তরতাজা গাছকে ফাঁপা দেখিয়ে নিলামে বিক্রি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তার পাশের তরতাজা শতবর্ষী একটি আমগাছকে ‘জীবন্ত তবে ফাঁপা’ দেখিয়ে অপসারণের জন্য দরপত্র আহ্বান করেছে ঠাকুরগাঁও জেলা পরিষদ। আর কার্যাদেশ পেয়ে গতকাল বুধবার গাছটি অর্ধেক কাটার পর স্থানীয় লোকজনের বাধার মুখে কাটা বন্ধ হয়ে যায়।
জানা গেছে, পীরগঞ্জ শহর, ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে ও হরিপুরের রাস্তা ও ডাকবাংলোর পাশের মোট ১৯টি আম, নিম,
বট ও শিমুলগাছ নিলামে বিক্রির জন্য গত ২৮ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে ওই আমগাছটিসহ পীরগঞ্জের পাঁচটি গাছ অপসারণের কার্যাদেশ পান আহমেদ হোসেন।
গতকাল আমগাছটি ঠিকাদারের লোকেরা কাটতে শুরু করেন। একপর্যায়ে ডালপালা কেটে ফেলেন। গোড়া উপড়ে ফেলার জন্য খুঁড়তে থাকলে স্থানীয় লোকজন বাধা দেন। এ সময় স্থানীয় লোকজন ও কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে এসে জেলা পরিষদের সংশ্লিষ্ট কার্যসহকারীর কাছে কার্যাদেশ দেখে জানতে পারেন, গাছটিকে কাগজেকলমে ‘ভেতরে ফাঁপা’ দেখানো হয়েছে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, ‘গাছটি জীবন্ত ও তরতাজা হলে আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখব।’