তমা গ্রুপের দুটি ট্যাক্সিক্যাব জব্দ করেছে শুল্ক গোয়েন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যিক শর্তে শুল্কমুক্ত সুবিধায় আমদানি করে ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে দুটি ট্যাক্সিক্যাব জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। গতকাল রোববার তমা গ্রুপের আমদানি করা টয়োটা হ্যারিয়ার মডেলের ট্যাক্সিক্যাব দুটি জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, আমদানিকারক তমা গ্রুপের হলুদ রঙের একটি টয়োটা হ্যারিয়ার মডেলের ট্যাক্সিক্যাব ব্যক্তিগতভাবে ব্যবহৃত হচ্ছে—এমন খবর পেয়ে গোপনে নজরদারি করা হয়। ট্যাক্সিটি রাস্তায় চললেও এর কোনো রেজিস্ট্রেশন নম্বর, কোনো ফোন নম্বর, ট্যাক্সি নম্বর বা আমদানিকারক প্রতিষ্ঠানের নাম লেখা ছিল না। মূলত বাণিজ্যিক উদ্দেশ্যে এনে গাড়িটি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছিল।
মইনুল ইসলাম বলেন, আমদানির কাগজপত্র তলব করে তমা গ্রুপকে নোটিশ পাঠালে কাগজপত্রসহ ট্যাক্সিটি শুল্ক গোয়েন্দায় নিয়ে আসেন তমা গ্রুপের কর্মকর্তারা। কিন্তু আনার আগেই ট্যাক্সিতে ফোন নম্বর, ট্যাক্সি নম্বর বসিয়ে নেন তাঁরা।
এদিকে টয়োটা হ্যারিয়ার মডেলের রেজিস্ট্রেশনবিহীন আরও একটি ট্যাক্সিক্যাব রাজধানীর বারিধারার অটো কার সিলেকশনের শোরুম থেকে জব্দ করা হয়।