তর সইল না, প্রাণটাই দিয়ে দিলেন!
সবেগে ধেয়ে আসছে ট্রেন। রেলগেটে বারও ফেলা হয়েছে। কিন্তু মোটরসাইকেল চালক রওশন জামিরের (৩৯) তর সইল না। তিনি বারের নিচ দিয়ে মোটরসাইকেল গলিয়ে দ্রুত রেল লাইন পার হতে গেলেন, আর তখনই ট্রেনটা এসে গেল। এক ধাক্কায় সব শেষ। আজ বুধবার সকালে রাজধানীর খিলক্ষেত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সোয়া নয়টার দিকে খিলক্ষেত রনরূপা রেলক্রসিংয়ের দুই প্রান্তে বার দুটি ফেলে রাখার পরও নিচ দিয়ে মোটরসাইকেল বের করে রেললাইন পার হচ্ছিলেন রওশন। এ সময় কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া রংপুর এক্সপ্রেসের ধাক্কায় দিলে তিনি গুরুতর আহত হন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন প্রথম আলোকে বলেন, রওশন জামির পেশায় শিক্ষক ছিলেন। খিলক্ষেত এলাকার একটি বাসায় স্ত্রী ও পাঁচ বছরের ছেলেকে নিয়ে থাকতেন তিনি। সকালে বাসা থেকে বের হওয়ার পর এই দুর্ঘটনায় প্রাণ হারান রওশন।