করে ভাতা দেওয়ার সরকারি বরাদ্দ আছে। একই পরিবারে ছয়জন প্রতিবন্ধী আছে, এটা আমার জানা ছিল না। অবশ্যই আগামী তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে।’