তরমুজ ও ধানখেত নষ্ট হয়ে যাচ্ছে
পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে গত মার্চের শেষ দিকে দেশের উপকূলীয় অনেক এলাকায় লবণাক্ত পানি ঢুকেছে। এ কারণে বোরো ও তরমুজখেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ভোলায় দেড় হাজার একরের তরমুজখেত পচে গেছে। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চাষের জমিতে লবণাক্ত পানি ঢুকায় মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ভোলা: সদর উপজেলার ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে লবণাক্ত পানি উঠে ৭৪১ একরের তরমুজগাছ পচে গেছে। ভেলুমিয়ার চরগাজী চরে কৃষক আমির হোসেন ৪০ শতাংশ জমিতে তরমুজ চাষ করে মাত্র তিন হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। অথচ তাঁর খরচ হয়েছে ১৫ হাজার টাকা। এ ছাড়া সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের গণেশপুর, রামতনুর চর, মধুপুর ও কালুর চরের সহস্রাধিক কৃষকের ১২৪ একর জমির তরমুজের ক্ষতি হয়েছে।কৃষি বিভাগের তথ্যানুযায়ী, ভোলার সাত উপজেলায় প্রায় ১৬ হাজার একর জমিতে তরমুজের চাষ হয়েছে। এর মধ্যে সদর, চরফ্যাশন, তজুমুদ্দিন ও দৌলতখান উপজেলায় প্রায় দেড় হাজার একরে লবণাক্ত উঠে গাছ ও তরমুজ পচে গেছে। এতে প্রায় তিন হাজার কৃষকের ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে।সদর উপজেলার পাতা ভেদুরিয়া গ্রামের কৃষক ওলিউল্যাহ (৭৭) বলেন, ‘এই চরে সাতত্রিশ বছর আছি, জীবনে এরুম পানি দেহি নয়, আল্লায় বিষ্টি-টিষ্টি কিছু দ্যায় নয়, খুশিত আছিলাম, ভালা তরমুজও অইছিল। কিন্তুক নদীর পানি সব শ্যাষ কইর্যা দিছে।’ চর গণেশপুরের মো. ইউনুস (৬৩) জানান, বৈশাখের শেষ দিকে পূর্ণিমার জোয়ারে পানি ওঠে। কিন্তু চৈত্রে স্বাভাবিক জোয়ারের চেয়ে সাত-আট হাত বেশি পানি তিনি এবারই প্রথম দেখলেন।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফসার আলী খান বলেন, এ ধরনের লবণাক্ত পানির জোয়ার কৃষকদের জন্য হুমকি। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ভোলা বিরানভূমিতে পরিণত হবে। কৃষি বিভাগ সেভাবেই ওপরে চিঠি লিখেছে।পটুয়াখালী ও কলাপাড়া: কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের চাষের জমিতে লবণাক্ত পানি ঢুকে মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। উপকূলে অস্বাভাবিক জোয়ারের পানির চাপ এবং কালভার্ট নির্মাণ করে পানি ঢোকানোর কারণে কৃষিজমিতে লবণাক্ততার পরিমাণ বাড়ছে। সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের পশ্চিম শান্তিপুর, কুমড়াখালী, ইসলামপুর, পূর্ব চাকামইয়া, ছইলাবুনিয়া, পূর্ব শান্তিপুর, হোসনাবাদ ও গামুরবুনিয়া গ্রামের বিস্তীর্ণ এলাকায় লবণাক্ত পানি ঢুকে ফসলি জমি লাল হয়ে গেছে। এলাকাবাসীর অভিযোগ, ইউনিয়নের প্রভাবশালী জাহাঙ্গীর তালুকদার গং মাছ ধরার জন্য গত বছর কুমড়াখালী খালসংলগ্ন বাঁধ কেটে কালভার্ট তৈরি করেন। এখন তাঁর লোকজন কালভার্টের দরজা খুলে জাল পেতে মাছ ধরছেন। এতে লবণাক্ত পানি ভেতরে ঢুকে ফসলি খেত তলিয়ে যাচ্ছে। তবে জাহাঙ্গীর তালুকদার বলেন, ‘জমিজমায় আটকে থাকা পানি সরানোর জন্য আমি উদ্যোগী হয়ে কালভার্টটা ওইখানে করেছি, আমার নিজের সুবিধার জন্য নয়। এতে জনসাধারণের খুব একটা ক্ষতি হয় না।’চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান বলেন, ‘জনস্বার্থের কথা চিন্তা করে আমরা ইউনিয়ন পরিষদ থেকে খালে কালভার্ট নির্মাণ করতে বাধা দিয়েছিলাম। কিন্তু জাহাঙ্গীর তালুকদার আমাদের কথা শোনেননি।’ উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে, লবণাক্ততার কারণে চাকামইয়া ইউনিয়নের আটটি গ্রামের অন্তত ৭০০ হেক্টর কৃষিজমি উর্বরতা শক্তি হারিয়েছে। অসহনীয় মাত্রার লবণাক্ততার কারণে সিলিকন, জিপসাম (সালফার), ফসফরাস, জিংক, ম্যাগনেশিয়ামসহ মাটির ১৬টি উপকারী উপাদান নষ্ট হয়ে যায়। বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সবিনয় চন্দ্র পাইক বলেন, এলাকায় গিয়ে জমি পরীক্ষা করে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।