তর সয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতিরোধক পড়ে গেছে। থেমে আছে অনেক যানবাহন। কিন্তু এই ভ্যানচালকের আর তর সয় না। তিনি নিচ দিয়ে গাড়ি নিয়ে রওনা হয়ে গেলেন
গতিরোধক পড়ে গেছে। থেমে আছে অনেক যানবাহন। কিন্তু এই ভ্যানচালকের আর তর সয় না। তিনি নিচ দিয়ে গাড়ি নিয়ে রওনা হয়ে গেলেন

ঢাকায় রেলক্রসিংয়ে দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক। বেশির ভাগ ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে ঝুঁকি নিয়ে পারাপারের সময়। ট্রেন আসা-যাওয়ার সময় ক্রসিংয়ে প্রতিবন্ধক (সিগন্যাল বার) দেওয়া হলেও প্রায়ই দেখা যায় সাধারণ মানুষ তা মানছে না। তারা কখনো প্রতিবন্ধকের নিচ দিয়ে, কখনো উল্টো দিক দিয়ে আবার কখনো প্রতিবন্ধক তুলে দৌড়ে পার হন। মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা-ভ্যান বা লেগুনাও এভাবে পার হয়ে যায়।
সম্প্রতি খিলক্ষেতে রেলক্রসিংয়ে এমন এক দুর্ঘটনায় প্রাণ হারান এক ব্যক্তি। ট্রেন আসার কারণে রেলক্রসিংয়ে প্রতিবন্ধক দেওয়া হয়। কিন্তু তিনি সেই প্রতিবন্ধকের নিচ দিয়ে পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা যান।

ঝুঁকি নিয়ে তেজতুরীবাজার থেকে সাতরাস্তার দিকে যাচ্ছে শিক্ষার্থীরা
ঝুঁকি নিয়ে তেজতুরীবাজার থেকে সাতরাস্তার দিকে যাচ্ছে শিক্ষার্থীরা


রাজধানীর তেজগাঁও রেলক্রসিংয়ে গতকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা এই প্রতিনিধি দাঁড়িয়ে থাকেন। এ সময় মোট ১৩টি ট্রেন আসা-যাওয়া করেছে। প্রতিবারই ট্রেন আসার ৪-৫ মিনিট আগে গেটম্যান প্রতিবন্ধক ফেলে সংকেত (অ্যালার্ম) বাজান। কিন্তু অনেকেই এর তোয়াক্কা করেনি। ট্রেন কাছে আসার পরেও দৌড়ে ক্রসিং পার হতে দেখা গেছে অনেককে।
পর্যবেক্ষণের সময় সিগন্যাল বার উঁচিয়ে কিংবা বিপরীত পাশ দিয়ে আইন অমান্য করে মোট ২০৬টি রিকশা, ৭২টি মোটরসাইকেল, ৪১টি মাইক্রোবাস, ৫৯টি সাইকেল, ২৩টি লেগুনা, ২৬টি সিএনজিচালিত অটোরিকশাকে ঝুঁকি নিয়ে পার হতে দেখা যায়। এ সময় অসংখ্য মানুষও একইভাবে ক্রসিং পার হয়। পাঁচটি স্কুল ভ্যানকেও এভাবে ঝুঁকি নিয়ে পার হতে দেখা যায়।
মোটরসাইকেলচালক মো. আবদুল বাতেন, থাকেন মহাখালীতে। লোহার ভারী প্রতিবন্ধক উঁচিয়ে পার হন তিনি। এভাবে পার হওয়ার কারণ জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘এখানে থাকা গেটম্যানরা ট্রেন আসার অনেক আগেই সিগন্যাল বার নামিয়ে দেয়। দীর্ঘক্ষণ অপেক্ষার ফলে অনেক জ্যাম হয়। তাই সুযোগ পেলে ফাঁকফোকর দিয়েই চলে যাই।’

একজন খুঁটিটি তুলে ধরে, অন্যজন মোটরসাইকেলসহ এগিয়ে যান তার নিচ দিয়ে
একজন খুঁটিটি তুলে ধরে, অন্যজন মোটরসাইকেলসহ এগিয়ে যান তার নিচ দিয়ে


সিগন্যাল দেওয়ার পর আইন অমান্য করে বিপরীত পাশ দিয়ে অনেক লেগুনাকেই ক্রসিং পার হতে দেখা যায়। এমন একজন লেগুনাচালক মো. মজনু মিয়াকে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘গাড়িতে বসে থাকা যাত্রীরাই ওদিক দিয়া যাওয়ার জন্য চিল্লায়। অনেক দিন ধরেই তো এইভাবে যাইতাছি, কই কোনো দিন তো অ্যাক্সিডেন্ট হইল না।’
তিন ঘণ্টায় আইন অমান্য করে অনেক রিকশাকেই কখনো বার উঁচিয়ে, কখনো উল্টোপথে পার হতে দেখা যায়। লেভেল ক্রসিংয়ে রেললাইনের ওপর যাত্রীর আশায় দাঁড়িয়ে থাকে অনেক রিকশা। সেই সঙ্গে সবার আগে যাওয়ার জন্য উল্টোপথে সিগন্যাল বারের সামনে থেমে থাকে রিকশা, ভ্যান, মোটরসাইকেল, প্রাইভেট কার, লেগুনা, সিএনজি। ফলে প্রতিবন্ধক ছেড়ে দেওয়ার সঙ্গে প্রচুর জ্যামের সৃষ্টি হয়। সেই জ্যাম পরবর্তী সময়ে ট্রেন আসার সময় পর্যন্তও গড়িয়ে যায়। তখন বেশ তৎপর হতে দেখা যায় দায়িত্ব পালনরত গেটম্যানদের।

তেজগাঁও রেলগেট এলাকায় তেজতুরীবাজার থেকে সাতরাস্তার দিকে একটি অটোরিকশা যাচ্ছে। ওদিকে ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে গতিরোধক। ছবিটি গতকাল তোলা l জাহিদুল করিম
তেজগাঁও রেলগেট এলাকায় তেজতুরীবাজার থেকে সাতরাস্তার দিকে একটি অটোরিকশা যাচ্ছে। ওদিকে ওপর থেকে ফেলে দেওয়া হয়েছে গতিরোধক। ছবিটি গতকাল তোলা l জাহিদুল করিম


দায়িত্ব পালনরত গেটম্যান আবদুর রহিমের কাছে জিজ্ঞাসা করলে তিনি জনগণের অসচেতনতাকে দায়ী করেন। তিনি বলেন, ‘আমরা তো ঠিক সময়ে গেট বন্ধ করি, কিন্তু মানুষ বোঝে না। কে কার আগে যাইতে পারব হের লাগি পাড়াপাড়ি করে।
এই আইন অমান্যকারীদের কোনো শাস্তি আছে কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘১৯৮২ সাল থেইকা ৩৪ বছর ধইরা গেটম্যানের কাম করতাছি, কাউরে কোনোকালে শাস্তি দিতে দেহি নাই।’