তবে কি হার মানতে হবে নোমানকে?

অভাবের সঙ্গে লড়াই করে পড়াশোনা করতে হয়েছে নোমানকে। শিক্ষক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়ও ভালো করেছেন নোমান। ‘গ’ ইউনিটে মেধাতালিকায় ৪৯তম স্থানে আছেন তিনি। কিন্তু এখনো ভর্তির টাকা জোগাড় করতে পারেনি তাঁর পরিবার।
কীভাবে ভর্তির টাকা জোগাড় হবে, কীভাবে নোমানের বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার খরচ জোগাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে নোমানের মা-বাবার।
নোমান হোসাইন চট্টগ্রামের মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী গ্রামের দিনমজুর মো. আলমগীর হোসেনের ছেলে। দুই ভাইবোনের মধ্যে নোমান ছোট। তিনি মিরসরাইয়ের প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পান।
উচ্চমাধ্যমিক পরীক্ষা পাসের পর নোমান প্রথম আলোকে জানিয়েছিলেন তাঁর স্বপ্নের কথা। নোমানসহ দুজন মেধাবী শিক্ষার্থীকে নিয়ে গত ২১ আগস্ট প্রথম আলোয় ‘হার মানেনি তারা দুজন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সে সময় নোমান বলেছিলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চান।
সেই লক্ষ্য সামনে রেখে নোমান যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, তার প্রমাণ উচ্চমাধ্যমিক পরীক্ষা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া ভর্তি পরীক্ষার ফলাফলে দেখা যায়, নোমান হোসাইন ‘গ’ ইউনিটে ১৬২ দশমিক ৩২ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তাঁর মেধাক্রম ৪৯তম।
সম্প্রতি কথা হয় নোমানের বাবা আলমগীর হোসেনের সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘এখনো আমি তার ভর্তির টাকা জোগাড় করতে পারিনি। চেষ্টা করে যাচ্ছি। কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন, তাহলে আমার ছেলেটার স্বপ্নপূরণ সহজ হতো।’
নোমানের মা জ্যোৎস্না আরা বেগম বলেন, ছেলেকে কীভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করাবেন, তা নিয়ে দুঃশ্চিন্তায় আছেন তাঁরা। আত্মীয়স্বজনদের বলেছেন সহযোগিতা করতে। নোমান হোসাইন বলেন, প্রথম দিকে তাঁর ভর্তিসহ আনুষঙ্গিক খরচ লাগবে ১২ হাজার টাকার মতো। এক ব্যক্তি তাঁকে ৬ হাজার টাকা দিয়েছেন। পোশাক তৈরি করতে কিছু টাকা খরচ হয়ে গেছে। অবশিষ্ট টাকা যাতায়াতের জন্য রেখেছেন।
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবছার উদ্দীন বলেন, ‘কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি কামাল উদ্দিন চৌধুরীর কাছে নিয়ে যাব নোমানকে। যতটুকু পারা যায়, তাকে সহযোগিতার চেষ্টা করা হবে।’