তরমুজ খেয়ে এক পরিবারের নয়জন অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় তরমুজ খেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে একই পরিবারের নয়জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে আটজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অসুস্থ ব্যক্তিরা হলেন চামারখাই গ্রামের আদু মিয়া (৫০), তাঁর স্ত্রী লালজান বেগম (৪৫), ছেলে আবদুল বারেক (৩০), বারেকের স্ত্রী চায়না বেগম (২৫), ছেলে নীরব (৬), মেয়ে সুমাইয়া (২), আদু মিয়ার ছোট ভাই আনিস মিয়ার স্ত্রী সুলতানা (২৮), তাঁর দুই মেয়ে শান্তা (৬) ও সানজিদা (২)। তাঁদের মধ্যে বারেক ছাড়া সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে সদর উপজেলার বাংলাদেশ হাটের এক ব্যবসায়ীর কাছ থেকে তরমুজ কিনে বাড়ি যান আদু মিয়া। বেলা তিনটার দিকে পরিবারের সদস্যরা সেই তরমুজ খেয়ে একে একে অসুস্থ হয়ে পড়েন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মালেক খান বলেন, তরমুজ খেয়ে অসুস্থ ব্যক্তিরা আশঙ্কামুক্ত নন। তবে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সিভিল সার্জন শাহ আলম হাসপাতালে গিয়ে রোগীদের খোঁজখবর নিয়েছেন। এ সময় তিনি বলেন, ওই তরমুজে বিষাক্ত কোনো রাসায়নিক পদার্থ মেশানো হয়ে থাকতে পারে।