বিঘ্নিত হবে মুঠোফোন সেবা: বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল টাওয়ার
ফাইল ছবি

দেশের শীর্ষ তিন মুঠোফোন অপারেটরের গ্রাহকেরা সেবা পেতে কিছুটা সমস্যার মুখে পড়তে পারেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, তরঙ্গ পুনর্বিন্যাসের কারণে এ সমস্যাটি হতে পারে।

বিটিআরসি বুধবার এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম ধাপে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত ১১টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ এপ্রিল রাত ১১টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত টেলিযোগাযোগ সেবা বিঘ্নিত হতে পারে।

বিটিআরসি নিলামের মাধ্যমে ৮ মার্চ গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংককে নতুন তরঙ্গ বরাদ্দ দেয়। বিটিআরসি জানায়, আগে বরাদ্দ করা তরঙ্গের সঙ্গে নতুন করে দেওয়া তরঙ্গ একত্রীকরণ করতে গিয়ে তরঙ্গ পুনর্বিন্যাস করা হয়েছে। এ কারণে সেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা আছে। এ জন্য সংস্থাটি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।