মুঠোফোন অপারেটরদের লাইসেন্স নবায়ন নীতিমালায় প্রস্তাবিত তরঙ্গের ব্যবহারভিত্তিক ফির ব্যাপারে (ইউটিলাইজেশন ফ্যাক্টর-ইউটিএফ) ভিন্নমত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। ইউটিএফ রাখার পক্ষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। একই মত টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। ইউটিএফ না থাকলে সবাইকে আগের মতো থোক তরঙ্গ মাশুল দিতে হবে। যাদের গ্রাহক কম, ইউটিএফ হলে তাদের প্রদেয় শুল্ক থোক তরঙ্গ মাশুল থেকে কম পড়তে পারে। অন্যদিকে গ্রাহক সংখ্যা বেশি হলে প্রদেয় শুল্ক থোক তরঙ্গ মাশুলের চেয়ে বেড়ে যাবে।বিটিআরসি মনে করছে, প্রস্তাবিত ইউটিএফ বাতিল করলে বাজার অস্থিতিশীল হবে। এতে যেসব অপারেটরের বেশি গ্রাহক তারা লাভবান হবে। অন্যদিকে কম গ্রাহক নিয়ে অন্য অপারেটররা সংকটে পড়বে। বিটিআরসি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে একমত প্রকাশ করেছে বিভিন্ন মুঠোফোন অপারেটর। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, গত রোববার নীতমালা নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত একটি বৈঠক করেছেন। বৈঠকে অর্থ মন্ত্রণালয় ইউটিএফ ফি বাতিলের প্রস্তাব দিয়েছে। অপারেটরদের লাইসেন্স নবায়নের জন্য গত বছরের শেষের দিকে বিটিআরসি প্রথমে একটি খসড়া নীতিমালা তৈরি করে। এর বিভিন্ন বিষয় নিয়ে অপারেটরদের অসন্তোষের কারণে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আরেকটি খসড়া তৈরি করে অর্থ মন্ত্রণালয়ে দেয়। এই খসড়ায় তরঙ্গ ফি (স্পেকট্রাম অ্যাসাইনমেন্ট ফি) কমানোর কথা বলা হলেও ইউটিএফ বাতিলের সুপারিশ ছিল না। ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস এ নিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা ইউটিএফ রাখার পক্ষে। যদিও এটি আগে ছিল না, নতুন করে সংযুক্ত করা হয়েছে।’ সচিব জানান, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে কবে নাগাদ দেশের তিনটি জিএসএম ও একটি সিডিএমএ অপারেটরের লাইসেন্স নবায়ন করা সম্ভব হবে। চলতি বছর ১০ নভেম্বর দেশের তিনটি জিএসএম অপারেটর গ্রামীণ, রবি, বাংলালিংক ও একমাত্র সিডিএমএ অপারেটর সিটিসেলের লাইসেন্সের মেয়াদ শেষ হবে। বিটিআরসি সূত্র জানায়, ২০০৬ সালের জুলাই থেকে তরঙ্গ বরাদ্দের ওপর গ্রাহকসংখ্যার ভিত্তিতে বার্ষিক ফি নেওয়া হতো। পরে গ্রাহকসংখ্যা বাদ দিয়ে প্রতি মেগাহার্জের জন্য বর্গকিলোমিটার প্রতি এক মার্কিন ডলার করে ‘স্পেকট্রাম ট্যারিফ’ ইউনিট ধার্য করা হয়। এখন এর বদলে তরঙ্গ ব্যবহারের ওপর ভিত্তি করে নতুন ফি নির্ধারণের কথা ভাবছে কর্তৃপক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির এক কর্মকর্তা জানান, আগে এক ডলারের বিপরীতে ৬০ টাকা হিসাবে মাশুল নেওয়া হতো। এখন এটি চলমান ডলার রেটের সঙ্গে সমন্বয় করা হবে। বর্তমানে ডলারের বাজারমূল্য ৭২ টাকা। ফলে ইউটিএফের মাধ্যমে সরকারের আয় আরও বাড়বে। নরওয়ে-ভিত্তিক মুঠোফোন অপারেটর টেলিনরের ওয়েবসাইটে দেখা যায়, বাংলাদেশের মুঠোফোন বাজারে গত ৩১ মার্চ পর্যন্ত বাজারে গ্রামীণফোনের অংশ ৪৩ দশমিক ৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বাংলালিংকের অংশ ২৭ দশমিক ৬, রবির ১৮ দশমিক ২ শতাংশ, এয়ারটেলের ৬ দশমিক ৩ শতাংশ, সিটিসেলের ২ দশমিক ৪ শতাংশ ও টেলিটকের ১ দশমিক ৬ শতাংশ। বৈঠকের কাগজপত্রে দেখা যায়, ইউটিএফ কার্যকর হলে সর্বোচ্চ গ্রাহকের প্রতিষ্ঠান গ্রামীণফোনের বার্ষিক ফি পড়বে ৫৭ কোটি টাকার কাছাকাছি। অন্যদিকে সবচেয়ে কম গ্রাহকের প্রতিষ্ঠান সিটিসেলকে দিতে হবে সাড়ে আট কোটি টাকার কিছু বেশি। এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, ‘বাজারে যাতে কোনো রকমের বৈষম্য তৈরি না হয়, সে জন্য আমরা যথেষ্ট নিরীক্ষা করেই নীতিমালাটি তৈরি করেছি। ইউটিএফের দরকার আছে। কারণ বিটিআরসি টেলিযোগাযোগ খাতের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে চায়।’