তরমুজের ট্রাকে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী থেকে বরগুনার আমতলী উপজেলা পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কে আটটি স্থানে তরমুজবাহী ট্রাক থামিয়ে দুই হাজার ১২০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি), পুলিশ, পৌর টোল, ট্রাক শ্রমিক ইউনিয়নের নামে ও প্রভাবশালী সন্ত্রাসীরা ওই সব চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতিদিন কলাপাড়া ও আমতলী থেকে ৮০-৯০টি ট্রাক দেশের বিভিন্ন স্থানে তরমুজ নিয়ে যায়। সেই হিসাবে প্রতিদিন গড়ে এক লাখ ৮০ হাজার টাকা চাঁদা আদায় করা হচ্ছে। বেপরোয়া চাঁদাবাজির কারণে বিশাল ক্ষতির মুখে পড়েছেন তরমুজচাষি ও ব্যবসায়ীরা। এ ছাড়া, আমতলীর উত্তর অংশের কুকুয়া ও আঠারোগাছিয়া ইউনিয়নের তরমুজচাষি ও ব্যবসায়ীদের ট্রাকপ্রতি আড়াই থেকে তিন হাজার টাকা চাঁদা দিতে হচ্ছে বলে অভিযাগ রয়েছে।
চাষিদের দেওয়া তথ্য অনুযায়ী, কলাপাড়ার ধানখালী গ্রামের খেত থেকে ট্রাকে তোলার স্থানে (লোড পয়েন্ট) নিয়ে তরমুজ ট্রাকে তুলতে ২০০ টাকা চাঁদা দিতে হয়। এরপর কলাপাড়ার নোমোরহাট এলাকায় ধানখালী ও চম্পাপুর দুই ইউপির নামে দিতে হয় আরও ২০০ টাকা। আমতলীর চিলা স্থানে ৫০০ টাকা ও মুন্সিবাড়ী স্ট্যান্ডে দিতে হয় ৩০০ টাকা। খুড়িয়ার খেয়াঘাট বাজার এলাকায় মসজিদ উন্নয়ন বাবদ ২০০ টাকা, একই স্থানে ট্রাক আটকের জন্য প্রহরী বাবদ ২০ টাকা ও পুলিশের নামে ১০০ টাকা দিতে হয়। এরপর আমতলী পৌর এলাকায় টোল বাবদ ১০০ টাকা, ট্রাক শ্রমিক ইউনিয়নের চাঁদা বাবদ দিতে হয় ৫০০ টাকা। এভাবে আটটি স্থানে ট্রাকপ্রতি দুই হাজার ১২০ টাকা চাঁদা তোলা হচ্ছে।
যোগাযোগ করা হলে কলাপাড়ার চম্পাপুর ইউপির চেয়ারম্যান রিন্টু তালুকদার বলেন, ‘পরিষদের নামে চাঁদা তোলার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখব।’
সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, এ মৌসুমে আমতলী ও কলাপাড়া থেকে প্রতিদিন ৮০-৯০টি তরমুজবাহী ট্রাক কুয়াকাটা-আমতলী মহাসড়ক দিয়ে ঢাকা, বরিশাল, বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে যায়।
আমতলীর হলদিয়া ইউনিয়নের তরমুজচাষি মিজান মিয়া জানান, তিনি এ বছর দুই একর জমিতে তরমুজ চাষ করেন। চাঁদাবাজির কারণে বাইরের ব্যবসায়ীরা না আসায় তিনি তরমুজ আটটি ট্রাকে করে বগুড়ায় নিয়ে বিক্রি করেছেন। এ জন্য তাঁর ট্রাক ভাড়া ছাড়াও প্রায় ২৪ হাজার টাকা অতিরিক্ত ব্যয় হয়েছে।
একই এলাকার কৃষক আনিছুর রহমান জানান, ঢাকা ও বগুড়ার ট্রাক ভাড়া ৩০-৩৪ হাজার টাকা। এরপর ঘাটে ঘাটে চাঁদা দিয়ে মোকামে পৌঁছাতে পৌঁছাতে খরচ পড়ে প্রায় ৪০ হাজার টাকা। এ কারণে লাভের মুখ দেখা খুব দুরূহ হয়ে পড়েছে।
আঠারোগাছিয়া এলাকার চাষি আবদুল কুদ্দুস, আয়নাল হক জানালেন, স্থানীয় প্রভাবশালীরা তাঁদের নিযুক্ত মাস্তান দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে এসব চাঁদা আদায় করছেন।
খুলনা থেকে আমতলীতে তরমুজ নিতে আসা ট্রাকচালক হেলাল উদ্দীন জানান, এই এলাকায় তরমুজ নিতে এসে যেভাবে চাঁদা দিতে হয়, তাতে চাষি ও ব্যবসায়ী উভয়ই মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
যোগাযোগ করা হলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জানান, ‘আমার কাছেও চাঁদাবাজির বেশ কিছু অভিযোগ এসেছে। আমি ওই সব এলাকায় গিয়ে চাষিদের চাঁদা না দিতে অনুরোধ করেছি। আমরা অচিরেই ওই সব এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালাব।’ পুলিশের নামে চাঁদা আদায় প্রসঙ্গে ওসি বলেন, ‘এর সঙ্গে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।’
বরগুনার পুলিশ সুপার শ্যামল কুমার নাথ বলেন, অভিযোগ পেলে কঠোর হস্তে দমন করা হবে।