তবুও রিশাদুল স্বপ্ন দেখেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার আব্বু আবদুর রাজ্জাক একজন দিনমজুর। নিজেদের কোনো জায়গাজমি নাই। তাই অন্যের জমিতে কামলা খেটে সংসার চালান তিনি। আমার এতটুকু এই অর্জন তা আব্বু-আম্মুর আন্তরিকতা ও ভালোবাসার কারণেই। আমাকে যেতে হবে আরও অনেক দূর। ভবিষ্যতের সেই দিনগুলো নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি। ’

এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া রিশাদুল ইসলাম এভাবেই জানালেন তাঁর সাফল্যের কাহিনি।

কক্সবাজার জেলার কুতুবদিয়া গ্রামের বাড়িতে দিনমজুরের কাজ করেন বাবা। মা হামিদা বেগম গৃহিণী। ডাচ্-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির টাকা দিয়ে চট্টগ্রাম কলেজে পড়েছেন। পাশাপাশি পড়িয়েছেন ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে। নিজের খরচ নিজেকেই চালাতে হয়েছে। কলেজের শেরেবাংলা ছাত্রাবাসে থাকার সময় বাইরে কোথাও বেরোতেন না, টাকা খরচ হবে বলে।

রিশাদুল মনোহরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পান। কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীতে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন। এসএসসিতে শুধু পৌরনীতি বিষয়ে নম্বর কম পাওয়ায় তাঁর গোল্ডেন জিপিএ পাওয়া হাতছাড়া হয়ে যায়। কুতুবদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাঁকে এসএসসি পর্যন্ত বিনা খরচে পড়ার সুযোগ করে দেন। পরীক্ষার পর রিশাদুল ছাত্রাবাস ছেড়ে উঠেছেন নগরের মুরাদপুর এলাকার মোহাম্মদপুরে এক ব্যাচেলর ঘরে। মাসে ভাড়া এক হাজার ২০০ টাকা। অষ্টম শ্রেণীর একজন ছাত্র পড়িয়ে খরচ চালাচ্ছেন আপাতত।

পাঁচ ভাইবোনের সংসারে রিশাদুল সবার বড়। এদের মধ্যে ছোট বোন সোমাইয়া সুলতানা সপ্তম শ্রেণীতে, ছোট ভাই ইয়াসিন আরাফাত পঞ্চম শ্রেণী, শাহেদুল ইসলাম চতুর্থ শ্রেণী এবং সর্বকনিষ্ঠ বোন তাহরিমা মুনতাহি পড়ছে প্রথম শ্রেণীতে।

বাবা আবদুর রাজ্জাক বক্ষব্যাধিতে ভুগছেন। চার বছর আগে রোগ ধরা পড়ে। রিশাদুলের এইচএসসির টেস্ট পরীক্ষার আগে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। এ সময়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর কিছুটা সুস্থ হলে বাড়ি ফিরে যান। চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন। কিন্তু ছেলেমেয়ে আর সংসারের ঘানি টানতে এখনো দিনরাত কাজ করে যেতে হচ্ছে।

রিশাদুলের ভাষায়, ‘আব্বু এক দিন কাজ না করলে আমরা তো অচল হয়ে যাব।’ রিশাদুলের ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন অথবা ডেভেলপমেন্ট স্টাডিজ নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করার। সেই ইচ্ছা কতটা পূরণ হবে, তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছেন। তবুও রিশাদুল স্বপ্ন দেখেন, যদি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পান তবে তাঁর মতো দারিদ্র্যপীড়িত লোকদের পাশে দাঁড়াবেন—যেন এদের কাউকে আর জীবন যুদ্ধে হেরে যেতে না হয়। ঈদের কেনাকাটা প্রসঙ্গে রিশাদুল বলেন, ‘কিছু কেনাটা তো এখন বিলাসিতা। ছোট ভাইবোনকে অনুরোধে করেছি, বাবার কাছে কোনো আবদার না করতে। আমি বাড়ি যাওয়ার সময় ওদের জন্য কাগজ এবং কলম কিনে নিয়ে যাব। সাধ্যমতো কিছু জামাকাপড়  কেনার চেষ্টা করব। ছোট দুই বোনকে এর আগে জুতা কিনে দিয়েছি।’