তরমুজ খেয়ে অসুস্থ সবাই এখন আশঙ্কামুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে তরমুজ খেয়ে অসুস্থ ১৮ জনের সবাই এখন আশঙ্কামুক্ত। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক উম্মে সুমা আরিফা জানান, ১৮ জনের মধ্যে ছয়জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিদের চিকিত্সা চলছে। তবে তাঁরা আশঙ্কামুক্ত।
এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে অনিক। অনিকের চাচা খোকন জানান, ‘অনিক এখন সুস্থ। সে বাড়ি ফিরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে।’
এদিকে তরমুজবিক্রেতা মফজেল হোসেনকে (৩৯) আটক করে থানা হাজতে পাঠানো হয়েছে।
তরমুজ খেয়ে অসুস্থ আসকার আলী প্রথম আলোকে জানান, ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করেন তিনি। গত শুক্রবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে তিনি কুমারখালী রেলগেট বাজার থেকে ২০০ টাকা দিয়ে বড় আকারের একটি তরমুজ কেনেন। গত শনিবার সকাল নয়টার দিকে তাঁর স্ত্রী ওই তরমুজ কেটে ছেলেমেয়েসহ বাড়ির অন্যদের দেন। বিকেলের দিকে কয়েকজনের পেট ও মাথাব্যথা দেখা দেয়। রাতের দিকে সবার বমি হতে থাকে। অবস্থা খারাপ দেখে গতকাল রোববার সকালে এলাকাবাসী তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান। তাঁর দাবি, তরমুজ খাওয়ার সময় অন্য রকম গন্ধ পাওয়া গিয়েছিল।
গতকালই মারা গেছে আসকারের মেয়ে স্মৃতি খাতুন (৯)। ছেলে অনিক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুত্ফর রহমান জানান, ‘এ ঘটনায় কুমারখালী থানায় মামলা করা হয়েছে।
এদিকে তরমুজ খেয়ে শিশু মৃত্যু ও ১৮ জনের অসুস্থ হওয়ার ঘটনা তদন্তে ঢাকার রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা ইনস্টিটিউটের সাতজনের একটি তদন্ত দল আজ কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামে এসেছে। তদন্ত দলের প্রধান ওলিউর রহমান বলেন, প্রাথমিক তদন্ত শেষ হয়েছে। তদন্তে যেসব তথ্য উপাত্ত পাওয়া গেছে তা ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে কারণ জানা যাবে।