তরমুজ গাছের গোড়ায় পচন পোকার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলার বেশ কিছু খেতের তরমুজগাছের গোড়ায় পচন দেখা দিয়েছে। কোনো কোনো খেতে পোকার আক্রমণে গাছের বোঁটা থেকে ফল ঝরে পড়ছে। পোকা দমনে কীটনাশক ব্যবহার করে কৃষকেরা কোনো ফল পাচ্ছেন না। পাশাপাশি অনেক খেতে ফলের বৃদ্ধিও আশানুরূপ হচ্ছে না।রাঙ্গাবালীর পশুরবুনিয়া গ্রামের তরমুজচাষি মো. নূর উদ্দিন জানান, তাঁর খেতের তরমুজগাছে ফল ধরার পর পরই মাছিপোকার আক্রমণ দেখা দিয়েছে। কীটনাশক ব্যবহার করেও তিনি পোকা দমন করতে পারছেন না। এ পোকার আক্রমণে গাছের সব ফল বোঁটা থেকে খসে পড়ছে।গলাচিপার চরবিশ্বাস গ্রামের মো. মহিউদ্দিন জানান, তিনি এ বছর চার হেক্টর জমিতে তরমুজ চাষ করেছেন। তরমুজের চারায় যখন তিন-চারটি পাতা ছেড়েছে, তখন ‘যাবপোকা’ নামের একধরনের পোকা খেতের অনেক চারা নষ্ট করে ফেলে। এ পোকা চারা অবস্থায় গাছের কাণ্ড, পাতা এবং পরবর্তী সময়ে ফুল এবং ফলেও আক্রমণ করেছে। তিনি কীটনাশক দিয়েও পোকা দমন করতে পারছেন না। বাউরিয়া গ্রামের মো. আবদুল হাই জানান, তাঁর খেতের চারাগুলো যখন বড় হতে শুরু করে তখন গোড়া ফেটে চারাগুলো মরে যেতে থাকে। কৃষি বিভাগের পরামর্শ অনুসারে বিভিন্ন ছত্রাকনাশক ওষুধ ব্যবহার করেও পচন ঠেকাতে পারেননি। গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, চলতি মৌসুমে গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলায় প্রায় ছয় হাজার কৃষক ১০ হাজার ৮০০ হেক্টর জমিতে তরমুজ চাষ করেছেন। এ এলাকায় মানসম্পন্ন তরমুজের উৎপাদন ভালো হওয়ায় প্রতিবছরই তরমুজচাষির সংখ্যা বাড়ছে। চলতি মৌসুমে কীটনাশক ব্যবহার করেও তরমুজ খেতের পোকা দমন করতে না পারা প্রসঙ্গে তিনি বলেন, চাষিরা বেশির ভাগ ক্ষেত্রেই নিজেদের খেয়ালখুশিমতো কীটনাশক ব্যবহার করায় বিশেষ ধরনের কোনো পোকা দমন করা জটিল হয়ে পড়ে। পোকা দমনের জন্য খেতে আলোর ফাঁদ এবং সেক্স ফেরোমেন ফাঁদ ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তাঁরা।চারার গোড়া ফেটে পচে যাওয়ার ক্ষেত্রেও কৃষকদের দায়ী করেন কৃষি কর্মকর্তা। তিনি বলেন, ‘সার, কীটনাশক এবং ওষুধ কোম্পানিগুলোর বিক্রয় প্রতিনিধিদের খপ্পরে পড়ে এলাকার চাষিরা খেতে বেশি মাত্রায় ইউরিয়া সার এবং গাছ ও ফলের দ্রুত বৃদ্ধির জন্য দ্রুতবর্ধক রাসায়নিক ব্যবহার করছেন। এতে করে অল্প সময়ে দ্রুত গতিতে বেড়ে ওঠা চারার গোড়া ফেটে পচে যাওয়ার ঘটনা ঘটছে। পাশাপাশি ফলের বৃদ্ধিও কমে যাচ্ছে। এ অবস্থা থেকে রেহাই পেতে চাষিদের ওই সব রাসায়নিক এবং ইউরিয়া সারের ব্যবহার একদম বন্ধ করতে হবে। আমরা মাঠপর্যায়ে এমন পরামর্শই দিচ্ছি।’