তবুও স্বপ্ন পূরণের শঙ্কা শামীমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামীমা
শামীমা

সাতক্ষীরার তালার মেধাবী ছাত্রী শামীমার লেখাপড়া নিয়ে শঙ্কা কাটছে না। অভাবের সঙ্গে যুদ্ধ করে রাজশাহী মেডিকেল কলেজে সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু আর্থিক অনটন তাঁর স্বপ্ন পূরণে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে আজ শুক্রবার দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরপর অনেকেই তাঁর সঙ্গে কথা বলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবু শঙ্কা কাটছে না তাঁর।

শামীমা জানান, আমেরিকার ‘ফল’ নামের একটি সংগঠন তাঁর খোঁজখবর নিয়েছেন। এ ছাড়া বেসরকারি সংস্থা ‘মানুষের জন্য মানুষ’ ও ‘সেফ ফর বাংলাদেশ’ নামের দুটি সংগঠন থেকেও তাঁর কাছে ফোন করেছে। শ্রম মন্ত্রণালয় থেকে একজন মুঠোফোনে খোঁজ নিয়েছেন। ‘পে ইট ফরওয়ার্ড বাংলাদেশ’ নামের একটি সংগঠন থেকেও যোগাযোগ করেছে। তিনি আরও জানান, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাসেম মহিউদ্দিন তাঁকে ২০ হাজার টাকা দিয়েছেন। সাতক্ষীরার একাধিক ব্যবসায়ী ও শিল্পপতি তাঁকে সহযোগিতা করেছেন।

তালা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুর রহমান জানান, ইতিমধ্যে সাতক্ষীরার তালা-কলারোয়ার সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ শামীমা খাতুন সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। তিনি ২৫ হাজার টাকা সহযোগিতা করেছেন। সাতক্ষীরার একজন শিল্পপতি দিয়েছেন ২০ হাজার টাকা, তাঁদের কলেজ থেকে ১০ হাজার টাকা ও একটি কলেজের অধ্যক্ষ দিয়েছেন তিন হাজার টাকা। এসব টাকা তাঁর কাছে রয়েছে। শামীমার নামে অ্যাকাউন্ট খুলে সেখানে জমা দেবেন। তবে তিনি বলেন, তাঁরা চেয়ে আছেন প্রথম আলোর দিকে। শামীমার দায়িত্ব প্রথম আলো নিলে তাঁরা আশ্বস্ত হতে পারেন।

পাঁচ বছর আগে শামীমা খাতুনের বাবা ও মায়ের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এরপর বাবার বাড়ি ছেড়ে একটি ভাড়া বাসায় ওঠেন তাঁরা। মায়ের অক্লান্ত পরিশ্রম আর শামীমার অধ্যবসায়ে ইচ্ছা পূরণ হওয়ার সুযোগ এসেছে। শামীমা ভর্তির সুযোগ পেয়েছেন রাজশাহী মেডিকেল কলেজে। কিন্তু আর্থিক সামর্থ্য না থাকায় তাঁর ভর্তি ও লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে।

শামীমার মা রায়েবা বেগম জানান, পাঁচ বছর আগে তাঁর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর চার মেয়েকে নিয়ে তিনি পার্শ্ববর্তী কপিলমুনি এলাকার একটি বাসা ভাড়া নেন। শুরু হয় তাঁর নতুন জীবন। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের বাড়ি বাড়ি ফেরি করে শাড়ি বিক্রি করা শুরু করেন। নুন আনতে পান্তা ফুরানোর অবস্থায় চলত শামীমাসহ চার বোনের পড়ালেখার খরচ। মেজ মেয়ে শামীমা এবার রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

শামীমা জানান, ২০১৭ সালে তালা মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪ দশমিক ৮৩ পেয়েছেন। এর আগে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে তিনি গোল্ডেন ‘এ’ প্লাস পেয়েছিলেন। তিনি বলেন, ‘পারিবারিক দৈন্যের কাছে আমি হার মানতে চাই না। আমি ভবিষ্যতে একজন ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে সেবা দিতে চাই সাধারণ দরিদ্র মানুষের। আমার স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়ে যাবে কি না, তা নিয়ে আমি শঙ্কিত।’