
বাবা দিনমজুর আর মা গৃহকর্মীর কাজ করেন। সংসারে অভাব-অনটন লেগেই থাকে। ভালো খাবার ও সুন্দর কাপড় জুটে না। এমনই গরিব দম্পতির আঁধার ঘরে চাঁদের আলো ছড়াচ্ছে মেয়ে মারিয়া সুলতানা। সে শুধু ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করেনি, বরং কুমিল্লা শিক্ষা বোর্ডে মানবিক বিভাগে একমাত্র শিক্ষার্থী হিসেবে মেধাবৃত্তি পেয়ে ঈর্ষণীয় কৃতিত্ব অর্জন করেছে।
মারিয়া সুলতানার এই সাফল্যে তার মা-বাবা খুব খুশি। আনন্দে আত্মহারা মারিয়ার মা আমেনা বেগম বলেন, ‘আমি সারা দিন মাইনষের বাড়িতে ঝিয়ের কাজ করি। এতে আমার কোনো কষ্ট নাই। মাইয়াডারে পড়াইতে পারতাছি, এতেই আমরা খুশি। যহন (যখন) হুনছি (শুনেছি) মাইয়ায় বোর্ডে সেরা অইছে, তহন আনন্দে বুকটা বইড়া (ভরে) গেছে।’
মারিয়ার বাবার নাম পরশ মিয়া। তাঁদের বাড়ি কুমিল্লার বাঞ্ছারামপুর উপজেলার কালাইনগর গ্রামে। ছোট একটি টিনের ঘরে মা-বাবা ও এক বোনের সঙ্গে সে থাকে। সেই ঘরে বিদ্যুৎও নেই। পাহাড়সমান সমস্যা এবং সংকটের মধ্যেও মেয়ের সাফল্য নিয়ে পরশ মিয়া ও আমেনা বেগম গর্ব করেন। তবে মেয়ের পড়াশোনার খরচ চালানোর বিষয়টি নিয়ে তাঁরা চিন্তিত হয়ে পড়েছেন।
পরশ মিয়া বলেন, ‘আমি মানুষের জমিতে কাজ করে খাই। মেয়েকে অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছি। সে (মেয়ে) আরও পড়তে চায়। আমি গরিব মানুষ। এখন পড়াশোনা করতে অনেক টাকা লাগে। তাই ভবিষ্যতে মেয়ের পড়াশোনার খরচ চালাব কীভাবে, তা নিয়ে চিন্তা হচ্ছে।’
খোঁজ নিয়ে এবং স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নিজে পড়াশোনা না করতে পারলেও মেয়ে মারিয়ার পড়াশোনার বিষয়ে সচেতন ছিলেন পরশ মিয়া। পাশাপাশি ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ ছিল মারিয়ার। শুধু এসএসসিই নয়, প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায়ও চমৎকার ফল করেছে সে। সে কালাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১০ সালে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ এবং বৃত্তি পায়। ২০১৩ সালে শাহ রাহাত আলী উচ্চবিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায়ও সে জিপিএ-৫ পেয়েছে।
সম্প্রতি কালাইনগর গ্রামে গিয়ে দেখা গেছে, পরশ মিয়ার বাড়িতে দোচালা একটি টিনের ঘর। ঘরের এক পাশে গরুর শুকনা বিষ্ঠা বস্তাবন্দী করে রাখা। এর পাশেই রয়েছে বাঁশের তৈরি একটি বইয়ের তাক (শেলফ)। তাক আর ড্রামের ওপরে মারিয়ার বই রাখা আছে। পড়ার কোনো টেবিলও নেই। সে এখন শাহ রাহাত আলী কলেজের ছাত্রী।
মারিয়া সুলতানা উচ্চশিক্ষা শেষ করার পর গরিব ও অসহায় মানুষকে সহায়তা করতে চায়। সে বলে, দেশের মানুষ অধিকাংশ ক্ষেত্রেই ন্যায়বিচার পাচ্ছে না। তাই তাদের সহায়তা করার জন্য সে আইনজীবী হওয়ার স্বপ্ন দেখে।
বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তৌহিদ বলেন, ১৯ এপ্রিল ২০১৬ সালের এসএসসি পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ করে কুমিল্লা বোর্ড। এতে এই বোর্ডে মানবিক বিভাগ থেকে মারিয়া সুলতানাই একমাত্র ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।
মারিয়ার প্রশংসা করেছেন শাহ রাহাত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল করিমও। তিনি বলেন, ‘দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় আমরা সব সময় মারিয়া সুলতানার আলাদাভাবে যত্ন নিয়েছি। বিদ্যালয় থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। মারিয়া এতই মেধাবী যে পড়ালেখা চালিয়ে যেতে পারলে সে অনেক দূর যেতে পারবে।’