তরমুজ খেয়ে মৃত্যু: পরীক্ষায় রাসায়নিক মেলেনি

কুষ্টিয়ার কুমারখালীতে যে তরমুজ খেয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছিল, তাতে রাসায়নিক ছিল না। মানিকগঞ্জের সাটুরিয়ার তরমুজও ছিল রাসায়নিকমুক্ত। প্রকৃতপক্ষে ব্যাকটেরিয়ার সংক্রমণে মৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটেছিল।
আজ সোমবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) আনুষ্ঠানিকভাবে এ তথ্য দেয়। আইইডিসিআর মিলনায়তনে আয়োজিত অবহিতকরণ সভায় বলা হয়, মৃত্যু ও অসুস্থতার কারণ ব্যাকটেরিয়া।
আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান বলেন, কুষ্টিয়ার কুমারখালী ও মানিকগঞ্জের সাটুরিয়ায় যে তরমুজ থেকে মৃত্যু ও অসুস্থতার অভিযোগ ওঠে, সেগুলোর নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাতে ফরমালিন, অরগানো ফসফরাস কমপাউন্ড, কৃত্রিম রং এবং অরগানো ক্লোরিন কম্পাউন্ডস পাওয়া যায়নি।
তরমুজের নমুনা পরীক্ষা করা হয় জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের জাতীয় নিরাপদ খাদ্য গবেষণাগারে (ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি)।
এর আগে গত ১৯ এপ্রিল কুষ্টিয়ার কুমারখালীতে একটি বড় তরমুজ ৩০ জন মিলে খায়। এতে একজন মারা যায়, ২৪ জন হাসপাতালে ভর্তি হয় এবং অপর একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে মানিকগঞ্জের সাটুরিয়ায় যে ১১ জন তরমুজ খায়, তাদের নয়জনই অসুস্থ হয়ে পড়ে।
ঘটনার পরপরই আইইডিসিআর দল আক্রান্তদের শরীর থেকে সিরাম ও মলমূত্রের নমুনা সংগ্রহ করে। আক্রান্ত লোকজন যে তরমুজ খেয়েছিল সেটি ও তরমুজবিক্রেতার কাছ থেকে একই সময়ে বিক্রির জন্য রাখা তরমুজের নমুনা সংগ্রহ করে। পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিষ্ঠানটি জানায়, রোগীর মৃত্যু ও অসুস্থতার কারণ ব্যাকটেরিয়া।
আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান জনসাধারণকে ফল খাওয়ার আগে ভালো করে ধুয়ে খাওয়ার পরামর্শ দিয়েছেন। কেনার আগে ফলের কোথাও ফাটা বা ছিদ্র এবং দুর্গন্ধ আছে কি না, তা-ও ভালোভাবে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন। কুষ্টিয়া ও মানিকগঞ্জে যে তরমুজ খেয়ে শিশুমৃত্যু ও অসুস্থতার ঘটনা ঘটে, সেটিতে প্রচণ্ড দুর্গন্ধ ছিল বলে জানান তিনি।
আরও জানতে পড়ুন
কুষ্টিয়ায় তরমুজ খেয়ে শিশুর মৃত্যু, অসুস্থ ১৯