তরবারি চুরির ঘটনা তদন্তে কুঠিবাড়িতে তদন্ত দল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়িতে রক্ষিত দুটি লোহার তরবারি চুরির ঘটনায় গঠিত তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপসচিব গাজী ওয়ালিউল হককে প্রধান করে গঠিত পাঁচ সদস্যের তদন্ত দল শিলাইদহ কুঠিবাড়িতে পৌঁছায়। দেড় ঘণ্টা পরিদর্শন শেষে বিকেল পাঁচটার দিকে তাঁরা চলে যান।
পরিদর্শন শেষে তদন্ত দলের প্রধান গাজী ওয়ালিউল হক সাংবাদিকদের বলেন, ‘তদন্ত করার জন্য এসেছি। কাজ শুরু হয়েছে। তদন্তে কাউকে বাদ দেওয়া হবে না। যেকোনো উপায়ে হোক রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত তরবারি ফেরত চাই। তিন থেকে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।’
গাজী ওয়ালিউল হক প্রথম আলোকে বলেন, ‘এটার সঙ্গে শুধু প্রত্নতত্ত্ব না, বাংলাদেশের রাষ্ট্রের সম্মান নির্ভর করে। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কুষ্টিয়ার না, সারা বাংলাদেশের সম্পত্তি। তাঁর স্মৃতিবিজড়িত তরবারি উদ্ধার করা সবার উচিত। আমি আশাবাদী যে এটা উদ্ধার হবে।’
গত বুধবার এই তরবারি চুরির ঘটনা ঘটলেও আজ সন্ধ্যা পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় কুঠিবাড়ির কাস্টডিয়ান মখলেচুর রহমান কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই সঙ্গে তিনি বিষয়টি লিখিতভাবে ঢাকা প্রত্নতত্ত্ব অধিদপ্তরে অবহিত করেন। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপসচিব গাজী ওয়ালিউল হককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়।