তরঙ্গ ফি ১৪ হাজার কোটি টাকা চার ভাগে ভাগ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মুঠোফোন পরিচালনার জন্য লাইসেন্স নবায়নের খসড়া এখন মন্ত্রণালয়ে। খসড়া অনুযায়ী ১৫ বছরের জন্য নবায়ন করা লাইসেন্স ফি ১০ কোটি টাকা। তবে অপারেটর প্রতি তরঙ্গ বা ফ্রিকোয়েন্সি বরাদ্দ হিসাবে চার অপারেটরকে ২৮ হাজার কোটি টাকা দিতে হবে বলে সুপারিশ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এ খসড়া নীতিমালা। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাঠানো ৬০ পৃষ্ঠার খসড়া নীতিমালার বরাত দিয়ে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মূলত গত ১৪ বছরের মুঠোফোন কোম্পানিগুলোর আরপিইউ (রেভিনিউ পার ইউজার) ও গ্রাহক হিসাব করে আগামী ১৫ বছরের তরঙ্গ বরাদ্দ ধরা হয়েছে ২৮ হাজার কোটি টাকা। এ ক্ষেত্রে যে অপারেটরের যেমন আয়, তাঁকে তেমন ফি দিতে হবে। তবে অপারেটরদের কাছ থেকে প্রথম দফায় অর্ধেক টাকা নেবে সরকার। অর্থাৎ ১৪ হাজার কোটি টাকা। বিটিআরসি খসড়া নীতিমালা অনুযায়ী আগামী ১৫ বছরে এভাবে বাকি ১৪ হাজার কোটি টাকা আয় করবে সরকার। প্রসঙ্গত, লাইসেন্স নবায়ন নিয়ে বিটিআরসির কমিটি নবায়ন ফি হিসাবে ৩৫০ কোটি টাকা নির্ধারণের সুপারিশ করেছিল। গত মঙ্গলবার রাতে কমিশনের নিজস্ব বৈঠকে সেটা বাতিল করে এভাবে নবায়ন ফি নির্ধারণের নতুন সুপারিশ করা হয়েছে। আগামী বছর নভেম্বরে গ্রামীণফোন, বাংলালিংক, রবি এবং সিটিসেলের ১৫ বছরের লাইসেন্সের মেয়াদ শেষ হবে।বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ প্রথম আলোকে বলেন, ‘গত ১৫ বছরের হিসাব থেকে আগামী ১৫ বছরের আয়ের একটি হিসাব প্রাক্কলন করে পাওয়া গেছে। সে হিসাবে একটি অপারেটর আগামী ১৫ বছরে যত টাকা আয় করবে, তার ১৫ শতাংশ সরকারকে দিতে হবে। যার অর্ধেকটা প্রথমেই অপারেটরের কাছ থেকে নেওয়া হবে। বাকি টাকা তাঁরা পর্যায়ক্রমে দেবেন। এই আয়ের সঙ্গে অপারেটর প্রতি তরঙ্গ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কেউ যদি তাদের বরাদ্দ থেকে তরঙ্গ ফেরত দিতে চায়, ফেরত দিতে পারবে, সে ক্ষেত্রে তাকে কম টাকা দিতে হবে। আর ইতিমধ্যে বরাদ্দে অতিরিক্ত তরঙ্গ নিতে চাইলে তাদের বাড়তি টাকা দিতে হবে। তিনি জানান, অপারেটররা প্রতি মাসে বিটিআরসিকে তাদের যেসব তথ্য দেয়, তার ওপর ভিত্তি করেই নবায়ন-সংশ্লিষ্ট এ অঙ্ক নির্ধারিত করা হবে। এ ছাড়া খসড়া নীতিমালায় ৯০০ ব্যান্ডে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম ৩০০ কোটি এবং ১৮০০ ব্যান্ডে প্রতি মেগাহার্টজ তরঙ্গের দাম ১৫০ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ বলেছেন, ‘এটা খসড়া। আমরা চার অপারেটরের সঙ্গে বসব। তাঁদের মতামত নেব। পরে বিষয়টি চূড়ান্ত করা হবে।’ জানা গেছে, লাইসেন্স নবায়নের নীতিমালা চূড়ান্ত করার আগে অর্থ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়েরও মতামত নেওয়া হবে।